‘নতুন’ সাজে পুরান ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিনে পুরান ঢাকা একটু অন্য রকম। পথঘাট সব ফাঁকা। হঠাৎ করেই রিকশা কিংবা টমটমের সওয়ারির হইহল্লা। টমটমের সাজবাহারের পাশাপাশি সওয়ারিদের সাজবাহারও রঙিন। এমন একটি টমটমের দেখা মিলল কসাইটুলি পঞ্চায়েত ঘরের সামনে। শুধু টমটম নয়, পঞ্চায়েত ঘরটিও সেজেছে ঈদের সাজে। কসাইটুলির তরুণেরা আয়োজন করছে ঈদের টমটম চক্করের। এক চক্কর বলতে কসাইটুলি পালোয়ানের গলি থেকে বংশাল পুরান চৌরাস্তা ঘুরে ফ্রেঞ্চ রোড হয়ে আবার কসাইটুলির পালোয়ানের গলিতে। সওয়ারিদের হইহুল্লোড়ে ঈদের তিন দিনই ওই পথটুকু ছিল আনন্দের।পুরান ঢাকায় এমনই অনেক আনন্দঘণ্টা উদ্যাপনের সুযোগ ছিল এবারের ঈদে। পুরান ঢাকার প্রায় সব গলিতেই ছিল প্যান্ডেল করা বসার জায়গা। সেখানে আবার চেয়ার-টেবিল আর চটপটি-ফুচকার বাহারি দোকান। সঙ্গে সাড়া জাগানো বাংলা, হিন্দি আর রিমিক্স গানের সুরে উদ্দাম নৃত্য।ঈদের দিন দুয়েক আগে থেকেই নানা রঙের বাতিতে ছেয়ে যায় পুরান ঢাকার একটি অংশ। কোথাও আবার অলিগলি ছেয়ে দেওয়া হয় লাল-সবুজ-হলুদ রঙের কাপড়ে। কাপড়ের ঝালরের ভেতর আবার বৈদ্যুতিক বাতির বাহার। ঈদের দিন সন্ধ্যায় টের পাওয়া গেল এসব বাতির কেরামতি। বংশাল, মালিটোলা, সুরিটোলাসহ পুরো ৭১ নম্বর ওয়ার্ডের একাধিক গলি ঘুরে দেখা গেল, পুরো এলাকা যেন এক স্বপ্নপুরী। হঠাৎ হঠাৎ রঙিন আলোর ঝলকানি পুরো পরিবেশকেই বদলে দেয়। ফ্রেঞ্চ রোড ঘেঁষে বংশাল পুকুরের সীমানায় ঢুকতেই হইহল্লা। পুকুরপাড়ে মানুষের ভিড়। ঈদের দুটো দিন বংশাল পুকুরের পাড়ে নামে মানুষের ঢল। কারও হাতে চটপটির প্লেট আবার কারও হাতে কফির পেয়ালা। ঈদ উপলক্ষে বংশাল পঞ্চায়েত কমিটি আয়োজন করে বিনা মূল্যে চটপটি-ফুচকা আর কফির। এই আয়োজনে আরও ছিল ম্যাজিক লাইট শো। বংশাল পুকুরের চারপাশ সাজানো হয় চার রঙের বাতিতে। এরই সঙ্গে আছে পুকুরে নৌকাভ্রমণের ব্যবস্থা। মালিটোলা, সুরিটোলার পঞ্চায়েত কমিটিও নিজ নিজ এলাকায় আয়োজন করে ঈদ-আনন্দ-উৎসব ও ঈদ-মিলনমেলার। এমন মিলনমেলা আর উৎসবের আয়োজন ছিল কায়েতটুলি, আগা সাদেক রোড, আগামসিহ লেন, সিক্কাটুলি, লালবাগ, ইমামগঞ্জসহ বিভিন্ন এলাকায়।ঈদের পরদিন সামসাবাদ পঞ্চায়েত ঘরের সামনে বসে বয়োজ্যেষ্ঠদের মিলনমেলা। সামসাবাদের মো. হানিফ বলেন, ‘প্রতিবচ্ছর ঈদের পরপরই পঞ্চায়েতের ঘরে আমরা এক হই। এলাকার মুরব্বিগোর লগে আত মিলায়া কামেকাজে সাহায্য করি।’ আবার নারিন্দার বাসিন্দা জাভেদ হুসেন জানান, ঈদের দ্বিতীয় দিনের মিলনমেলায় অনেক এলাকায় পঞ্চায়েত কমিটির নতুন সদস্য নেওয়া হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মৌখিক সুপারিশে নতুন সদস্য নেওয়ার রেওয়াজ আছে।