এশিয়ান গেমসে এখন পর্যন্ত তিনটি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ১৯৮৮ এশিয়াডে বক্সার মোশাররফ হোসেনের পাওয়া ব্রোঞ্জটি বাদে বাকি সব পদকই এনেছে কাবাডি দল। খেলোয়াড়-কোচ হিসেবে কাবাডির ওই সাফল্যের অন্যতম কারিগর আবদুল জলিল বলছেন এবারের সম্ভাবনা নিয়ে কাবাডি দল গুয়াংজু এশিয়াডে যাচ্ছে। এবার কেমন ফল আশা করছেন?আবদুল জলিল: গতবার আমরা ইরানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিলাম। এবার নতুন নিয়মে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলই ব্রোঞ্জ পাবে। এর অর্থ, বাংলাদেশ দলের ব্রোঞ্চ জয়ের সম্ভাবনা থাকছে। তৃতীয় হয়ে এখন ব্রোঞ্জ পাওয়া কঠিন, চার নম্বরে থেকে পাওয়া সহজ। নতুন নিয়মই এবার বাংলাদেশের মান বাঁচাতে পারে। কাবাডিতে বাংলাদেশ দল পরাশক্তিই ছিল একসময়। এখন তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতাও কঠিন কেন? জলিল: ভারত এক নম্বর দল আছেই। পাকিস্তানও অনেক এগিয়েছে। এর পরই ইরান। গত এশিয়াডের পর আমরা ইরানের সঙ্গে খেলিনি। তবে জানতে পেরেছি, ইরান আর আগের ইরান নেই। তুলনায় মনে হচ্ছে আমরা এগোতে পারিনি। ধরুন, ইরানের কাছে হারল বাংলাদেশ। তাহলে চতুর্থ স্থানের জন্য বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কে?জলিল: জাপান হতে পারে, এমনকি থাইল্যান্ডও। নতুন দেশগুলো ভালো করছে। এদের হারানোও এখন চ্যালেঞ্জ। চারে আমরা ফেবারিট, তবে চারে নামা আমাদের জন্য বড় অবনমন। এ অবস্থা কেন হলো?জলিল: আমাদের দেশে অনেক ক্লাব আছে কিন্তু খেলোয়াড় উঠে আসছে না ক্লাব-জেলা থেকে। খেলোয়াড় আসে শুধুই সার্ভিসেস দল থেকে। এশিয়াডের দলে ১২ জন খেলোয়াড়ই সার্ভিসেস থেকে এসেছে। বিডিআর-সেনাবাহিনীর চারজন করে খেলোয়াড়, পুলিশের তিনজন, নৌবাহিনীর একজন। ক্লাব শক্তিশালী না হওয়াই অবনমনের বড় কারণ। সমস্যাটা কোন জায়গায়? জলিল: সার্ভিসেস দলে আগে চাকরি, তারপর খেলা। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য ঘরোয়া প্রতিদ্বন্দ্বিতা দরকার। সেটা না থাকায় দেশের বাইরে গিয়ে আমরা ভালো করতে পারছি না। সার্ভিসেস দলগুলোর অবস্থাও তো ভালো নয়...জলিল: হ্যাঁ, বিডিআরের বর্তমান অবস্থা ভালো যাচ্ছে না। কাবাডির জন্য এটা ক্ষতিকর। চোট-আঘাতে জাতীয় দলও দুর্বল এখন। বিওএর রিপোর্টে আছে, জিয়া ছিল বলেই গতবার আমরা অন্তত ব্রোঞ্জ পেয়ে মান বাঁচাতে পেরেছিলাম। আমি বর্তমান দলের সঙ্গে নেই। এর বেশি মন্তব্য করা ঠিক হবে না। কাবাডি দল দুর্বল হওয়ার কারণ কী?জলিল: এই দলে আরও দু-একজন ভালো খেলোয়াড় থাকা উচিত ছিল। আমার মনে হয়, প্রস্তুতিও সন্তোষজনক হয়নি। এই দলটির ভারত, পাকিস্তান, ইরানের সামনে দাঁড়ানো কঠিন হবে। আর কার কার দলে আসা উচিত ছিল বলে মনে করেন?জলিল: ইনজুরি থেকে সেরে ওঠা সাবেক অধিনায়ক জিয়াউর রহমান আমাকে বলেছে, সে এখন ৯৯ শতাংশ ফিট। অনুশীলন করলে খেলতে পারবে। ফেডারেশনকে বলেছিলাম, জিয়াকে অন্তত ২০ জনের প্রাথমিক দলে রাখতে। বিওএ-ও চাইছিল জিয়া দলের সঙ্গে অনুশীলনে থাকুক। কিন্তু জিয়া অসুস্থ—এই অজুহাত দেখিয়ে তাঁকে দূরে রাখা হচ্ছে। কাবাডির ভবিষ্যৎ কি তাহলে অন্ধকার?জলিল: না, না, তা কেন? সঠিক পরিকল্পনা নিতে পারলে এই হতাশা কাটিয়ে ওঠা অবশ্যই সম্ভব হবে।