দুই বছর আগে রাশিয়ায় গত দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ পুরুষ দল হয়েছিল ৭২তম। এবার ইস্তাম্বুলে ১৫৮টি দেশের মধ্যে হয়েছে ৩৩তম। দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের সেরা সাফল্য এটাই। কাল ইস্তাম্বুল থেকে টেলিফোনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বললেন, এই ফল প্রত্যাশার চেয়েও বেশি পুরুষ দল তো দাবা অলিম্পিয়াডে ইতিহাসের সেরা ফল করল...জিয়াউর রহমান: এতটা ভালো করব, সেটা আমরাও প্রত্যাশা করিনি। প্রথম দিকে খুব ভয় পাচ্ছিলাম। তবে শেষ দিকে ভালোভাবে খেলায় ফিরেছি। আমরা আগেই বলেছিলাম, এবার ত্রিশের ঘরে ঢোকার চেষ্টা করব। সেই চেষ্টাটা সফল হয়েছে। এ ক্ষেত্রে ফেডারেশেনের নতুন কর্মকর্তারা অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন। আমাদের কোনো টেনশন করতে দেননি। আমরা নিজেদের মতো খেলেছি। এই ভালো ফলের কারণ নিশ্চয়ই পাঁচ গ্র্যান্ডমাস্টারকে নিয়ে দল গড়া, তাই না?জিয়া: অবশ্যই। এই দল গড়া নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছে। সমালোচনা করেছে। কিন্তু সিদ্ধান্তটা ভালোই হয়েছে। রাজীব ও রাকিব যে অনেক দিন দাবার বাইরে ছিলেন, এটা কি প্রভাব ফেলেছে তাঁদের খেলায়?জিয়া: খেলা থেকে ওরা বিচ্ছিন্ন ছিল, এটা সত্যি। কিন্তু সেটা খেলায় খুব বেশি প্রভাব পড়েনি। এর একটা কারণ বলতে পারেন টিমওয়ার্ক। এই দলীয় ঐক্যের কারণে অনেক বড় বড় দেশের ওপরে আমরা থাকতে পেরেছি। আমাদের সবাই খুব ডিসিপ্লিনড ছিল। কিন্তু অনেক ম্যাচে তো রেটিংয়ে পিছিয়ে থাকা অনেকের কাছেও আপনারা হেরেছেন... জিয়া: দু-একটা ম্যাচে খুবই হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ দিকে এসে হেরে গেছি। আর্মেনিয়ার সঙ্গে ম্যাচটার কথাই ধরুন। আমরা ধরেই নিয়েছিলাম, ২-২ ড্র করব। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। সব বোর্ডেই হেরেছি। ভাগ্য খারাপ ছিল। আপনি তো অনেক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন। এবারই প্রথম পাঁচ গ্র্যান্ডমাস্টারের দলে খেললেন। কী পার্থক্য মনে হলো?জিয়া: আমি একা অনেক টুর্নামেন্ট খেলেছি। অন্যরাও কমবেশি খেলেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, গত দুই বছর আমরা সবাই একসঙ্গে কোনো বড় টুর্নামেন্টে অংশ নিইনি। শুধু রাজীব (এনামুল হোসেন) ও আমি ভারতে কয়েকটি টুর্নামেন্টে অংশ নিয়েছিলাম। এর বাইরে কোথাও খেলিনি। এবার সবাই একসঙ্গে খেললাম। সবে তো আমাদের পথচলা শুরু হলো। আশা করি, দেশকে আরও ভালো ফলাফল উপহার দিতে পারব আমরা। আগামী দাবা অলিম্পিয়াডে আরও ভালো করতে কী করা উচিত?জিয়া: সবার আগে দরকার ভালো মানের কোচ। আমরা যাঁরা গ্র্যান্ডমাস্টার এবং যাঁরা গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে, সবারই বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে হবে। এ ব্যাপারে ফেডারেশন কথা দিয়েছে। সরকার থেকেও সহযোগিতা চাই। পরবর্তী অলিম্পিকের জন্য ছয় মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। তা ছাড়া আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আরও উন্নতি করতে হবে। পরেরবার নরওয়ের অলিম্পিকে আমরা দশের মধ্যে আসার চেষ্টা করব। মহিলা দলের ফলাফল কি আরেকটু ভালো হওয়া উচিত ছিল বলে মনে করেন?জিয়া: মেয়েরা ১২৫ দলের মধ্যে ৫২তম হয়েছে। সব মিলিয়ে ভালোই বলব। তবে লিজাকে পেলে আমাদের ফলাফল আরেকটু ভালো হতে পারত। যাক, এখন এসব বলে তো আর লাভ নেই।