‘ধাওয়া-ভাঙচুরে’ বরণ হলো নবীনরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের দ্বিতীয় তলায় চলছিল নবীনদের পরিচিতিমূলক ক্লাস। আর তাদের দলে টানা না-টানা নিয়ে নিচতলায় চলছিল উপাধ্যক্ষ ও উপপরিচালক পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন নবীনেরা।চিকিত্সক ও কর্মকর্তারা বলেন, আজ বেলা একটার দিকে কলেজ ভবনের দ্বিতীয় তলায় শুরু হয় এমবিবিএস কোর্সের ৪০তম ব্যাচের পরিচিতিমূলক ক্লাস। তাঁদের বরণ করে নিতে কলেজের নিচতলায় অবস্থান নেন উপাধ্যক্ষ সামিউল হক ও উপপরিচালক আবুল হাশেম খানের নেতৃত্বাধীন ছাত্রলীগের দুই পক্ষ। তখন আধিপত্য বিস্তার করে নবীনদের নিজেদের দলে টানা না-টানা নিয়ে শুরু হয় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে মারামারির ঘটনা না ঘটলেও উভয় পক্ষ পৃথক মিছিল করে। মিছিল শেষে তারা প্রধান হলো ও আলাউদ্দিন হোস্টেলে অবস্থান নেয়। এক পক্ষ আলাউদ্দিন হোস্টেলের প্রধান ফটক বন্ধ করে ভাঙচুর চালায়। পুলিশ আবারও গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুটি হল থেকে পঞ্চাশটিরও বেশি লাঠি ও রড উদ্ধার করে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুরো কলেজ ও হাসপাতালজুড়ে চিকিত্সকের এ দুটি পক্ষই সক্রিয়। আর ছাত্র পর্যায়ে এই দুই পক্ষের নেতৃত্বে আছেন শোয়েব ও আরিফ নামের কলেজ শাখা ছাত্রলীগের নেতা।যোগাযোগ করা হলে আবুল হাশেম খান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি কলেজে ছিলাম না। তাই এ ব্যাপারে আমি কিছু জানি না। কিন্তু একটু পর তিনি বলেন, এটা ছাত্রদের ব্যাপার। চিকিত্সকদের কোনো বিষয় নয়।’অন্যদিকে সামিউল হক বলেন, এটি চিকিত্সক বা ছাত্রলীগের মধ্যকার কোনো ঘটনা নয়। বরণ করতে আগে-পরে যাওয়াকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র ছাত্রদের মধ্যে এ ঘটনা ঘটেছে।কলেজের অধ্যক্ষ এম এ আজহার বলেন, ‘ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে মনে হয়। তবে কেউ আমার কাছে কোনো অভিযোগ করেনি। উত্তেজনার কথা শুনলেও ভাঙচুরের কোনো তথ্য আমার কাছে নেই।’এদিকে শোয়েবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। অন্যদিকে আরিফের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।