সার্জিও জেভিয়ার গয়কোচিয়া নামটি কি খুব চেনা চেনা লাগছে? না চিনে আর উপায় কী? আর্জেন্টিনার ভক্ত সমর্থকদের কাছে গয়কোচিয়া নামটি অনেকটাই প্রবাদতুল্য। নব্বইয়ের বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ছিলেন দ্বিতীয় গোলরক্ষক। কিন্তু একটি অভাবনীয় ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দলের ১ নম্বর গোলরক্ষক নেরি পম্পিডোকে ছাড়া তখন আর্জেন্টিনা দল কল্পনাও করা যায় না। গোলরক্ষক হিসেবে ছিয়াশির বিশ্বকাপে পম্পিডোর ছিল গুরুত্বপূর্ণ অবদান। নব্বইয়ের বিশ্বকাপেও প্রথম ম্যাচটি খেললেন পম্পিডো, দ্বিতীয় ম্যাচের ১১ মিনিটের মাথায় বাঁধে বিপত্তি। প্রতিপক্ষের একটি রাফ চ্যালেঞ্জে হাত ভেঙে যায় আর্জেন্টিনার সেরা গোলরক্ষকের। এর পরই মাঠে নামানো হয় ‘অখ্যাত’ সার্জিও গয়কোচিয়া নামের এক গোলরক্ষককে। সেই গয়কোচিয়াই পরে ইতিহাস গড়েন। কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়ার বিপক্ষে দুটো ও সেমিফাইনালে ইতালির দুটো টাইব্রেকার ঠেকিয়ে আর্জেন্টিনাকে তুলে দেন ফাইনালে, ফাইনালে জার্মানির বিপক্ষে সেই ‘বহুল বিতর্কিত’ পেনাল্টিটি প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন। তাঁর হাতের ইঞ্চিখানেক দূরত্ব দিয়ে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দিয়েছিলেন আন্দ্রেস ব্রেহমে। সেই গয়কোচিয়া এখন মাঠের ফুটবল ছেড়ে দিলেও এর বলয়ের বাইরে বের হতে পারেননি। আর্জেন্টিনার বিখ্যাত ক্যানাল ১৩ নামের একটি টিভি চ্যানেলে কাজ করছেন ফুটবল ভাষ্যকার হিসেবে। আর্জেন্টিনার কয়েকটি পত্রিকায় তিনি ফুটবল নিয়ে কলামও লেখেন। আগামী শনিবার জার্মানির সঙ্গে আর্জেন্টিনার ‘হাই ভোল্টেজ’ কোয়ার্টার ফাইনালের আগে তিনি মুখোমুখি হয়েছিলেন ফিফা ডট কমের সঙ্গে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে তিনি কথা বলেছেন এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা, জার্মানির বিপক্ষে অতীতে খেলার অভিজ্ঞতা—এসব নিয়ে। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য সেই সাক্ষাত্কারের সংক্ষিপ্ত অংশের অনুবাদ তুলে ধরা হলো:প্রশ্ন: আগামী শনিবার আর্জেন্টিনা-জার্মানির কোয়ার্টার ফাইনাল। অনেকেই খেলাটিকে এই বিশ্বকাপের সবচেয়ে সেরা লড়াই হিসেবে অভিহিত করেছেন। অনেকে বলছেন, বিশ্বকাপের পর এই ম্যাচ বিশ্বকাপের অন্যতম ‘ক্ল্যাসিক’ হিসেবেও মর্যাদা পেতে পারে। আপনি নব্বইয়ের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে খেলেছেন। সেই ম্যাচের স্মৃতি কি আপনার মধ্যে আবার ফিরে এসেছে?