‘নদীর বুকে জেগে ওঠা চর আমার সম্পত্তি’
বগুড়ার ধুনটের বাঙ্গালী নদীর জয়শিং ঘাট এলাকা থেকে সংঘবদ্ধ একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে। এতে বাঙ্গালী নদীর পানি কমে গেছে। নদীর বুকে বিশাল চর জেগে উঠেছে। উপজেলার জয়শিং ঘাট এলাকার চর থেকে দুই সপ্তাহ ধরে বালু তোলা হচ্ছে। জয়শিং গ্রামের রফিকুল, তরিকুল, শাহাদত, মোমিন ও জাহের আলী অবাধে বালু তুলে বিক্রি করছেন। অথচ ওই বালু তুলতে সরকারি কোনো অনুমতি নেই। সরেজমিনে ঘুরে দেখা গেছে, জয়শিং ঘাট এলাকা থেকে বালু তুলে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে। জানা গেছে, দৈনিক ২০ থেকে ২৫ ট্রাক বালু বিক্রি করা হয়। ওই বালু স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা বালু তোলা বন্ধ করতে কোনো ব্যবস্থা নেয়নি। বালু ব্যবসায়ী জাহের আলী বলেন, ‘নদীর বুকে জেগে ওঠা চর আমার সম্পত্তি। আমার জমি থেকে আমি বালু তুলছি। সরকারের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই।’ প্রতি ট্রাক বালু ৪০০ টাকায় বিক্রি করছেন বলে তিনি জানান। নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আমি কয়েক দফা নিষেধ করেছি। কিন্তু আমার কথা তারা শুনছে না।’ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, বাঙ্গালী নদীর জয়শিং ঘাটের চর থেকে বালু উত্তোলনের বিষয়টি তাঁর জানা নেই। সরকারি অনুমতি ছাড়া কেউ চরের বালু তুলতে পারে না। যদি কেউ বালু তুলে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ হারুন জানান, বাঙ্গালী নদীর চর থেকে কারা বালু তুলছে, তা তাঁর জানা নেই। যদি কেউ অবৈধভাবে বালু তুলে থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।