‘ধীরে চলো’ নীতিতে এগোচ্ছে উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর দুই প্রান্তে দুটি টেস্ট ম্যাচ কাল ভিন্ন দুই ঘরানার ব্যাটিং দেখল। অ্যাডিলেডে অতিমানবীয় হয়ে ওঠা মাইকেল ক্লার্কের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৮৬.৫ ওভারে তুলে ফেলল ৪৮২ রান! আর খুলনায় ৮৭.১ ওভারে রান উঠল ২৬৩। অত দূর অ্যাডিলেডে যাওয়ার কী দরকার! খুলনার প্রথম দুই দিনেও তো এমন বৈপরীত্যের গল্প আছে। গত পরশু মাহমুদউল্লাহ-হাসান জুটিতে ৩০ ওভারে এসেছিল ১৭২ রান। কাল ব্রাভো-স্যামুয়েলস জুটিতে ১৯৮ রান এল ৬৯.২ ওভারে।আবুল হাসানের ইনিংসটির মাহাত্ম্য কি আরও বেড়ে যাচ্ছে তাতে! এই উইকেটে বোলারদের জন্য যেমন কিছু নেই, ব্যাটসম্যানদের যথেচ্ছ স্ট্রোক খেলাটাও খুব সহজ ব্যাপার নয়। সেখানে হাসানের ওই ঝোড়ো সেঞ্চুরি! আশ্চর্য কী, তামিম ইকবালের মনে হচ্ছে, হাসান এমন কিছু শট খেলেছেন, যা খেলে তিনিও গর্ব বোধ করতেন।ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে বেরিয়ে গেছেন। রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তামিম জানালেন, ‘হাঁটুটা একটু ফুলেছে। কাল সকালে বোঝা যাবে।’ তবে কথার সুর শুনে মনে হলো না, ম্যাচ থেকে ছিটকে পড়ার কোনো ভয় আছে। নইলে কি আর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাণ্ড নিয়ে কথা বলার মুড থাকে! ‘মাইকেল ক্লার্ক এটা কী করল! এক দিনেই ২২৪’—তামিমের কণ্ঠে বিস্ময়।৫ নম্বরে নেমেও ক্লার্ক একাই ২২৪। আর এখানে সারা দিনে ২৬৩। ড্যারেন স্যামির কথা শুনে মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের ‘ধীরে চলো’ নীতি আজও অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে আসার পথে এক সাংবাদিক বললেন, সকালে আধঘণ্টা খানেক মাঠে থাকার পর সারা দিন ভালোই তো বিশ্রাম নিলেন। স্যামি হাসিটা আরও বড় করে বললেন, ‘কাল সারা দিনও বিশ্রামেই থাকব।’মানেটা পরিষ্কার, ওয়েস্ট ইন্ডিজ আজ সারা দিন ব্যাটিং করতে চায় এবং স্যামির আশা, সে জন্য তাঁকে নামতেও হবে না। সেই আশা পূর্ণ হবে কি না, কে জানে। তবে রণপরিকল্পনাটা এমন হওয়াটাই স্বাভাবিক। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া টিনো বেস্ট এই ম্যাচে আর বোলিং করতে পারলে সেটি হবে অষ্টম আশ্চর্য। ওয়েস্ট ইন্ডিজ তাই প্রথম ইনিংসে বড় একটা লিড নিতে চাইবেই। বাংলাদেশের ৩৮৭ রান সেই কাজটাকে খুব সহজ রাখেনি। ওয়েস্ট ইন্ডিজ তো এখনো ১৪৬ রান পেছনে। শেষ ইনিংসে তাদেরই ব্যাটিং করতে হবে—এটাও স্যামির মাথায় না থেকে পারেই না।গতির তোড়ে ব্যাটসম্যানকে উড়িয়ে দিতে পারেন, এমন বোলার হলে ভিন্ন কথা। নইলে এই উইকেটে ব্যাটসম্যান ভুল না করলে উইকেট পাওয়া কঠিন। ব্যাটসম্যানের চেয়ে বোলারকেই এখানে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়। করণীয় এখানে একটাই, লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করে চাপ তৈরি করে ব্যাটসম্যানের ভুলের অপেক্ষা করা। সেই কাজটা অবশ্য বাংলাদেশের বোলাররা কাল ভালোই করলেন।