‘নতুন অভিজ্ঞতা আমাদের জন্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তায়কোয়ান্দো কোচ হয়ে এক মাসের সফরে বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়পড়ুয়া চার তরুণ-তরুণী। বাংলাদেশ তাঁদের কাছে অচেনা ছিল এত দিন। ঘটনাচক্রে এ দেশে এসে প্রশিক্ষণের বাইরে সময়টা ভালোই উপভোগ করছেন। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে প্রশিক্ষণের ফাঁকে চারজনের হয়ে সেসবই জানালেন ২১ বছরের তরুণ মিনহো জুং আপনারা ঢাকায় এলেন কীভাবে?মিনহো জুং: ঢাকায় এসেছি সিউলের তায়কোয়ান্দো পিস কোরের হয়ে (নিজের ট্রাউজারে লোগোসহ ইংরেজিতে লেখা নামটা দেখিয়ে)। এটা তায়কোয়ান্দোর একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এরা বিশ্ব তায়কোয়ান্দো ফেডারেশনের সঙ্গে কাজ করে। বিশ্বব্যাপী তায়কোয়ান্দো সম্প্রসারণই মূল লক্ষ্য। আপনারা কি পেশাদার তায়কোয়ান্দো কোচ? মিনহো: আমরা পেশাদার কোচ নই। আমি পেশাদার খেলোয়াড়ও নই। বাকি তিনজন পেশাদার খেলোয়াড়। আমি, জিন মেং ও জাই লিম (দুজনই তরুণী) ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছি। আমাদের দলনেতা মিনসুন কিম (২৯ বছর)। আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোয় প্রচুর তায়কোয়ান্দো খেলোয়াড় আছে। আমরা তায়কোয়ান্দো খেলি বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি পিস কোরের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। বাংলাদেশে আসার আগে আর কোন দেশে গিয়েছেন?মিনহো: বাংলাদেশেই প্রথম। এ দেশ থেকে ফিরে পিস কোরের কাছে রিপোর্ট করব। এরপর তারা আমাদের অন্য কোথাও পাঠালে যাব। বিষয়টি পুরোপুরি পিস কোরের হাতে।  কোনো সম্মানী পাবেন? মিনহো: সম্মানী পাব না। আসা-যাওয়ার খরচসহ আনুষঙ্গিক খরচ দিচ্ছে পিস কোর। আমাদের প্রাপ্তি বলতে নতুন একটা দেশে এসে তায়কোয়ান্দো খেলা শেখানোর সুযোগ। সবাই মিলে ভিন্ন একটা পরিবেশে কাটালাম। নতুন অভিজ্ঞতা আমাদের জন্য। দক্ষিণ কোরিয়ায় তায়কোয়ান্দো খুব জনপ্রিয় হওয়ার বিশেষ কোনো কারণ আছে?মিনহো: তায়কোয়ান্দো আমাদের জাতীয় খেলা। এর দীর্ঘ একটা ঐতিহ্য আছে। সবাই এই খেলাটা খেলতে চায়। ধরুন, ১০ জন কিশোরকে একসঙ্গে দাঁড় করালেন, দেখবেন ৮ জন তায়কোয়ান্দো শিখছে। ছোটবেলা থেকেই সবাই খেলছে বলে এটার বিপুল জনপ্রিয়তা। কোরিয়ায় তায়কোয়ান্দো খেলোয়াড়দের তো তাহলে ফুটবলার পার্ক জি-সুংয়ের মতো জনপ্রিয় হওয়ার কথা?মিনহো: (পাশেই দাঁড়ানো জাই লিমের সঙ্গে কথা বলে) পার্কের কথা বলছেন তো? পার্ক বেশ জনপ্রিয়। তবে তাঁর চেয়েও জনপ্রিয় খেলোয়াড় আছে। তিনি অবশ্য তায়কোয়ান্দো খেলোয়াড় নন। বিশ্বসেরা মহিলা ফিগার স্কেটার কিম ইউ-না। তায়কোয়ান্দো আত্মরক্ষামূলক খেলা। কোরিয়ায় কি আত্মরক্ষার খুব বেশি দরকার হয়?মিনহো: হা হা হা...আত্মরক্ষার তো দরকার আছেই। তবে আমরা আসলে খেলছি খেলার আনন্দে। এই খেলায় উপভোগ করার অনেক কিছু আছে। শারীরিক-মানসিক শক্তি পাওয়া যায়।  বাংলাদেশে আসার আগে এ দেশ সম্পর্কে কিছু জানতেন?মিনহো: নামটা শুনেছি। আসার কথা হওয়ার পর ম্যাপ ভালো করে দেখে ধারণা নিয়েছি। বাংলাদেশে তো কোরিয়ান কোচ লি অনেক দিন ধরে কাজ করছেন। আসার আগে তাঁর সঙ্গেও কথা হয়েছে। চারজন একসঙ্গে আছেন, ঘুরছেন। অচেনা পরিবেশে কেমন লাগছে? মিনহো: ভালোই লাগছে। মানুষ খুব ভালো। তবে শহরটা খুবই ব্যস্ত। ট্রাফিক খুব বেশি। খাওয়া-দাওয়ার সমস্যা অবশ্য হচ্ছে না। এখানকার খাবারই খাচ্ছি। রানা সাহেবের (ফেডারেশন সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম) ওয়াইফ কখনো কখনো খাবার পাঠায়। রুটি, চিকেন কারি, ভেজিটেবল, লাচ্ছি, ফুড—এগুলো খাচ্ছি।  এখানে এক মাস আপনাদের কর্মসূচি কী?মিনহো: সপ্তাহ খানেক ঢাকায় কেটে গেল। রাজশাহীতে কাটবে ১৫ দিন। তারপর কক্সবাজারে প্রশিক্ষণ শিবির চালাব।  খেলোয়াড়দের দেখে কী মনে হচ্ছে?মিনহো: খেলোয়াড়েরা ভালোই। শেখার আগ্রহ আছে। তবে আমাদের দেখে একটু যেন নিজেদের গুটিয়ে রাখে। ভাষার কারণে যোগাযোগের সমস্যা।