‘নক্ষত্রবাড়ি’ ঘিরেই তৌকীরের ব্যস্ততা
গাজীপুরের রাজেন্দ্রপুরে ২৫ বিঘা জায়গার ওপর রিসোর্ট ও কনফারেন্স সেন্টার গড়েছেন তৌকীর আহমেদ। নাম ‘নক্ষত্রবাড়ি’। গত বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়েছে রিসোর্টটির। এখানে বনভোজন থেকে শুরু করে যেকোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক মানের সভা, সেমিনার আয়োজন করা সম্ভব। কেউ ব্যক্তিগত উদ্যোগেও যেতে পারেন সেখানে। যেহেতু নতুন, তাই এখানেই বেশি সময় দিচ্ছেন তৌকীর। এখানে কাজের ফাঁকে যতটুকু সময় পাচ্ছেন, ততটুকু সময় দিচ্ছেন নাটকের কাজে। তৌকীর বললেন, ‘অল্প দিনেই আমাদের এই নক্ষত্রবাড়ি অনেকের চোখে পড়েছে। এটা একটা ইতিবাচক দিক। আমিও এখন নক্ষত্রবাড়ির পাশাপাশি নাটকের কাজও টুকটাক করছি।’জানালেন, আগে এখানে নিয়মিত শুটিং হলেও এখন আপাতত তা হচ্ছে না। শিগগিরই আবার তা শুরু করার পরিকল্পনা আছে।তৌকীর সর্বশেষ পরিচালনা করেছিলেন বিপাশা হায়াতের লেখা ধারাবাহিক চন্দ্রমগ্ন। জানালেন, বিপাশা এখন আবার নতুন ধারাবাহিক লিখছেন। আশা করছেন, আগামী মার্চ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করতে পারবেন।