সবচেয়ে বেশি বোলিং করলেন সাকিব আল হাসান এবং সবচেয়ে ভালো বোলিংও। ঢাকা টেস্টে সাকিবের বোলিংয়ে টি-টোয়েন্টির ছায়া ছিল পরিষ্কার। সেটি অস্বাভাবিকও নয়। বাংলাদেশের দুই টেস্টের মাঝখানে সাকিব টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩১টি। শুধুই রান আটকানোর সেই বোলিং থেকে উইকেট নেওয়ার বোলিংয়ে প্রত্যাবর্তন খুব সহজ কাজ নয়। কালকের সাকিবকে দেখে মনে হলো, কঠিন কাজটা তিনি করতে পেরেছেন। স্যামুয়েলসকে অনেক ভোগালেন। বেশ কয়েকবার এলবিডব্লুর আবেদনও হলো, যার মধ্যে একটিতে বোধ হয় আম্পায়ারের আঙুল তুলে দেওয়াই উচিত ছিল।উল্টো স্যামুয়েলসের সেঞ্চুরি উদ্যাপন দেখতে হলো সাকিবকে। ‘উদ্যাপন’ বলতে যেমন একটা ছবি চোখে ভেসে ওঠে, তা অবশ্য নয়। এই জ্যামাইকানের ব্যাটিংয়ে একটা অলস সৌন্দর্য আছে। উদ্যাপনটাও হলো তাঁর সঙ্গে মানানসই। যেন স্লো মোশনে ব্যাট তুললেন, আস্তে আস্তে খুললেন হেলমেটটা, গলায় জড়ানো স্কার্ফটা বের করে চুমু খেলেন। পুরোটাই এমন নিরুত্তাপ ভঙ্গিতে যে জানা না থাকলে এটিকে সেঞ্চুরির উদ্যাপন বলে বোঝা কঠিনই ছিল। ব্রাভো-স্যামুয়েলসের জুটিটা জমে যাওয়ার আগে বাংলাদেশ মাঠে খুব চনমনেই ছিল। প্রথম ইনিংসটা চার শ পেরোনোর লক্ষ্য অধরাই থেকে গেছে। মাহমুদউল্লাহর সেঞ্চুরিটাও হয়নি। এটি হলো না ২৪ রানের জন্য। ১১ রানের জন্য নবম উইকেট জুটিতে বিশ্ব রেকর্ডটা। সে জন্য হতাশা-টতাশা যদি কিছু থেকে থাকে, ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শুরুতেই সেটি উধাও। ক্রিস গেইল ‘গেইল’ হয়ে ওঠার আগেই তাঁকে ফিরিয়ে দিলেন সোহাগ গাজী। তিন ইনিংসে দ্বিতীয়বারের মতো। গেইলের একটা ভালো ওষুধই পাওয়া গেছে। কাইরান পাওয়েল গেছেন এরও আগে। ওয়েস্ট ইন্ডিজ শর্ট বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের বিস্তর ভুগিয়েছে। ইটের বদলে পাটকেল না হোক, পাওয়েলের পিঠে বাউন্সার লাগিয়ে ইটের বদলে ছোট একটা পাথর অন্তত ছুড়েছেন রুবেল। পাওয়েলের উইকেটটিতেও ভূমিকা আছে ওই বাউন্সারের। প্রত্যক্ষ ভূমিকা, বাউন্সারে পুল করতে গিয়েই মিড উইকেটে ক্যাচ। পরোক্ষ ভূমিকা, তিন বল আগে বাউন্সারের ওই ছোবল।আবুল হাসানের বীরত্বে প্রথম দিনটি বাংলাদেশের হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনটি অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের। তৃতীয় দিনটি কি আবার বাংলাদেশের? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে খুলনার অভিষেক টেস্টের ভবিষ্যৎ।দ্বিতীয় দিন শেষেবাংলাদেশ ১ম ইনিংস: ৩৮৭ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪১/২