বাংলাদেশের ফুটবলে বিদেশি কোচ আসে আর যায়। এই ছবি দেখতে দেখতে ক্লান্ত প্রায় সবাই। ব্যতিক্রম নন তিনিও, তবে গতকাল ঢাকায় আসা বাংলাদেশের নতুন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ টিকে থাকবেন—এমন প্রত্যাশাই করছেন জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার (টিপু) শুনেছেন নিশ্চয়ই, বাংলাদেশের নতুন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ আজ (কাল) ঢাকায় এসেছেন। নতুন কোচের আগমনকে কীভাবে দেখছেন?গোলাম সারোয়ার: হ্যাঁ, শুনেছি নতুন কোচ এসেছে। সালাউদ্দিন শুরুতে বলেছিল, নতুন কোচ হবেন হাই-প্রোফাইল। তখনই ভেবেছিলাম, হাই প্রোফাইল কোচ বাংলাদেশে কেন আসবেন? তা ছাড়া হাই-প্রোফাইল কোচের খরচও বিশাল। যাঁকে আনা হয়েছে তিনি খুব বেশি হাই-প্রোফাইল নন। তবে নতুন কোচকে স্বাগত জানাই। কিন্তু কথা হচ্ছে, তিনি কত দিন থাকবেন। কোচ কত দিন থাকবেন—শুরুতেই কেন এমন প্রশ্ন তুলছেন? কোচরা কি কোথাও চিরস্থায়ী?সারোয়ার: শুধু কোচ কেন, কেউই কোথাও চিরস্থায়ী নন। কোচ পছন্দ না হলে নিশ্চয়ই যখন ইচ্ছে ছাঁটাই করা যায়। কিন্তু বাংলাদেশে স্বাভাবিক প্রক্রিয়ায় কোচ বিদায় হয় না। মেয়াদ শেষ করার নজিরও খুঁজে পাচ্ছি না। কেউ রাগারাগি করে চলে যান, কেউ বাফুফেকে না জানিয়েই রাতের আঁধারে ঢাকা ছাড়েন। এ জন্যই বললাম, এই কোচ কত দিন থাকবেন! অনেক সময় বিদেশি কোচরা এখানে মানিয়ে নিতে পারেন না। তাহলে সব ক্ষেত্রে কি ফেডারেশনের দোষ দেওয়া যায়?সারোয়ার: কাউকে দোষ দিচ্ছি না। বাস্তবে যা দেখছি, সেটিই বললাম। সেই অটো ফিস্টার থেকে দেখুন, সব কোচই মেয়াদ শেষের আগেই বিদায় হয়েছেন। তবে অবশ্যই চাইব, এই কোচ থাকবেন। সবচেয়ে বড় কথা, তাঁকে কাজ করার সময় দিতে হবে। কোচ এসেছেন দুজন। দুজনই ডাচ। একজন জাতীয় দলের প্রধান কোচ, আরেকজন তাঁর সহকারী এবং একই সঙ্গে একাডেমির কোচ। এঁদের কাছে আপনার বাড়তি কোনো প্রত্যাশা আছে?সারোয়ার: প্রত্যাশা তো আছেই। দুই কোচই এসেছেন সত্যিকারের এক ফুটবল জাতির প্রতিনিধি হয়ে। হল্যান্ড তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলেছে। এটা সহজ নয়। পত্রিকায় দেখলাম, নতুন কোচ টোটাল ফুটবল খেলাবেন বাংলাদেশকে। খুব ভালো। আশা করি, বাংলাদেশের ফুটবল ডাচ কোচের কাছ থেকে নতুন কিছু পাবে। বাংলাদেশে কোচরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না বলে অভিযোগ আছে। সমস্যাটা আসলে কোন জায়গায়?সারোয়ার: সমস্যা অনেক। আমাদের কালচারটাই কোচদের স্বাধীনভাবে কাজ করার অনুকূলে নয়। তবে নতুন কোচ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন বলে আশা রাখি। কোচ যেন স্বেচ্ছাচারী না হন, সেটাও দেখা উচিত। এই ডাচ কোচের দর্শন টোটাল ফুটবল। বাংলাদেশকে টোটাল ফুটবলই খেলাবেন বলেছেন। আপনার মন্তব্য?সারোয়ার: টোটাল ফুটবল খেলতে পারলে তো ভালোই। তবে কথা হচ্ছে কারা খেলবে? ভাতের চাল দিয়ে আপনি তো পোলাও রান্না করতে পারবেন না। আমাদের খেলোয়াড় কোথায়? নতুন খেলোয়াড় তুলে আনতে হবে। জাতীয় দল নিয়ে অতীতে সেভাবে কাজ হয়নি। তবে অনেক দেরিতে হলেও কাজী সালাউদ্দিন জাতীয় দলের দিকে মনোযোগ বাড়িয়েছেন। বাফুফে কি সঠিক পথে আছে?সারোয়ার: নতুন কোচ এনেছে ফেডারেশন, প্রশংসা নিশ্চয়ই করব। দেখতে হবে কোচের চাহিদা অনুযায়ী সব দিতে পারে কি না ফেডারেশন। গত বছর জাতীয় দলকে তিনটি প্রীতি ম্যাচ খেলানো হয়েছে বিদেশে, এটা খুব ভালো লক্ষণ। কিন্তু ধারাবাহিকতা কই? আর তো কিছু দৃশ্যমান নয়। চাইব ধারাটা যেন অব্যাহত থাকে। অন্য দেশে ক্লাবগুলোই মূলত খেলোয়াড় তৈরি করে। আমাদের দেশে ফেডারেশনকেই সব করতে হবে। ক্লাবগুলোর ভূমিকা কী দেখছেন?সারোয়ার: পেশাদার লিগের সব দলকে একটা অনূর্ধ্ব-১৬ দল করতে বলা হয়েছে, কিন্তু তারা তা করেনি। ক্লাবগুলোর ভূমিকা আর ব্যাখ্যার দরকার পড়ছে না। এই সংস্কৃতির বদল দরকার।