বিয়ে করেছেন গত শনিবার। এক দিন পরই নেমে পড়েছেন জাতীয় দলের অনুশীলনে। নতুন জীবন তাঁর ফুটবল-ক্যারিয়ারে সৌভাগ্য নিয়ে আসবে—জাহিদ হাসানের (এমিলি) এমনই বিশ্বাস। এ কারণেই হানিমুন চলে গেছে পেছনের পাতায়। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দাঁড়িয়ে জাতীয় দলের স্ট্রাইকার সে নিয়ে কোনো আক্ষেপও করলেন না কী ব্যাপার, হানিমুনে গেলেন না! বিয়ের পরদিনই মাঠে!জাহিদ হাসান এমিলি: (হাসি) হানিমুনের সময় পরে পাব। এ মাসেই জাতীয় দল নেপালে যাবে, এটাই এক নম্বর অগ্রাধিকার। তার জন্যই বউকে ঘরে রেখে চলে এসেছি। কিন্তু বউ রাগ করবে না! এমিলি: একদমই না। কারণ ও (তিতুমীর কলেজে ইংরেজিতে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ফারজানা আহমেদ তারানা) আমার সম্পর্কে ভালোই জানে। ও-ই বরং আমার চেয়ে আমার খেলার ব্যাপারে বেশি সিরিয়াস। আমি এখন পর্যন্ত তার ষোলআনা সাপোর্ট পেয়েছি। তাহলে তো খুব ভালো। তা কীভাবে এই যোগাযোগ? মানে, আগে থেকেই জানাশোনা ছিল?এমিলি: হ্যাঁ, আগে থেকেই জানাশোনা। বলতে পারেন, টুকটাক প্রেম-ট্রেমও...। ঘটনা হলো, ২০১০ সালের জানুয়ারির দিকে আমার ছবি পত্রিকায় দেখে ও আমার সঙ্গে যোগাযোগের উপায় খোঁজে। পরে ফুটবলেরই কোনো এক মাধ্যমে ফোন নম্বর পেয়ে যায়। সেই থেকে দুজনে ফোনে কথা হয়, তার পর তো বড় আয়োজন করে বিয়েই করে ফেললাম। তলে তলে এত কিছু! আপনাকে দেখলে তো মনে হয় না এভাবে ডুবে ডুবে জল খেয়েছেন...এমিলি: (হাসি) আসলে ও-ই আমাকে এত দূর নিয়ে এসেছে। ফোনে কথা বলার মাস ছয়েক পর দুজনের দেখা হয়। তার পর থেকে ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে চলে আসত আন্তর্জাতিক ম্যাচ হলে। ফুটবলের প্রতি ওর অসম্ভব একটা টান আছে। এখন সেটা আরও বেড়েছে। এখন তাহলে বোঝা গেল—হবু স্ত্রীর সামনে ভালো খেলার চাপেই মাঝে আপনার পারফরম্যান্স কিছুটা অনুজ্জ্বল ছিল!এমিলি: এটা তো ঠিক, ও মাঠে আসার কারণে ভালো খেলতে হবে, এমন একটা চাপ ছিল। বিশ্বাস করবেন না, আমি যাতে ভালো খেলি, তার জন্য ও নফল নামাজও পড়ত। ওর আব্বা-আম্মাও অসম্ভব ভালো, আমার জন্য দোয়া করতেন সব সময়। তবে এখন যেহেতু সে আমার স্ত্রী, তাই আর চাপ নয়, বরং প্রেরণাই পাব। মাঠে আপনাকে উজ্জ্বল দেখতে চায় ফুটবল অঙ্গন। তাহলে এবার মাঠে উজ্জ্বল এক এমিলিকে আমরা দেখতে পাব?এমিলি: অবশ্যই। এখন নিজেকে ভালোভাবে মাঠে মেলে ধরতে আরও বেশি চেষ্টা করব। বিয়ের পর নাকি মানুষের জীবনে পরিবর্তন আসে। আমিও নতুন জীবনে নতুন আশায় আছি। মনে হয়, আমি পারব। খারাপ সময় পেছনে ফেলে শুধুই সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞাই করেছি। এখন পর্যন্ত সংক্ষিপ্ত এই বিবাহিত জীবন কেমন কাটল? নিশ্চয়ই সতীর্থরা খুব ফাজলামো করে?এমিলি: উফ্, এটা আর বলবেন না। সারাক্ষণই ওরা খোঁচাতে থাকে। ফান করে। কেউ কেউ তো দেখলে জামাই-জামাই বলে ডাকা শুরু করে দেয়। জামাই বলার তো কারণ আছে। মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম (বাবু) নাকি আপনার মামাশ্বশুর?এমিলি: হ্যাঁ, তারানা ওনার বোনের মেয়ে। এখন তো ওনার সঙ্গে সম্পর্কটা অন্য রকম হয়ে গেল। সেই সূত্রেও অনেকে মজা করছে (হা হা হা)।