‘ভাইজান, হামার তো কোনো দাবি নাই, খালি হামার গ্রামটার গোরত নদী কোনার ভাঙন বন্ধ করিবার কই। কিন্তুক তাক কায়ও শোনে না। বড় বড় কথা কয়া জামরা ভোট নেয়, তামরাও আইসে না। খালি হামাক মিথ্যা কথা কয়া ভোট নিয়া যায়।’ ১৩ সেপ্টেম্বর রংপুরের তারাগঞ্জ উপজেলার কূর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রাম পরিদর্শনকালে আক্ষেপ করে এ কথাগুলো বলেন গ্রামের গৃহবধূ ময়না খাতুন (৩২)। তার সঙ্গে সুর মিলিয়ে গ্রামের আরেক বাসিন্দা আফজাল হোসেন (৪০) বলেন, ‘বাহে, নদীটা হামাক শ্যাষ করি দেছে। আবাদি জমি একনা আছিল, সেকনাও নদীত গেইছে।’ কৃষক ছাইফুল ইসলাম (৪৫) বলেন, ‘মোর তিন বিঘা জমি, চারটা ঘর নদীত খাইছে। পোত্তেক দিন ৪-৫ হাত করি জায়গা ভাঙিবার নাগছে। এমন ভাঙন মুই বাপের জনমে দেখ নাই।’ বৃদ্ধ আনছার আলী (৮০) বলেন, ‘বাড়ি আর কত সারাই বাহে। নদী হামার কোমর ভাঙি দিছে। নিজের জমি সউক নদীত।’ খোঁজ নিয়ে জানা গেছে, যমুনেশ্বরী নদীর তীরবর্তী এই রহিমাপুর গ্রামের অধিকাংশ লোকই দরিদ্র। কৃষিনির্ভর দরিদ্র গ্রামবাসী অব্যাহত নদীভাঙনে জমিজমা, ঘরবাড়ি হারিয়ে এখন দিশেহারা। চলতি বর্ষায় গ্রামের ৩০টি বাড়িসহ প্রায় ২৭ একর আবাদি জমি ও অসংখ্য গাছপালা বিলীন হয়ে গেছে। ভাঙনের শিকার হতদরিদ্র পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। দিনমজুর শমছের হোসেন (৪০) বলেন, ‘নদীর ভাঙন ঠেকপার জন্য ১২ বছর থাকি এমপি-চেয়ারম্যান-মেম্বারের হাত-পাও ধরছি। সবায় খালি কয়, দেখি কী করা যায়। কিন্তু কায়ও দেখে না।’ গৃহবধূ আসমা খাতুন (৩৩) বলেন, ‘হামরা কিছু চাই না। ভাইজান, খালি নদীর ভাঙনটা ঠেকে দেন। ভয়ে সারা রাত ঘুমবার পাড়ি না। দারাম দারাম করি নদীটা ভাঙেছে।’ গ্রামের আবু হোসেন (২৭) বলেন, ‘এখানত অল্প একটু বান্দি নদীটা ঘুরি দিলে ভাঙন ঠেকি যায়। কিন্তুক ওকনা করিবার মানুষ নাই এটে।’ গ্রামের ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ওই গ্রামে তিন হাজার লোকের বাস। কিন্তু নদীভাঙন রোধে কোনো পদক্ষেপ না নেওয়ায় বসতভিটা, ফসলি জমি বিলীন হচ্ছে। জমিজমা হারিয়ে অনেকেই এখন দিনমজুর ও রিকশাচালক। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাছনা বানু বলেন, ‘আমার বাড়িও ওই গ্রামে। আমার মতো গ্রামের অনেকের ঘরবাড়ি, জমিজমা নদীতে গেছে। অব্যাহত নদীভাঙনে পুরো গ্রাম এখন হুমকির মুখে। বিষয়টি কয়েকবার সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা না হলে এ গ্রামসহ পাশের ঘনিরামপুর গ্রামও নদীভাঙনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। উপজেলার চেয়ারম্যান নুরুন্নবী দুলাল বলেন, ‘গ্রামবাসী আমাকে তাদের সমস্যার কথা বলেছে। শিগগিরই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাউবোকে বলা হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হক বলেন, ‘কূর্শা ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন। তাঁকে আবেদন করতে বলা হয়েছে।’ সৈয়দপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী ফারুক ভূইয়া মোবাইল ফোনে বলেন, ‘এ বিষয়ে স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের সঙ্গে কয়েকবার কথা হয়েছে। তিনিও ভাঙন রোধে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। কিন্তু এই মুহূর্তে পাউবোর পক্ষে ওই ভাঙন রোধে কিছুই করার নেই।’