‘নকল’ কেটের এত দাম!
যমজ নয়, চেনাজানাও নেই; তবু দেখতে হুবহু একই রকম। সামনাসামনি কেউ কোনোদিন কাউকে দেখেনি পর্যন্ত। যতটুকু দেখা ওই পত্রিকার পাতায় আর টেলিভিশনের পর্দায়। এতেই মিলে গেল সব। তাঁদের দুজনকে এভাবে দুই প্রান্তে দেখেও যেন চোখে ধাঁধা লেগে যায় সবার। ঠিক মেলাতে পারছেন না কে ব্রিটেনের রাজবধূ কেট আর কে নর্থ হ্যাম্পটনশায়ারের একটি রেস্তোরাঁর পরিচারিকা হেইদি আগান। অবিশ্বাস্য হলেও সত্য, হেইদির তিন বছর বয়সী মেয়ে আবিগাইলও ম্যাগাজিনে যখন প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের ছবি দেখে, তখন তাঁকে মা বলেই ডাকে। আর মায়ের ছবি ম্যাগাজিনে দেখে বেশ আনন্দিত হয় সে। শুধু তাই নয়, ঘটনাটি একদম বদলে দিয়েছে ৩২ বছর বয়সী হেইদির ভাগ্য। ভাবছেন, সম্প্রতি রাজবধূ কেটকে নিয়ে নানা গুঞ্জন উঠেছে বলে, এটাও সে রকম কোনো গুঞ্জনই হবে! না, মোটেও তা নয়।১০ বছর বয়সী ছেলে ব্লেক আর মেয়ে আবিগাইলকে নিয়ে যুক্তরাজ্যের নর্থ হ্যাম্পটনশায়ারের করবিতে থাকেন হেইদি। স্থানীয় একটি রেস্তোরাঁয় পরিচারিকার কাজ করেন। এ থেকে তাঁর আয় হতো প্রতি ঘণ্টায় ছয় পাউন্ড। তা দিয়েই চলে যেত তাঁর সংসার। কেট মিডলটনের বিয়ের আগের কথা। হঠাত্ একদিন বাসায় একটি সাময়িকীতে চোখ বোলাতে গিয়ে কেটের ছবি দেখে চোখ আটকে যায় মেয়ে আবিগাইলের। এরপর সে মা হেইদিকে ডেকে বলে, ‘মা, এই দেখো, এটা তোমার ছবি।’ ছবিটি দেখে হেইদিরও একটু অন্যরকম লেগেছে সেদিন। কিন্তু বিষয়টাতে তেমন একটা পাত্তা না দিয়ে মেয়েকে বোঝাতে চেয়েছিলেন, ছবির ওই মহিলা আর তিনি এক নন। কিন্তু কিছুতেই ছোট্ট আবিগাইলকে পার্থক্যের এ বিষয়টি বোঝাতে পারেননি তিনি।এভাবেই কেটে যাচ্ছিল দিন। হঠাত্ একদিন রেস্তোরাঁয় খেতে আসা এক ব্যক্তিও তাঁকে বলে বসলেন, ‘আপনি দেখতে হুবহু কেট উইলিয়ামের মতো।’ এরপর থেকে একে একে যাঁরা রেস্তোরাঁয় খেতে আসেন, তাঁরাই তাঁকে ব্রিটিশ রাজপরিবারের হবু পুত্রবধূ বলেই সম্বোধন করা শুরু করে দিলেন। এতে অল্প দিনেই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ল চারদিকে। মানুষজন তাঁকে এই রেস্তোরাঁর কাজ ছেড়ে দিতে বললেন। হুবহু দেখতে কেটের মতো হওয়ায় নানা দিক থেকে ভালো চাকরির প্রস্তাব আসা শুরু করল। তাঁকে ঘিরে এসব কর্মকাণ্ড বেশ মজা করেই উপভোগ করছিলেন হেইদি। অবশেষে একদিন রেস্তোরাঁর ওই পরিচারিকার চাকরি ছেড়ে দিয়ে লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠানে যোগ দেন। আর এতেই ছয় পাউন্ড থেকে একধাপে বেড়ে তাঁর আয় এখন দৈনিক ৬৫০ পাউন্ডে দাঁড়িয়েছে। আগের চেয়ে এখন বেশ ভালোই আছেন হেইদি। সম্প্রতি কেটের অর্ধনগ্ন ছবি প্রকাশের বিষয়ে হেইদি আগান বলেন, ‘যারা ওই ছবি তুলেছে, তারা অপরাধ করেছে। আমার ক্ষেত্রে এমন হলে আমি সরাসরি পুলিশের কাছে যেতাম। কিন্তু নিতান্ত ভালো মানুষ বলেই কেট ও উইলিয়াম তা করেননি। এটা তাঁদের ব্যক্তিগত বিষয়ের ওপর একটা ভয়াবহ হামলা।’নিজের বর্তমান জীবন সম্পর্কে হেইদি বলেন, ‘আমি এ জীবনটাকে বেশ উপভোগ করছি। প্রতিদিন কোনো না-কোনো বিখ্যাত তারকার সঙ্গে দেখা করছি। রেস্তোরাঁয় কাজ করে এটা করা সম্ভব ছিল না। আর এখানকার চাকরিটাও ভালো। এখানে প্রতিদিনই নতুন কাজ করছি আমি।’ ডেইলি মেইল।