‘নাহ্, পুরো বাজারটাই দুষ্টু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজার নিয়ে আবারও বিরক্তি প্রকাশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার জাতীয় সংসদে শেয়ারবাজারকে ‘দুষ্টু বাজার’ আখ্যায়িত করার পর গতকাল বুধবারও একই কথা বললেন তিনি।অর্থমন্ত্রী বলেছেন, ‘বাজার ভালোভাবে চলছে না। আই অ্যাম একদম ফেড আপ।’সচিবালয়ে সমুদ্রগামী জাহাজ মালিক সমিতি ও সুপার মার্কেট মালিক সমিতির সঙ্গে ভিন্ন বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেছেন অর্থমন্ত্রী।দুষ্টু বাজার বলার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে—সাংবাদিকেরা এ প্রসঙ্গ তুললে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, সমালোচনা তারা করতেই পারে।’আপনি গোটা বাজারকে দুষ্টু বলেছেন, তারা তো বলছে কিছু লোক দুষ্টু হতে পারে—প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী বলেন, ‘নাহ্, পুরো বাজারটাই দুষ্টু।’বিনিয়োগকারীদের প্রতি ইঙ্গিত করে মুহিত বলেন, ‘আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। কিন্তু বাজার তো ছাড়ছি না।’বাজার নিয়ে আপনি কি হতাশ—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমার হতাশা আছে। অবশ্যই আমি হতাশ।’ এ সময় সাংবাদিকদের উদ্দেশে দুটি প্রশ্ন ছুড়ে দিয়ে নিজেই তাঁর জবাব দেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘দেশের প্রকৃত বার্ষিক মোট বিনিয়োগ কত? এই ধরেন, ২৫ শতাংশ। এর মধ্যে শেয়ারবাজারের অংশ কতটুকু? বড়জোর এক শতাংশ।’দুষ্টু বাজারকে শিষ্ট করার দায়িত্ব তো আপনাদের—এ বিষয়ে অর্থমন্ত্রীর জবাব, ‘হ্যাঁ, এ জন্য ওষুধ যেটা, সেটা আসবে পরে।’মোবাইল ফোনের ওপর কর বসানোর প্রস্তাবে এত প্রতিক্রিয়া হবে ভাবেননি বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘এটি পরিবর্তন করা হবে। কয়েকটি স্তর করা যেতে পারে। যেমন—এত টাকার বেশি বিল হলে এত টাকা কর দিতে হবে—এ রকম।’ পরিবর্তন করতে গেলে একটি প্রক্রিয়ার মধ্যে যেতে হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘তবে ২৭ জুনের আগেই তা করা হবে।’জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ঘোষণা তো দিয়েছি, সেভাবেই হবে। তার আগে আন্তমন্ত্রণালয়ের একটি বৈঠক করতে হবে। বৈঠকটি করতে আমিই একটু দেরি করছি।’কেন দেরি করছেন তার বিশদ ব্যাখ্যা না দিয়ে অর্থমন্ত্রী শুধু এটুকু বলেন, ‘ঘোষণা বাস্তবায়নের জন্য রাজনৈতিক বিচার-বিবেচনা (পলিটিক্যাল জাজমেন্ট) দরকার।’মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুতের ব্যাপারে একটি বৈঠক হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘যে বিষয়গুলো ইতিমধ্যে বলা হয়েছে, সেগুলোই বৈঠকে আলোচনা হয়েছে। যদিও প্রতিমন্ত্রী একজন আছেন, তবে প্রধানমন্ত্রী নিজেই কিন্তু বিদ্যুৎমন্ত্রী। বৈঠকে আলোচনা হয়েছে, বিবিয়ানা-১, বিবিয়ানা-২ ইত্যাদি বিদ্যুৎ প্রকল্প হতে দেরি হয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এগুলো নিয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না।’বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নের জন্য তাঁকে প্রধান করে মঙ্গলবার একটি কমিটি করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ১৯ বা ২০ জুন এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।’চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে অবকাঠামো খাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ রাখা হয়েছিল। অর্থমন্ত্রী বলেছিলেন, ‘বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিলে (বিআইএফএফ) ইস্যুকৃত বন্ডে ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত ১০ শতাংশ হারে কর প্রদান সাপেক্ষে বিনিয়োগের বিধান প্রবর্তন করা হবে।’ কিন্তু সেই বন্ড ছাড়া হয়নি বা এবারের বাজেট বক্তব্যে এ বিষয়ে কিছু বলাও হয়নি—এ বিষয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘অন্য বিধিবিধান সব হয়ে গেছে। এখন বন্ডের আকার, কত বছর মেয়াদে তা করা হবে, দুই বছর, পাঁচ বছর না ১০ বছর—এ জন্য মাশুলই বা কী দিতে হবে, তা নির্ধারণ করতে হবে।’ আগামী জুলাইয়ের মধ্যে এ বিষয়গুলো চূড়ান্ত করা যাবে বলে তিনি আশাবাদী।