‘ধোনিদের উচিত ঘুমের ওষুধ খাওয়া’
পাকিস্তানের সঙ্গে সেমিফাইনাল ম্যাচের আগে স্নায়ু ঠিক রাখার জন্য ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ পেল ভারতীয় দল। যেনতেন কেউ এই পরামর্শ দেননি, দিয়েছেন বিশ্বকাপজয়ী পাকিস্তানি অধিনায়ক ইমরান খান।‘ফেবারিটরা সব সময় বিশ্বকাপ জেতে না’ বলে সতর্ক করলেও ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার মনে করছেন, ভারতের দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার এটাই সেরা সুযোগ। ইমরানের বিশ্বাস, ভারত-পাকিস্তান মহারণে শহীদ আফ্রিদিই হতে পারেন এক্স-ফ্যাক্টর। গত শনিবার কলকাতায় এসে ইমরান ভারত-পাকিস্তান দ্বৈরথকে বিশ্লেষণ করেছেন এভাবে উত্তেজনার তুঙ্গে ওঠা বুধবারের মহারণের আবহইমরান খান: আমার মনে আছে, একবার এক টেস্ট ম্যাচ চলাকালে দুই দেশেরই প্রায় সবকিছুই অচল হয়ে পড়েছিল। ১৯৮৭ সালে বেঙ্গালুরুর ওই ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। আগের চারটি টেস্টই ড্র হওয়ায় ওই টেস্টটা হয়ে যায় সিরিজ নির্ধারক। আমার মনে হয়, আপনি যদি সেই পরিস্থিতিকে পাঁচ দিয়ে গুণ করেন, তবেই বুঝতে পারবেন বুধবার কী হতে যাচ্ছে। লড়াইটা সমান সমানই হবে, কারণ এই উত্তুঙ্গ চাপের ম্যাচে সবকিছুই সমান হয়ে যায়। চাপের মুখে অনেক বড় বড় খেলোয়াড় সাধারণ হয়ে যায়। আবার দেখা যায়, অনেক সাধারণ খেলোয়ার চাপ সামলে দারুণ কিছু করে বিখ্যাত হয়ে যায়। মোহালিতে শিশিরের ভূমিকাইমরান: আমি জানি না শিশির-তত্ত্বটা ঠিক কেমন হবে। এটা অনেক বড় ব্যবধান গড়ে দিতে পারে। তাই টসটা খুবই গুরুত্বপূর্ণ। মোহালিতে যাওয়ার আগে আফ্রিদি আমার সঙ্গে কথা বলেছে, ও জানিয়েছে শিশিরের প্রভাবটা তার জানা আছে। এ ছাড়া আমার মনে হয় ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ হবে। অবশ্যই আমি চাই পাকিস্তান জিতুক। কিন্তু ভারতের কখনো বিশ্বকাপ জেতার সুযোগ এসে থাকলে সেটা এবারই। তাদের এটাই সুবর্ণ সুযোগ। ফেবারিটরা যেমন সব সময় বিশ্বকাপ জেতে না, তেমনি স্বাগতিকেরাও কিন্তু জেতে না। তবে সবকিছুরই একটা প্রথম আছে। পাকিস্তান দলের ‘এক্স’ ফ্যাক্টরইমরান: পাকিস্তানের এক্স-ফ্যাক্টরটা বিস্ময় হয়ে আসতে পারে। এটা হতে পারে আফ্রিদি। এখন পর্যন্ত ব্যাট হাতে ভালো না করলেও সে যদি দশটি ভালো ওভার কাটাতে পারে, তবে যেকোনো কিছুই হয়ে যেতে পারে। পাকিস্তান তো সব সময়ই অননুমেয়। বুধবারের ফলটা যেকোনো পক্ষেই যেতে পারে। এটা নির্ভর করছে কোন দলটা ম্যাচ জিততে বেশি আগ্রাসী হবে, তার ওপর।মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের অনুপস্থিতিই আমাকে বেশি ভাবাচ্ছে। তাদের ঠিক শাস্তিই দেওয়া হয়েছে। তবে ওই দুজনকে পাওয়া গেলে ভারতের বদলে পাকিস্তানই ফেবারিট থাকত। আফ্রিদি ও ধোনি—অধিনায়ক হিসেবে কে এগিয়েইমরান: অবশ্যই ধোনি। টেস্ট অধিনায়কত্ব ছেড়ে আফ্রিদি ভুল করেছে। ধোনি তো সব ধরনের ক্রিকেটেই সফল। টেকনিক ও টেম্পারামেন্ট টেস্ট খেলেই আসে। আফ্রিদি ঠিক এই জায়গাতেই পিছিয়ে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের খারাপ রেকর্ডইমরান: একটা প্রবাদ আছে, ‘আপনি নদীটা শুধু একবারই পার হতে পারবেন’। এরা সবাই নতুন ক্রিকেটার। বুধবার নতুন রেকর্ড হয়েও যেতে পারে। এই ম্যাচটায় দ্বিমুখী চাপ থাকবে, একে তো এটি বিশ্বকাপ ম্যাচ, তার ওপর ভারত-পাকিস্তান লড়াই। চাপ তো বিশাল। আর আমি মনে করি, ধোনিদের উচিত ম্যাচের আগের দিন ঘুমের ওষুধ খাওয়া। পাকিস্তান যদি শোয়েব আখতারকে দলে নেয়ইমরান: ফিট থাকলে তাকে দলে নেওয়া উচিত। শোয়েবের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে আর এই ব্যাপারটা পুরোপুরিই আফ্রিদির হাতে। এখন পর্যন্ত পাকিস্তানের স্পিনাররা দারুণ করলেও মনে রাখতে হবে, স্পিনটা ভারতীয়রাই সবচেয়ে ভালো খেলে। দল বেছে নেওয়ার সুযোগ পেলে আমি শোয়েবকে নিয়েই খেলতে নামতাম। পাকিস্তানের উদ্বেগের বিষয়ইমরান: সমস্যাটা হচ্ছে, পাকিস্তানের সেরা দুই ব্যাটসম্যান চার ও পাঁচে খেলে। অথচ তাদের আসা উচিত তিন অথবা চারে। রান তাড়া করার সময় এটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে। আমার উদ্বেগটা রান তাড়া নিয়েই। পাকিস্তান এই জায়গাটাতে দুর্বল। এখানেই তারা পিছিয়ে পড়তে পারে। শীর্ষ রাজনীতিবিদদের উপস্থিতি ও খেলোয়াড়দের ওপর এর প্রভাব ইমরান: আমার মনে হয় না এটা ক্রিকেটারদের প্রভাবিত করবে। বিশ্বকাপ খেলা, ভারতের বিপক্ষে খেলা—এত কিছুর ভিড়ে খেলোয়াড়দের মনে আসিফ জারদারির চেহারাটা সাবার শেষেই থাকবে। তাঁকে নিয়ে খেলোয়াড়দের ভাবাই উচিত নয়। ম্যাচটা কীভাবে জেতা যায়, তাই শুধু ভাবা উচিত। আমি কোনো মনস্তাত্ত্বিক লড়াই লড়ছি না, তবে সত্যিটা হচ্ছে, স্বাগতিক ও ফেবারিট হিসেবে ভারত সাংঘাতিক চাপে থাকবে। আর ঠিক এই জায়গাটাতেই পাকিস্তান এগিয়ে। শচীন টেন্ডুলকারের ৯৯ সেঞ্চুরিইমরান: সে তো কিংবদন্তি। এই বিপুল পরিমাণ রান করতে অবশ্যই প্রকৃতি প্রদত্ত প্রতিভা থাকা লাগে। তার টেকনিক ও টাইমিং দুটোই প্রকৃতি প্রদত্ত। যাদের বল করেছেন তাঁদের মধ্যে সেরা ব্যাটসম্যানইমরান: ভিভ রিচার্ডস। আমি যাদের বল করেছি, তাদের মধ্যে সেই একমাত্র আক্রমণ করে খেলত। অন্য ব্যাটসম্যানরা আমার বিপক্ষে টিকে থাকতে চাইলেও সে চাইত আক্রমণ করতে। সূত্র: দ্য টেলিগ্রাফ