‘না খেয়েও প্র্যাকটিস করতে গেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল শেষ হয়েছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল। টুর্নামেন্টে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা রানার্সআপ টাঙ্গাইলের মোহাম্মদ ইলিয়াস। বাবা নেই, ফুফাতো ভাইয়ের বাড়িতে থেকে নিজের বেড়ে ওঠার গল্প শোনাল নবম শ্রেণীর ছাত্র এই কিশোর  শেষ পর্যন্ত তোমার দলকে চ্যাম্পিয়ন করতে পারলে না। কতটা খারাপ লাগছে?মোহাম্মদ ইলিয়াস: খুব খারাপ লাগছে। আমার এখন কান্না আসছে। আশা ছিল, আমরা চ্যাম্পিয়ন হব। কিন্তু আজ টাইব্রেকারে হেরে গেলাম ঢাকা মহানগর স্কুল একাদশের কাছে। দুর্ভাগ্য আমাদের।  তুমি প্রথম দুই ম্যাচেই দুটি হ্যাটট্রিক করেছ। পরের ম্যাচে দুই গোল। শেষটা তো ভালো হলো না...ইলিয়াস: আজ আমাকে একাদশে নামাননি কোচ। কেন নামাননি, কোচ বলতে পারবেন। যা-ই হোক, যতটুকু খেলেছি, আশা ছিল গোল করব। কিন্তু আজ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। টাইব্রেকারেও মিস করলাম। তুমি এমনিতে ফুটবলে এসেছ কীভাবে?ইলিয়াস: টাঙ্গাইলের ভূঞাপুরে আমাদের বাড়ির কাছে এক কাকা আছেন। তাঁর নাম কাইয়ুম। তিনি এলাকার পোলাপানদের প্র্যাকটিস করাতেন। ৩০ জন ছিল তাঁর ছাত্র। সেখানে তাঁর কাছে আমিও প্র্যাকটিস করতাম। এভাবেই শুরু।  তার পর?ইলিয়াস: এলাকায় সেভ দ্য চিলড্রেন নামে একটা প্রোগ্রাম হয়েছে তখন। এতে ফুটবল টুর্নামেন্ট হয়েছে। আমার কোচ আতিকুর রহমান স্যার আমাকে খেলালেন। এরপর ২০০৯ সালে সারা দেশে অনূর্ধ্ব-১৩ ফুটবলে সেরা খেলোয়াড় হয়েছি।  তোমার লক্ষ্য কী? কাউকে অনুসরণ করো?ইলিয়াস: আমার লক্ষ্য বাংলাদেশ জাতীয় দলে খেলা। বাংলাদেশে আমি ফলো করি এমিলি ভাইকে, আর বিদেশে মেসিকে।  মেসি তো সেদিন ঢাকায় খেলে গেল। খেলা দেখেছ?ইলিয়াস: না, মাঠে এসে দেখার সুযোগ পাইনি। অনেক টাকা লাগত। কোথায় পাব এত টাকা? তবে টিভিতে দেখছি। আমার ফুফাতো ভাইয়ের টিভি আছে। ওনার টিভিতে দেখছি।  তুমি কি ফুফাতো ভাইয়ের বাড়িতে থাক?ইলিয়াস: হ্যাঁ, আমি আর আমার মা আমার ফুফাতো ভাইয়ের বাড়িতে থাকি। ফুফাতো ভাইয়ের নাম লিয়াকত আলী ভোলা। আমার বাবা মারা গেছেন। বাড়িতে আমাদের ঘর আছে। তবে থাকি ফুফাতো ভাইয়ের কাছে। তার একটা অফসেট প্রেস আছে। তিনিই আমাদের সব। তোমরা কয় ভাই-বোন? ইলিয়াস: আমরা দুই ভাই। ভাই আমার বড়। কিন্তু সে আমাদের সঙ্গে থাকে না। মাকে টাকা-পয়সাও দেয় না। আমাকে আমার মা অনেক কষ্ট করে এ পর্যন্ত এনেছেন।  তোমার বাবা এমনিতে কী করতেন?ইলিয়াস: আমার বাবা মৃত মুকুল মিয়া। তাঁর একটা মনিহারী দোকান ছিল। এখন বাবা নেই, দোকানও নেই। মা আমার এক দাদার বাড়িতে যাতায়াত করতেন। ওখান থেকে কিছু টাকা-পয়সা পেতেন। ওটা দিয়ে কোনো রকমে চলত।  তোমার কথা শুনে মনে হচ্ছে, অনেক কষ্ট করে এত দূর এসেছ। ফুটবল খেলতে তো ভালো খাওয়া-দাওয়া করতে হয়। সেটা কি করতে পার? ইলিয়াস: পাই না। এমনও দিন গেছে, না খেয়েও প্র্যাকটিস করতে গেছি। অনেক সময় মায়ের রান্নার দেরি দেখেও অপেক্ষা না করে চলে গেছি।