এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মানবজমিন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে যৌথভাবে এর নাট্যরূপ দিয়েছেন মুরাদ পারভেজ ও আসাদুল ইসলাম। এটি পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। নাটকে অভিনয় করছেন তৌকীর আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে। শুটিংয়ে নাকি?হ্যাঁ, কমল চাকমার পরিচালনায় নতুন একটি ধারাবাহিকের শুটিং করছি। এখানে আমি মধ্যবিত্ত পরিবারের যুবক; যে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য নানা ছলনার আশ্রয় নেয়। একসময় একটি মেয়ের সঙ্গে প্রেম হয়। আর তখনই ঘটনা অন্যদিকে ঘুরে যায়।‘মানবজমিন’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।শীর্ষেন্দুর লেখা আমি পছন্দ করি। আমার তো বিশ্বাস, দর্শকেরাও পছন্দ করে। নাটকটির কাজ করতে গিয়ে বেশ আনন্দঘন পরিবেশ তৈরি হয়। কাজ করেও বেশ মজা পাই। এখানে আমার চরিত্রটাই অন্য রকম। সচরাচর দর্শক আমাকে যেভাবে দেখে, তা থেকে আলাদা।নতুন কোনো ধারাবাহিক পরিচালনার কথা ভেবেছেন?সামনে করব। আসলে নাটকের পুরো বাণিজ্যটাই এখন আমাদের পক্ষে নেই। যেসব নাটক তৈরি করি, সেগুলোর টাকা উঠিয়ে আনতেই হিমশিম খেতে হয়। ভালো-মন্দ নাটকের কোনো বাছবিচার করা হয় না। আমাদের মিডিয়াটা অনেক বেশি অপেশাদার হয়ে গেছে। অনেকটা একচ্ছত্র আধিপত্য বিরাজ করছে। চ্যানেলগুলোর কোনো দ্বিপক্ষীয় সমঝোতা নেই। দেখা যায়, বিজ্ঞাপনের ভিড়ে দর্শকদের নাটক উপভোগ দায় হয়ে পড়ে। আপনার পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। কেমন লাগছে?অবশ্যই আনন্দের ব্যাপার। কারণ, যেকোনো স্বীকৃতি নির্মাতার কাজের গতিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। একটি আন্তর্জাতিক পুরস্কার উদ্যমের মাত্রাটা বাড়িয়ে দেয়। পুরস্কার পাওয়ার জন্য ফরিদুর রেজা সাগরকে ধন্যবাদ জানাই। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ ছবিটি করেছিলাম। এই পুরস্কারের অংশীদার তাঁরাও।এখন আর কী কী কাজ করছেন?আগামী মাসে একটি ডিজিটাল চলচ্চিত্রে কাজ করব। খুঁটি নামের এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন সাইফুর রুবেল। এ ছাড়া আবুল হায়াতের রচনা ও পরিচালনায় নতুন একটি ধারাবাহিকের কাজও শুরু করব। আর এখন যে ধারাবাহিকগুলো দেখানো হচ্ছে, সেগুলোরও কাজ চলছে। শুটিংয়ের জন্য তৈরি ‘নক্ষত্র বাড়ি’কে নাকি রিসোর্টে রূপান্তর করছেন?হ্যাঁ, ঢাকার মানুষের এমনিতে বেড়ানোর জায়গা কম। আশপাশের প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ানোর কথা ভেবেই এই রিসোর্টটি নির্মাণ করছি। আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে এখানে। এই রিসোর্টে থাকবে কটেজ, লেক, মাছ ধরার ব্যবস্থা, ইনডোর গেমস, সুইমিংপুল, কনফারেন্স রুমসহ নানা কিছু। তা ছাড়া এখানে যাঁরা শুটিং করবেন, তাঁরা সবাই কটেজের সুবিধাও ভোগ করতে পারবেন। বিনোদন প্রতিবেদক