কোচ হিসেবে কাকে বেশি পছন্দ করেন, তা বললেন না। তবে জানিয়ে দিলেন, তিনি বার্সেলোনা ফুটবলের বড় ভক্ত। পরশু রাতে ঢাকায় এসে কালই কাজে নেমে পড়েছেন। প্রথম দিন বিকেলে অনুশীলনের আগে-পরে কথা বললেন আবাহনীর নতুন ইরানি কোচ আরদেশির পোরনামাত গত দুই মৌসুম আবাহনীর কোচ ছিলেন আপনারই স্বদেশি আলী আকবর পোরমুসলিমি। তাঁর কাছ থেকে নিশ্চয়ই আবাহনী সম্পর্কে অনেক জেনে এসেছেন?আরদেশির পোরনামাত: হ্যাঁ, অনেক জেনেছি। আলী আকবরকে আবাহনীতে আমিই পাঠিয়েছিলাম। সে আমার বেস্ট ফ্রেন্ড। আবাহনী সম্পর্কে অনেক তথ্য দিয়ে সে আমাকে সাহায্য করেছে। বাংলাদেশে এ নিয়ে চতুর্থবার এলেন। তার মানে তো এখানকার পরিবেশ ভালোই জানা আছে আপনার...পোরনামাত: এ নিয়ে চারবার বাংলাদেশে এলাম। আগের তিনবার এএফসির কোচিং ইনস্ট্রাক্টর হিসেবে ঢাকায় কোচিং কোর্স পরিচালনা করি। তবে ক্লাব কোচ হিসেবে প্রথম আসার অনুভূতিটা অন্য রকম। খুব ভালো লাগছে। আবাহনী পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন। এবার শিরোপা ধরে রাখা সম্ভব হবে? পোরনামাত: অবশ্যই সম্ভব। আবাহনীর সেই সামর্থ্য আছে। দলে পর্যাপ্ত খেলোয়াড় আছে, সব পজিশনেই দুজন করে। আমার দায়িত্ব, ম্যাচের জন্য খেলোয়াড়দের তৈরি করা। তবে এটাও ঠিক, চ্যাম্পিয়নশিপ ধরে রাখা সহজ নয়। আমি আসলে সামনে তাকাতে চাই। মাঠে সেরাটা দিতে চাই, চাই কঠোর পরিশ্রম করতে। আপনার কোচিং-দর্শন কী?পোরনামাত: সব সময় জয় পাওয়া। আমি পেশাদার কোচ। পেশাদার মানেই জয়ের পেছনে ছোটা। আমার দর্শন হলো, বল নিয়ন্ত্রণসহ মাঠে সবকিছুই ভালোভাবে নিয়ন্ত্রণ করো। আমি যেমন আক্রমণাত্মক, আবার রক্ষণটাও ভালোভাবে করতে চাই। এখানে ভারসাম্যে বিশ্বাস করি। কোচ হিসেবে কাকে বেশি পছন্দ করেন? কোন ফর্মেশনটাই বা আপনার পছন্দ? পোরনামাত: স্প্যানিশ ফুটবলের সব কোচকেই আমার পছন্দ। আমি বার্সেলোনার খেলা পছন্দ করি। এটাই আধুনিক ফুটবল। তবে ফর্মেশনটা অত গুরুত্বপূর্ণ নয়। এটা একটা সংখ্যা মাত্র। ম্যাচ শুরুর পর সবই আসলে পাল্টে যায়। আপনি নিশ্চয়ই নতুন ধারণা নিয়ে এসেছেন। আপনার হাতে কেমন আবাহনী আমরা দেখতে পাব? পোরনামাত: আবাহনীকে একটা নতুন দল হিসেবে গড়ে তুলব। যে দলটা হবে ট্যাকটিক্যালি খুব ভালো। আলী আকবর আর আমার মধ্যে পার্থক্য বেশি নেই। ফুটবলের ভাষা তো একই। তবে কিছু কোচ হয়তো নতুন ধারণা নিয়ে আসেন। এটা হতে পারে খেলার পদ্ধতি কিংবা ট্যাকটিকসে। আমি কিছু নতুন ট্যাকটিকস নিশ্চয়ই প্রয়োগ করব। নতুন ধারণাটা কী? পোরনামাত: নতুন ধারণাটা পোপনই থাক না (হাসি)। তবে জটিল কোনো ট্যাকটিকস প্রয়োগ করতে চাই না। খেলোয়াড়দের সামর্থ্য আগে দেখি। আজ প্রথম দিনে আবাহনীকে দেখে মনে হলো, খেলোয়াড়দের ফিটনেস আরও বাড়াতে হবে। ঢাকায় এর আগে এসে কোনো ম্যাচ দেখেছেন? আবাহনীর প্রতিদ্বন্দ্বী দলগুলো সম্পর্কে আপনার ধারণা আছে? পোরনামাত: গত মাসে সর্বশেষ ‘সি’ লাইসেন্স কোর্স করাতে এসে ফেডারেশন কাপের একটা ম্যাচ দেখেছিলাম। এখানে শেখ জামাল-শেখ রাসেল টিম আছে। মোহামেডানও ভালো টিম। মোহামেডান সম্পর্কে আমি জানি নাসের হেজাজির কারণে (হাসি)। হেজাজিকে পছন্দ করতাম। সেই সূত্রে মোহামেডানকেও পছন্দ করি (হাসি)। দেশের বাইরে এটি কি আপনার প্রথম কোচিং?পোরনামাত: এর আগে উত্তর কোরিয়ায় অনূর্ধ্ব-১৬ ফুটবলার নিয়ে কাজ করেছি। এই প্রথম পেশাদার ক্লাবের প্রধান কোচ হলাম। এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। মূলত আমার প্রদেশ জিলানে কোচিং করিয়েছি এত দিন। সহকারী কোচ ছিলাম কিছু পেশাদার টিমের। ইরানের একটি প্রথম বিভাগের দলের কোচ ছিলাম। জিলানেরই দল মালাভান বান্দার আনজালি ক্লাবের সহকারী কোচ ছিলাম, এই ক্লাবের সভাপতি ছিলাম দুই বছর (ইন্টারনেট ঘেঁটে দেখা গেল, সভাপতি নয়, ওই ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন গত ছয় বছর)। খেলোয়াড়ি জীবন সম্পর্কে কিছু বলুন...পোরনামাত: ইশতেগলাল এনজেলি ক্লাবে খেলেছি। মালাভান যুবদলে ছিলাম। তবে ইরানের হয়ে কখনো খেলিনি। ছিলাম ডিফেন্ডার। খেলতাম দুই পাশেই।