নারী উন্নয়ন নীতির বিরুদ্ধে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ করেছে কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। এসব দলের নেতারা বলেছেন, তাঁরা নারী-পুরুষের সমানাধিকার মেনে নেবেন না। কারণ ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। সরকার এমনটি করতে চাইলে ক্ষমতা থেকে টেনে নামানোর হুমকি দেন তাঁরা।ধর্মভিত্তিক দলের নেতারা বলেছেন, নারী উন্নয়ন নীতিতে সম্পত্তিতে নারীদের সমানাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এই নীতি কোরআনের বিধানের পরিপন্থী।গতকাল শুক্রবার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ ও মিছিল করে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া। জুমার নামাজের পর একে একে কয়েকটি ধর্মভিত্তিক দলের মোর্চা ইসলামি আইন বাস্তবায়ন কমিটি, একই ধরনের আরেক মোর্চা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও খেলাফত মজলিস সমাবেশ করে। সবচেয়ে বড় সমাবেশটি করে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। এসব সমাবেশে নারীনীতির সমালোচনার পাশাপাশি হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিল, ফতোয়ার বিষয়ে মতামত দিতে বেফাকুলের সঙ্গে পরামর্শ করে পাঁচজন আলেম নির্বাচনসহ বিভিন্ন দাবি জানানো হয়। সমাবেশ শেষে প্রতিটি দল ও সংগঠন মিছিল করে।এসব কর্মসূচির কারণে গতকাল সকাল থেকেই পল্টন, মুক্তাঙ্গন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মিছিলের সামনে ও পেছনে পুলিশ পাহারা ছিল। পুলিশের আচরণ ছিল অনেক নমনীয়।আইন পর্যালোচনার জন্য কমিটি করবে বেফাকুল: বেফাকুলের সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা আবদুল জাব্বার জানান, নারী উন্নয়ননীতি, জাতীয় শিক্ষানীতিসহ বিভিন্ন আইন ও নীতিমালায় ইসলামবিরোধী কোনো ধারা আছে কি না, তা খুঁজে বের করতে তাঁরা একটি কমিটি করবেন। সরকার যেন এই কমিটির মতামত মেনে নেয়।সভাপতির বক্তব্যে বেফাকুলের সহসভাপতি মাওলানা আশরাফ আলী বলেন, হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিল করতে হবে। হাইকোর্ট পাঁচজন আলেমের মতামত নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এই আলেমদের নির্বাচন করলে সেটা মেনে নেওয়া হবে না। বেফাকুলের সঙ্গে পরামর্শ করে আলেমদের নির্বাচন করতে হবে। বিকেলে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সমাবেশে সংগঠনের আমির মুফতি ফজলুল হক আমিনী বলেন, ‘আমরা পাশ্চাত্যের ধাঁচে কোনো আইন মানি না। দেশ চালাতে কোনো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় লাগবে না। আমরা কোরআন পড়ে দেশ চালাব। বাংলার মাটিতে কোরআন চালু করতে হবে। যাঁরা কোরআনকে বিদায় করতে চান, তাঁদেরই এ দেশ থেকে বিদায় করা হবে।’নারী কর্মীদের অশালীন ভাষায় আক্রমণ: ইসলামী আন্দোলনের সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মো. ফয়জুল করীম নারী কর্মীদের অশালীন ভাষায় আক্রমণ করে বক্তব্য দেন। বলেন, ‘নারীদের সম-অধিকার দিলে সমাজ ও পরিবারের মধ্যে আগুন লাগবে। নারী অধিকারের নামে যাঁরা চিল্লাচ্ছেন, তাঁদের পারিবারিক বন্ধন খুব দুর্বল। আপনাদের স্বামী আপনাদের অধিকার দেয়নি। আমরা আমাদের স্ত্রীদের অধিকার দিয়েছি।’ফয়জুল করীম বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ফতোয়াকে নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। দোররা মারার কথা বলা হয়। কিন্তু কোন আলেম দোররা মারার কথা বলেছেন? এগুলো সব মিডিয়ার সৃষ্টি।জামায়াতে ইসলামী প্রভাবিত সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানী বলেন, কোরআনবিরোধী কোনো আইন করার চেষ্টা করা হলে এ দেশের মানুষ তা প্রতিহত করবে। প্রয়োজনে জনগণ এ দেশে ইসলামি বিধান প্রতিষ্ঠা করে ছাড়বে।