‘নাসিম ভাইয়ের ফ্রি’ সেবা
বাউলসম্রাট শাহ আবদুল করিম। মৃত্যুর বছর তিনেক আগে অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিলেন না। এ সময় এগিয়ে এলেন সিলেট নগরের বেসরকারি হাসপাতাল নূরজাহান হসপিটাল (প্রা.) লিমিটেডের স্বত্বাধিকারী নাসিম আহমেদ। তিনি বাউলসম্রাটকে হাসপাতালে এনে সম্পূর্ণ বিনা খরচে মৃত্যুর আগ পর্যন্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। তখন থেকে দেখা গেছে, যখনই বাউলসম্রাটের শারীরিক অবস্থার অবনতি দেখা দিত, তখনই নূরজাহান হাসপাতালে তাঁকে ভর্তি করা হতো। গত বছরের ১২ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় বাউলসম্রাট ওই হাসপাতালেই মৃত্যুবরণ করেন।শুধু বাউলসম্রাট নন, সিলেট অঞ্চলের প্রখ্যাত রাজনীতিবিদ কমরেড প্রসূণকান্তি রায়কেও (বরুণ রায়) এই হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা কাকনবিবিকে আজীবন চিকিৎসাসেবা দেওয়া হবে বলেও হাসপাতালের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্যও রয়েছে ফ্রি চিকিৎসার ব্যবস্থা। এ ব্যাপারে নাসিম আহমেদের মুখোমুখি হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘১৯৮৪ সালে হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে আমরা সিলেট অঞ্চলের অর্থসংকটে থাকা জ্ঞানী-গুনী ও সম্মানিত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করে আসছি। ব্যবসার পাশাপাশি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এই হাসপাতালে আমরা সমাজের এসব গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যক্তিকে আজীবন ফ্রি সেবা দিতে পারলে গর্ব অনুভব করতে পারব।’ তিনি জানান, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও প্রতি বছর কয়েকটি নির্দিষ্ট সময়ে দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনা মূল্যে অপারেশনের ব্যবস্থা নেওয়া হয়।