গয়কোচিয়া: নব্বইয়ের বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচটি কখনই ভুলে যাওয়ার নয়। সেই ম্যাচটি আমার জীবনে দুঃখজনক এক স্মৃতি হয়েই আছে। বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়া ভীষণ আক্ষেপের, কষ্টের। সেই কষ্ট আপনাকে সব সময়ই তাড়িয়ে বেড়াবে। নব্বইয়ের জার্মান দলটি কেমন ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফাইনালে আর্জেন্টিনা ছিল, ইনজুরি আর কার্ড সমস্যায় আক্রান্ত। আর্জেন্টিনার সেদিনের একাদশকে কোনোভাবেই সেরা একাদশ বলা যাবে না। এর পরও জার্মানি সেদিন আর্জেন্টিনার জার্সিকে যথেষ্ট মর্যাদা দিয়ে খেলেছিল। এর কারণ আমরা আমাদের মতো করে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছিলাম। শেষ পর্যন্ত এক বিতর্কিত পেনাল্টিতে হেরে যেতে হয় আমাদের।প্রশ্ন: সেই ম্যাচের পর ২০ বছর কেটে গেছে। আপনি নিশ্চয়ই এর পরও অনেকবারই আন্দ্রেস ব্রেহমের নেওয়া সেই পেনাল্টিটির ভিডিও দেখেছেন?গয়কোচিয়া: আজ ২০ বছর কেটে গেছে। কিন্তু সেই পেনাল্টির কোনো ভিডিও আমি এক দিনের জন্যও দেখিনি। ওই পেনাল্টিটি সব সময়ই আমাকে পীড়া দেয়। তা ছাড়া দেখে শুধু শুধু কষ্ট বাড়িয়ে কী লাভ? আমি তো আর সেই পেনাল্টিটি আর ঠেকাতে পারব না।প্রশ্ন: আপনার কাছে নব্বইয়ের বিশ্বকাপের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত কোনটা?গয়কোচিয়া: সেমিফাইনালে ইতালির আলদো সেরেনার নেওয়া টাইব্রেকারটি ঠেকিয়ে দেওয়ার মুহূর্তটি। আমি সেই পেনাল্টি শটটি ঠেকিয়েই উল্লাসে মাতোয়ারা হয়ে গিয়েছিলাম। দৌড়ে সোজা চলে গিয়েছিলাম আমার আর্জেন্টাইন সতীর্থদের কাছে। ঠিক ওই মুহূর্তে নেপলসের সেই স্টেডিয়ামে ছিল পিনপতন নিস্তব্ধতা। ইতালির বিপক্ষে সেই সেমিফাইনালে ক্লদিও ক্যানিজিয়া যখন সমতা ফিরিয়ে নিয়ে এসেছিলেন, সেই মুহূর্তটিও ছিল অসাধারণ। ঠিক ওই মুহূর্তে আমাদের মধ্যে বিশ্বাস ফিরে এসেছিল যে আমরা জিতলেও জিততে পারি।প্রশ্ন: পেনাল্টি শট ঠেকানোতে গোলরক্ষক হিসেবে আপনার যথেষ্ট সুনাম ছিল। গোলরক্ষকদের পেনাল্টি ঠেকানোর রহস্যটা কী? এর জন্য কি কোনো বিশেষ প্রশিক্ষণের দরকার পড়ে?গয়কোচিয়া: না। বিশেষ কোনো প্রশিক্ষণের দরকার নেই। তবে পেনাল্টি ঠেকাতে হলে প্রতিপক্ষের খেলোয়াড়দের ব্যাপারে আপনার সঠিক পর্যবেক্ষণ থাকতে হবে। একজন স্ট্রাইকারের পেনাল্টি নেওয়ার ধরন কখনই একজন মিডফিল্ডার বা ডিফেন্ডারের সঙ্গে মিলবে না। খুব প্রতিভাবান খেলোয়াড়েরা পেনাল্টি শটও বিশেষ ভঙ্গিতে নেন। একটু কম প্রতিভাবানেরা অন্যভাবে নেন। টাইব্রেকারের সময় পাঁচটি পেনাল্টি নেওয়ার ধরন কখনই এক হবে না। প্রথম পেনাল্টিটি একরকম হবে, পঞ্চমটি হবে সম্পূর্ণ ভিন্ন। একটি ব্যাপার মনে রাখতে হবে, টাইব্রেকারের সময় সব চাপ পেনাল্টি শট নিতে যে খেলোয়াড় আসবে, তার ওপর থাকবে। গোলরক্ষকেরা এই চাপ থেকে মুক্ত। গোলরক্ষকদের উচিত চাপমুক্ত থেকে পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়ের চাপটি আরও বাড়িয়ে দেওয়া। সেটা নানাভাবেই করা যেতে পারে।