‘নছিমনের পালা’ দিয়ে লোকনাট্য উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারের মঞ্চটি মিলনায়তনের একেবারে মাঝখানে। তার চারপাশে দর্শক। অনেকটা যাত্রার মতো। শুরুতেই গান। পরিবেশিত হলো নছিমনের পালা। বাংলা লোকনাট্যকে অবক্ষয় ও অবলুপ্তি থেকে রক্ষা করার উদ্দেশ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর উদ্যোগে শুরু হলো ‘লোকনাট্য উৎসব’। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে লোকনাট্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজনকে সম্মাননা জানানো হয়। উৎসবের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জের গোপাল মোদক, নাটোরের তছের মণ্ডল, মাগুরার বীরেন্দ্রনাথ রায়, কুমিল্লার মানিক সরকার ও নড়াইলের পাগল চন্দ্র গোস্বামীকে সম্মাননা জানানো হয়।এর আগে বিকেলে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে ‘বাংলাদেশের নাট্য-ঐতিহ্য: পরম্পরা ও আধুনিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক লুৎফর রহমান। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচক ছিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ ঘোষ, মান্নান হীরা, ঝুনা চৌধুরী ও তপন বাগচী।উদ্বোধনী অনুষ্ঠানের পরে কুষ্টিয়ার সলক নছিমন নাট্যগোষ্ঠী রেজাউল হক রচিত নছিমনের পালা মঞ্চস্থ করে। আজ উৎসবের দ্বিতীয় দিনে কুমিল্লার মানিক সরকারের দল পরিবেশন করবে জারিগান জয়নাল উদ্ধার ও হানিফার লড়াই এবং বাগেরহাটের সাধনমার্গ পরিবেশন করবে পদাবলি কীর্তন রাধার মানভঞ্জন।