প্রিমিয়ার লিগে খেলছেন তিন বছর ধরে, জাতীয় লিগে এটি দ্বিতীয় মৌসুম। বয়সভিত্তিক আর একাডেমি ক্রিকেট দিয়ে আসিফ আহমেদ (রাতুল) এর মধ্যেই চিনিয়েছেন নিজেকে। জাতীয় লিগে ঢাকা মহানগরের হয়ে রংপুরের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরিটি করার পর বললেন ক্রিকেটার হিসেবে তাঁর লক্ষ্যের কথা এবারের জাতীয় লিগের প্রথম সেঞ্চুরিয়ান বলে আলাদা রকম একটা ভালো লাগা আছে নিশ্চয়ই?আসিফ আহমেদ: ভালো তো লাগবেই। সবারই স্বপ্ন থাকে সেঞ্চুরি করার। তবে এ বছর আমার একটা স্বপ্নই পূরণ হলো এখন পর্যন্ত। আরও একটা স্বপ্ন আছে। আশাবাদী সেটাও পূরণ হবে। কী সেই স্বপ্ন?আসিফ: জাতীয় লিগের এক আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান (১০১২) নান্নু স্যারের (মিনহাজুল আবেদীন)। আমি ওই রেকর্ডটা ভাঙতে চাই। এ বছর এখনই আমার ৫৬৯ রান হয়ে গেছে। এখনো বাকি আছে এগারোটা ইনিংস। আমি যদি আরও দু-একটা সেঞ্চুরি করতে পারি তাহলে কাজটা আমার জন্য সহজ হয়ে যাবে। এটি আপনার মাত্র দ্বিতীয় জাতীয় লিগ। প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার অভিজ্ঞতাটা কেমন?আসিফ: গতবার বরিশাল বিভাগের হয়ে খেলেছি, অত তারকা ছিল না ওই দলে। এবার ঢাকা মেট্রোতে আশরাফুল ভাইয়ের সঙ্গে খেলছি। ইলিয়াস সানি, মেহরাব ভাইয়েরা আছেন। খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে। আশরাফুল ভাইয়ের সঙ্গে এই ম্যাচে ২২৫ রানের জুটি হয়েছে। তাঁর মতো ব্যাটসম্যানের সঙ্গে এতক্ষণ ব্যাটিং, একসঙ্গে উইকেটে থাকা বিরাট ব্যাপার। আশরাফুল ভাই এখনো বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। মাঠে উনি আমাকে অনেক পরামর্শ দিচ্ছেন। এ ছাড়া মেহরাব ভাইসহ দলের সবাই-ই আমাকে সাহায্য করছেন। ক্রিকেটে কীভাবে এলেন?আসিফ: আমি অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭, ১৯ সব খেলেছি। সর্বশেষ একাডেমিতে খেলেছি। দক্ষিণ আফ্রিকা সফরের দলে ছিলাম, এসএ গেমসও খেলেছি। শুরুর কথা বলুন। ক্রিকেটের প্রতি আগ্রহী হলেন কী করে?আসিফ: আমাদের পরিবারের মধ্যেই খেলা জিনিসটা আছে। শুনেছি, আব্বা কাবাডি খেলতেন। খেলাধুলা খুবই পছন্দ তাঁর। বড় ভাই মারুফ আহমেদ ফুটবলার, জাতীয় দলের হয়েও খেলেছেন। ভাইয়া ফুটবলার বলে চাইতেন, আমি যেন ক্রিকেটে ঢুকি। আমারও আগ্রহ ছিল। ২০০৫-এ বিকেএসপিতে ভর্তি হলাম। বাবার স্বপ্ন, ভাইয়ার মতো আমিও একদিন জাতীয় দলে খেলব। আর আমি যখন খেলাধুলা বুঝতে শুরু করি তখন বাংলাদেশের প্রধান খেলা ক্রিকেট হয়ে গেছে। ক্রিকেটে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হওয়া যায়, খ্যাতি পাওয়া যায়। বাবা আর ভাই-ই তাহলে আপনার মূল প্রেরণা?আসিফ: আমাদের পুরো পরিবারই খেলাধুলায় আগ্রহী। আগে যখন প্র্যাকটিসে যেতাম, আম্মু পানির বোতল নিয়ে বসে থাকতেন। আমাকে দিয়ে আসতেন, নিয়ে আসতেন। আমার খেলার দিন আমার খালাতো ভাই, বোন, আম্মু সবাই মাঠে যেতেন। ক্রিকেটে আপনার আদর্শ কে?আসিফ: বাংলাদেশে আশরাফুল ভাই, সাকিব ভাই আর তামিম ভাই। তাঁদের খেলা অনেক ভালো লাগে। আর দেশের বাইরে শচীন টেন্ডুলকার। ক্রিকেটে কত দূর যেতে চান?আসিফ: ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন দেখি। আমার বিশ্বাস, আগামী দু-এক বছরের মধ্যেই স্বপ্নটা সত্যি হবে। নিজেকে সেভাবেই তৈরি করছি। জাতীয় দলে তিন নম্বর জায়গা নিয়ে সমস্যা আছে। কোচরা আমাকে বলেছেন, আমি চাইলে তিন নম্বরে ভালো ব্যাটসম্যান হতে পারি। তবে জাতীয় দলে যখনই আসি, লম্বা সময় খেলতে চাই। আপনি তো অফ স্পিন বলও করেন। বোলিংটা কেমন লাগে?আসিফ: বোলিং নিয়ে আমি কমই কাজ করি, বেশি কাজ করি ব্যাটিং নিয়ে।্রব্যাটিংটা অনেক ভালো লাগে। তবে ঘরোয়া ক্রিকেটে বোলিংও খারাপ করছি না। গত প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকসহ ১৮টি উইকেট ছিল বিকেএসপির হয়ে।