প্রশ্ন: পেনাল্টি ঠেকানোর সময় ফিটনেসটা কি জরুরি?গয়কোচিয়া: অবশ্যই। গোলরক্ষককে ইনজুরি-মুক্ত থাকতে হবে। গোলরক্ষকদের দুই পায়ের ব্যবহারই এ সময় সবচেয়ে বেশি। পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়ের গতিবিধির সঙ্গে নিজের গতিবিধির পরিবর্তন করার জন্য ফিটনেসটা খুব জরুরি। সবচেয়ে বড় কথা, আপনাকে মনোযোগী হতে হবে। মন দিয়ে পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়ের শরীরী ভাষা পড়ে ফেলতে হবে খুব দ্রুত।প্রশ্ন: টাইব্রেকার ঠেকানোর সময় আপনার মধ্যে কুসংস্কার কাজ করত?গয়কোচিয়া: একটা সংস্কারকাজ করত। এবং এটার উত্পত্তি নব্বইয়ের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়ার বিপক্ষেই। সেদিন অতিরিক্ত সময় শেষ হওয়ার পর ড্রেসিং রুমে না গিয়ে মাঠেই ছিলাম। খেলার ফাঁকে ফাঁকে আমি সেদিন প্রচুর তরল পান করেছিলাম। টাইব্রেকারের ঠিক আগ দিয়ে আমার প্রচণ্ড বাথরুম পেয়ে গেল। কিন্তু কেন যেন বাথরুমে যেতে ইচ্ছে করল না। আর্জেন্টাইন তিন খেলোয়াড়ের আড়াল নিয়ে মাঠেই বাথরুম সেরে ফেলি। সেদিন আমি দুটো পেনাল্টি ঠেকিয়েছিলাম। সেমিফাইনালেও একই জিনিস করলাম। কী আশ্চর্য, সেদিনও দুটি পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুললাম। এর পর থেকে একই ব্যাপার করে অনেকবারই পেনাল্টি ঠেকিয়েছি। সংস্কারটি একটু অদ্ভুত, তাই না?প্রশ্ন: এবারের বিশ্বকাপে কোন গোলরক্ষককে আপনার আলাদাভাবে চোখে পড়েছে?গয়কোচিয়া: দুজন গোলরক্ষকের কথাই বলব। তাঁরা হলেন ব্রাজিলের হুলিও সিজার ও আর্জেন্টিনার সার্জিও রোমেরো। দুজনকেই খুব আত্মবিশ্বাসী ও নিরাপদ মনে হচ্ছে আমার কাছে। বিশেষ করে সার্জিও রোমেরোর কিপিংয়ে আমি খুবই খুশি।প্রশ্ন: ডিয়েগো ম্যারাডোনাকে আপনার চেয়ে ভালো আর কে চেনে? এককালে তিনি আপনার অধিনায়ক ছিলেন। একসঙ্গে টিভিতে অনুষ্ঠানও করেছেন। এখন তিনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। বিশ্বকাপে তাঁর প্রশিক্ষিত আর্জেন্টিনা দলকে বিশ্বকাপে কেমন দেখলেন? দলটির সম্ভাবনা নিয়ে আপনার অভিমত কী?গয়কোচিয়া: আমি বিশ্বকাপ বাছাইপর্বের সময়কাল থেকে বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাইউন্ডের ম্যাচটি পর্যন্ত আর্জেন্টিনা দলকে বেশ নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করেছি। আমি দলটিতে দিনে দিনে বড় রকমের পরিবর্তন লক্ষ করছি। এটা ডিয়েগো ম্যারাডোনার জন্যই হয়েছে। তিনি দলকে নিয়ে কাজ করছেন। দলটিও ভালো চেহারা নিচ্ছে। আমি আর্জেন্টিনা দলকে নিয়ে আশাবাদী। আশা করি, তারা চ্যাম্পিয়নই হবে।