অনেক দেরিতে হলেও ক্রীড়া উন্নয়নের পথ খুঁজলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া ফেডারেশনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কাল তাঁর মতবিনিময় সভাটা তাই বেশ তাৎপর্যপূর্ণ। তবে অতীতে এমন অনেক সভা হলেও ধারাবাহিকতা থাকেনি। ৩৫ বছরের সংগঠক জীবনে তা দেখে আসার অভিজ্ঞতা জানাচ্ছেন ভলিবল সংগঠক মনিরুল হক আপনি তো আজ (কাল) সারা দিনই ক্রীড়ামন্ত্রীর ডাকা মতবিনিময় সভায় ছিলেন। দিন শেষে আপনার পর্যবেক্ষণ কী?মনিরুল হক: এ ধরনের মতবিনিময় বহু হয়েছে, আমি নিজেও ছিলাম। আজও দিনভর জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে কাটিয়েছি। আমার একটা জিনিসই মনে হয়েছে, এই সভার ধারাবাহিকতা না থাকলে আলোচনাই সার। তার মানে ধারাবাহিকতা থাকে না বলছেন?মনিরুল হক: অতীত অভিজ্ঞতা তো তাই বলে। আমরা খোকা ভাই, কাদের সাহেব, পটল সাহেবের আমলে এই ধরনের মতবিনিময় দেখেছি। কিন্তু এই আলোচনার ভিত্তিতে বাস্তবভিত্তিক কার্যক্রম নেওয়া হয়েছে বলে শুনিনি। তাই বলছি, আলোচনা অনুযায়ী কাজ করতে হবে। আগের ক্রীড়ামন্ত্রীদের মতবিনিময়ের কথা বললেন। তখনকার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল?মনিরুল হক: সব আমলেই একই অভিজ্ঞতা। যে কারণে আজ মনে হলো, আমরা ৩০ বছর আগে যেখানে ছিলাম, সেখান থেকেই শুরু করছি। ৩০ বছর আগে যদি মতবিনিময় সভার আলোকে বাস্তবভিত্তিক ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজ আমরা ক্রীড়াক্ষেত্রে একটু হলেও এগোতাম। কিন্তু এটি হয় না কেন, সমস্যাটা কোথায়?মনিরুল হক: শুধু ক্রীড়াঙ্গনে নয়, সব সেক্টরেই একই অবস্থা। কথা বেশি, কাজ কম। আমি মনে করি, সরকার আর ফেডারেশন বসে আলোচনা করলে হবে না। খেলোয়াড়, দর্শক, মিডিয়া, সবার অংশগ্রহণ না থাকলে কিছুই হবে না। তাই সবার মতামত নেওয়া উচিত। তার পরও অনেকে বলছেন, শুরু তো হলো। এটাকে আপনি কীভাবে দেখছেন?মনিরুল হক: হ্যাঁ, শুরু হওয়া তো অবশ্যই ভালো। মুশকিলটা হচ্ছে, এখানে যাঁরা অংশ নিয়েছেন ফেডারেশনের পক্ষ থেকে, তাঁরা কিন্তু জানেন না সরকার তাঁদের চাহিদা বা প্রত্যাশা কতটা পূরণ করবে। তাই আমি বলব, তিন বা ছয় মাস পর পর হলেও আবার সবাই বসে অগ্রগতি নিয়ে আলোচনা করা উচিত। ক্রীড়ানীতি তৈরি করার ওপর জোর দিয়ে বক্তব্য রাখলেন ক্রীড়াসচিব। এত দিন পরও যে কোনো ক্রীড়ানীতি হলো না, এটা কেমন কথা... মনিরুল হক: ক্রীড়াসচিবের বক্তব্যকে অভিনন্দন জানাই। কিন্তু আমাদের দেশে সমস্যাটা অন্য, এনএসসি এই ধরনের অনুষ্ঠান করে লম্বা ঘুম দেয়। আগের মতবিনিময় অনুষ্ঠানগুলোর ফলোআপের ভিত্তিতে অন্তত ২০ শতাংশ কাজ হলেও আমরা অনেক এগিয়ে যেতাম। অনেকে অবকাঠামো উন্নয়নের দাবি তুলেছেন। এর সঙ্গে দ্বিমত করার কিছু নেই। কিন্তু অবকাঠামোই কি সব সমস্যার সমাধান?মনিরুল হক: অবকাঠামো মূল ব্যাপার নয়। সাইক্লিং যেমন চেয়েছে ভেলোড্রাম। ভেলোড্রামে খেলার মতো সক্ষমতা আছে কি না সেটি দেখার বিষয়। আমি ভেলোড্রাম না দেওয়ার পক্ষে নই, কথা হচ্ছে আমাদের নিজেদেরও সেভাবে গড়ে তুলতে হবে। আপনি তো অলিম্পিক অ্যাসোসিয়েশনে ছিলেন অনেক দিন। অলিম্পিকের ভূমিকাটা এখানে কী?মনিরুল হক: অলিম্পিকের বিশাল ভূমিকা। তবে দেখুন, আজকের মতবিনিময়ে অলিম্পিকের কেউ ছিল না। আমি মনে করি, অবশ্যই থাকা উচিত ছিল। আপনার দীর্ঘ সংগঠক জীবনে সব মিলিয়ে ক্রীড়া উন্নয়ন প্রশ্নে অভিজ্ঞতা কেমন?মনিরুল হক: আমরা ধৈর্য ধরি না। রাতারাতি সব পেতে চাই। আরও ভালো সংগঠক চাই। অনেকে বলেছে স্পনসর নেই। আরে, স্পনসর তো এমনিতেই আসবে না। স্পনসর আকৃষ্ট করার জন্য চেষ্টা কই! ক্রিকেট দেখুন, নিজেদের সাংগঠনিক যোগ্যতা দিয়ে কোথায় চলে গেল!