আট ম্যাচের আটটিতেই হার। প্রিমিয়ার লিগটা এমনিতেই সূর্যতরুণের জন্য দুঃখের। কিন্তু পরশু এক সড়ক দুর্ঘটনার জেরে ঐতিহ্যবাহী এই ক্লাবটির প্রথম বিভাগে নেমে যাওয়া মেনে নিতে পারছে না কেউই। ক্লাবের ক্রিকেট সেক্রেটারি তানজীব আহসান সাদ তো অভিযোগই করলেন, অন্যায়ভাবে প্রথম বিভাগে নামিয়ে দেওয়া হলো তাঁদের প্রথম বিভাগে নেমে গেল সূর্যতরুণ। নিশ্চয়ই খুব দুঃখের একটা ঘটনা আপনাদের জন্য...তানজীব আহসান সাদ: কী বলব...দুঃখের তো অবশ্যই। সবাই ফোন করে খোঁজ নিচ্ছে। সমবেদনা জানাচ্ছে। আসলে কেউই মেনে নিতে পারছে না ব্যাপারটা। লিগে সূর্যতরুণের পারফরম্যান্স খুব ভালো ছিল না। তার পরও এভাবে অবনমন কি বেশি দুঃখজনক লাগছে?সাদ: আমরা হয়তো এমনিতেই নেমে যেতাম প্রথম বিভাগে। আমিও মানি। তাই বলে এভাবে কেন? আমরা যদি খেলে নামতাম, দুঃখ ছিল না। এখন তো অন্যায়ভাবে প্রথম বিভাগে নামানো হলো আমাদের! আপনারা সড়ক দুর্ঘটনা আর যানজটের কথা বললেও সিসিডিএমের চেয়ারম্যান বলছেন সূর্যতরুণ নাকি ম্যাচের দিন বিকেএসপির উদ্দেশে রওনাই হয়েছিল দেরি করে। কী বলবেন?সাদ: দেখেন, আমি তো জানি না কখন দুর্ঘটনা ঘটবে, জ্যাম লাগবে। দল নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে পৌঁছানোটাই হলো কথা। কিন্তু সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডি থেকে রওনা দিয়েও যানজটের কারণে আমরা সময়মতো পৌঁছাতে পারিনি। বলা হচ্ছে, কলাবাগান সময়মতো পৌঁছেছে। এখন দুর্ঘটনা তো এক-দুই মিনিটের ব্যবধানেও হতে পারে এবং তাতে যেকোনো দলই পথে আটকে যেতে পারে। খেলা যখন হলো না, ভাবতে পেরেছিলেন এত কঠিন একটা সিদ্ধান্ত হতে পারে?সাদ: এ রকমটা কল্পনাও করিনি। এমনকি ম্যাচ রেফারিও কিন্তু মাঠে ওয়াকওভারের সিদ্ধান্ত দেননি। তিনিও মনে করেছিলেন, এ ধরনের পরিস্থিতিতে আমরা আরেকটা সুযোগ পেতে পারি। সে জন্যই বিষয়টা সিসিডিএমের ওপর ছেড়ে দেন। আমাদেরও ধারণা ছিল, ম্যাচটা আবার হবে। আপনাদের কী মনে হয়, কেন এত কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো?সাদ: সিসিডিএম চেয়ারম্যান শুরুতে আমাদের আরেকটা সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু কলাবাগান খেলতে রাজি হয়নি। পরে সিসিডিএমের লোকজন দরজা বন্ধ করে সভা করেন। সেখানে দুই বোর্ড পরিচালক দেওয়ান শফিউল আরেফিন ও মাহমুদ জামাল ছিলেন। ওই সভার পর সিসিডিএম চেয়ারম্যান পুরো উল্টে যান। আসলে কলাবাগান আর সূর্যতরুণের মধ্যে রেলিগেশন লড়াই চলছে। ওরা এক ম্যাচ জিতেছে, আমরা এক ম্যাচও জিতিনি। কলাবাগানের ভয় ছিল, খেলা হলে যদি সূর্যতরুণ কলাবাগানকে হারিয়ে দেয়! সিসিডিএম তার পরও আমাদের বলেছিল কলাবাগানের সঙ্গে নেগোসিয়েশন করতে। কিন্তু আমরা কেন নেগোসিয়েশন করব? এটা তো সিসিডিএম দেখবে! প্রথম বিভাগে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কি আপিল করবেন আপনারা?সাদ: আমরা এরই মধ্যে বোর্ড সভাপতি বরাবর বিষয়টা পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়ে চিঠি দিয়েছি। চিঠিতে বলা হয়েছে, যেটা ঘটেছে, তাতে আমাদের কোনো হাত নেই। বাইলজের ১২-এর ২ ধারায় বিষয়টা বিবেচনা করতে পারত সিসিডিএম। কিন্তু তারা সেটা না করে সূর্যতরুণকে অযৌক্তিকভাবে প্রথম বিভাগে নামিয়ে দিয়েছে। চিঠির সঙ্গে পত্রিকায় ছাপা হওয়া দুর্ঘটনা সংক্রান্ত খবরের ফটোকপিও দেওয়া হয়েছে। ওই দুর্ঘটনায় রাস্তা দুই ঘণ্টা বন্ধ ছিল।