‘নগ্ন হ্যারি’কে নিয়ে উদ্বিগ্ন রাজপরিবার
আবারও কেলেঙ্কারিতে জড়িয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন প্রিন্স হ্যারি। অলিম্পিকের পর লাস ভেগাসে অবকাশযাপনের সময় এক হোটেলে রহস্যময়ী এক নারীর সঙ্গে প্রায় নগ্ন অবস্থায় দেখা গেছে হ্যারিকে। আর এসব ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে উঠেছে ব্রিটিশ রাজপরিবার। এখন এই ছবিগুলোর ব্যাপক প্রচার কীভাবে ঠেকানো যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন তাঁরা। বিব্রতকর এই পরিস্থিতি মোকাবিলার জন্য ইংল্যান্ডের গণমাধ্যম অভিযোগ কমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে রাজপরিবারের পক্ষ থেকে। অন্যদিকে এই ছবিগুলো প্রকাশ করতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় কিছু গণমাধ্যম।লাস ভেগাসে অবকাশযাপনের সময় গত শুক্রবার একটি হোটেলে এক নারীর সঙ্গে পুরোপুরি নগ্ন অবস্থায় দেখা যায় প্রিন্স হ্যারিকে। মুঠোফোনে তোলা এসব ছবি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট। এর পর থেকেই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যের অনেক সংবাদপত্রও ছবিগুলো ব্যবহার করার কথা বিবেচনা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছে সেইন্ট জেমস প্যালেস। আর এমন ঘটনা যেন কোনোভাবেই না ঘটতে পারে, সেদিকেই নজর দিচ্ছে রাজপরিবার। লাস ভেগাসের এই ছবিগুলো প্রকাশ করাটাকে ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন হিসেবেই দেখছেন তাঁরা।ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক ব্লগে কিছু ছবি প্রকাশ করা হয়েছে। দ্য সান প্রকাশ করেছে এই ছবিগুলোর একটি ব্যঙ্গাত্মক সংস্করণ। তবে লেভেসন তদন্তের কারণে অন্য শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলো ছবিগুলো এখনো প্রকাশ করতে পারছে না। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোনে আড়িপাতা কেলেঙ্কারির পর গত বছর থেকে শুরু হয়েছিল এই লেভেসন তদন্তের কাজ। গণমাধ্যমের আদর্শ এবং ক্ষমতাশীল ব্যক্তি ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক কেমন হবে, সেটাই খতিয়ে দেখা হচ্ছে এই তদন্তের মাধ্যমে। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় কিছু গণমাধ্যমের সম্পাদকদের মতে, এই তদন্ত ব্রিটিশ সংবাদপত্রকে একেবারে নিস্ক্রিয় করে রেখেছে। পরিস্থিতি আগের মতো থাকলে এই ছবিগুলো এতক্ষণে প্রকাশ করে ফেলতেন বলে জানিয়েছেন নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাবেক নির্বাহী সম্পাদক নেইল ওয়ালিস। কারণ তাঁর মতে, এই ছবিগুলো জনগণের স্বার্থেই প্রকাশ করা উচিত। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘প্রিন্স হ্যারি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী। তিনি সপ্তাহের পর সপ্তাহ ধরে দেশের বাইরে আছেন। তাঁর তো পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকার কথা।’আর একজন অবিবাহিত যুবক হিসেবে প্রিন্স হ্যারির কোনো নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়াটা খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন দ্য সানের সাবেক সম্পাদক কেলভিন ম্যাকেঞ্জি। তিনি বলেছেন, ‘এই ঘটনা প্রিন্স হ্যারির জন্য কোনো ব্যাপার না। তিনি অবিবাহিত আর যেকোনো নারীর সঙ্গেই তিনি অন্তরঙ্গ অবস্থায় যেতে পারেন।’ কিন্তু লেভেসন তদন্ত চালু থাকার জন্যই ব্রিটিশ সংবাদপত্রগুলো এ বিষয়ে কোনো প্রতিবেদন বা ছবি প্রকাশ করতে পারছে না বলে আক্ষেপ করেছেন তিনি।—বিবিসি অনলাইন