এ ছাড়া একসময় ঢাকায় ঈদ-আনন্দ-মিছিলের ঐতিহ্য ছিল। এই ঐতিহ্যের ছিটেফোঁটা ধরে রেখেছে হাজারীবাগের ঢাকাবাসী নামের একটি সংগঠন। সংগঠনের উদ্যোগে প্রায় প্রতিবছরই আয়োজন করা হয় ঈদ-মিছিলের। এবারের ঈদ-মিছিলে পুরান ঢাকাকে কেমিক্যালমুক্ত করার আহ্বান জানানো হয়। আবার দেবী দাস ঘাট রোডে দেবী দাস সমাজকল্যাণ সংসদ ঈদের পরদিন আয়োজন করে ঈদ-আনন্দ-মিছিলের। মিছিলগুলোতে ঢাকার ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি ঢাকার সমসাময়িক নানা সমস্যা তুলে ধরা হয় এবং সরকারের সুদৃষ্টি কামনা করা হয়। ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সহসভাপতি আবদুল বারেক স্মৃতিচারণা করে বলেন, ঢাকার ঈদ-মিছিলে সরকারের সমালোচনা করে নানা ধরনের বিষয় তুলে ধরার রেওয়াজ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লবণের দাম বেড়ে যাওয়ায় সে সময়কার সরকারকে সমালোচনা করা হয়েছিল ঢাকাইয়া ঈদ-মিছিল থেকে। আবার পাকিস্তান আমলে স্বৈরশাসকের নানা ব্যর্থতাও তুলে ধরা হতো ঈদ-মিছিলে।পুরান ঢাকায় ঈদ মেলা বলতে চকবাজারের মেলাকেই বোঝায়। ঈদ উপলক্ষে চকের মেলায় যাননি এমন ঢাকাইয়া প্রবীণ খুঁজে পাওয়া দুষ্কর। বরাবরের মতো এ বছরও চকবাজার শাহি মসজিদের আশপাশে বসে চকবাজারের মেলা। ঘর-গৃহস্থালি থেকে শুরু করে নানা পদের খাবারের দোকান ছিল মেলায়। মেলায় আকর্ষণ ছিল ঢাকাইয়া নানা পদের আচার, মাষকলাইয়ের বড়া, মুড়িমাখা, জিলাপি ইত্যাদি। চকবাজারের মেলায় ঢাকাইয়া খানা মাখনা এনেছিলেন বেলাল মিয়া। তিনি বলেন, ‘ঢাকার মাইনসে মাকনা শখ কইরা খায়। হ্যার ল্যাইগা মাকনা লিয়া আইছি। বেচাবিক্রি কওন লাগে না। যাগো গতরে ঢাকার রক্ত আছে, হ্যারা মাকনা দেকলে আমার দোহানে খাড়াইবোই।’চকবাজারের মেলা ছাড়াও সম্প্রতি পুরান ঢাকার বেশ কিছু স্থানে মেলা বসছে। মালিটোলা পৌর পার্কের ভেতর বসে এমন একটি মেলা। মেলার আয়োজক মালিটোলা ক্রীড়া চক্র। ঈদের দিন থেকে তিন দিনের জন্য বসে এই মেলা। মেলা প্রসঙ্গে প্রধান আয়োজক মো. জাহিদ হোসেন জানান, ঈদ-আনন্দ মেলাটি ১০-১২ বছর ধরে নিয়মিত বসছে। মেলার এ বছরকার আকর্ষণ পুতুলনাচ। এ ছাড়া মেলার খবর জানান দিতে তাঁতীবাজার মোড়ে একটি টাওয়ার বসানো হয়েছে। রাতে সেখানে গান ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।অন্যদিকে ৭৭ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে বসছে ঈদ-আনন্দ মেলা। মেলায় নাগরদোলা, ঘূর্ণি ছিল বিশেষ আকর্ষণ। আনন্দ মেলার শেষ দিন এখানে কনসার্টের ব্যবস্থা করা হয়। এলাকার উঠতি প্রতিভা তুলে ধরতে এই কনসার্টের আয়োজন করা হয় বলে জানান আয়োজক মফিজুর রহমান পাভেল।ধর্মপ্রাণ বলে ঢাকাইয়াদের খ্যাতি রয়েছে। এত আনন্দ-আয়োজনের মধ্যেও ঢাকাইয়ারা শাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখে। রোজাগুলো ঈদুল ফিতরের সপ্তাহখানেকের মধ্যেই রাখা হয়। ঢাকাইয়া ভাষায় এটাকে বলে ছয় রোজা। ঢাকার প্রায় সব পরিবারের প্রধানেরা ছয় রোজায় শরিক হন। রমজান মাসের মতোই ছয় রোজার সময় পুরান ঢাকার পথে পথে বসে ইফতারের দোকান। এই ছয় রোজা শেষে ঢাকাইয়াদের অনেকেই আরেকটা ঈদ পালন করে। ঘরে ঘরে আবার করা হয় ঈদের আয়োজন। এই ঈদ-আয়োজনের খুঁটিনাটি দেখতে হলে আসতে হবে ধর্মপ্রাণ ও উৎসবপ্রিয় মানুষের আবাস পুরান ঢাকায়।