‘না’ ভোটের সমর্থনে মিসরের সরকারবিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সরকার আজ বুধবার ঘোষণা করেছে, দুদিন পর খসড়া সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। ঘোষণায় বলা হয়, ১৫ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে মিসরজুড়ে ভোট গ্রহণ চলবে। তবে, বিরোধী দলগুলোর জোট ‘ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’ (এনএসএফ) ভোটারদের ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, এনএসএফ জনগণকে ‘না’ ভোটের পক্ষে সংগঠিত করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সরকার গণভোটের তারিখ নিশ্চিত করল। তবে বিরোধী জোট এ-ও ঘোষণা করেছে, সরকার তাদের দাবি না মানলে, তারা গণভোট বয়কট করবে।বিবিসি জানিয়েছে, সরকারবিরোধী জোটের অন্যতম নেতা হামদিন সাব্বাহি আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের দাবি হলো, বিচার বিভাগের তত্ত্বাবধানে এবং স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর পর্যবেক্ষণে ভোট গ্রহণ, ভোটের সময় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা, ভোট গণনা শেষ হওয়ামাত্র বিস্তারিত ফলাফল ঘোষণা করা এবং এক দিনে দেশজুড়ে ভোটের আয়োজন করা। দুদিন পর গণভোট আয়োজনের সরকারি ঘোষণার পর বিক্ষোভকারীরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে খসড়া সংবিধান বাতিল, গণভোট পিছিয়ে দেওয়া এবং নতুন আইন পরিষদ গঠন করে সংবিধান প্রণয়নের দাবিতে সরকারবিরোধীরা আন্দোলন করেছিল। বিশ্লেষকরা ধারণা করছেন, বিরোধী জোটের নতুন করে ভোট বর্জনের ঘোষণার পর সরকারবিরোধীরা আবারও তাহরির স্কয়ারে অবস্থান নেবে এবং দেশে অচলাবস্থা তৈরি হবে।এদিকে গণভোটে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও তাঁর দল মুসলিম ব্রাদারহুডের জয়লাভ এখনো নিশ্চিত নয়।তবে বিরোধী জোটের নেতারা আজ ঘোষণা করেছেন, তাঁরা সেনাবাহিনী আয়োজিত ‘জাতীয় ঐক্যের সংলাপে’ অংশ নিতে যাচ্ছেন।আমর মুসা, মোহাম্মদ আলবারাদি, বামপন্থী নেতা হামদিন সাবাহি এবং ওয়াফদ পার্টির নেতা মনির ফখরি আবদেল নুর নিশ্চিত করেছেন, তাঁরা সংলাপে যাচ্ছেন। তবে সেনাবাহিনীর কর্মকর্তারা আজ জানিয়েছেন, তাঁদের আহ্বানে খুব কম দল ও ব্যক্তি সাড়া দেওয়ায় তাঁরা ‘জাতীয় ঐক্যের সংলাপের’ তারিখ পিছিয়ে দিয়েছেন।গত মাসে দেশটির জাতীয় পরিষদের ভোটে খসড়া সংবিধান অনুমোদিত হয়। তবে গণভোট না হওয়া পর্যন্ত তা কার্যকর হবে না।