‘নিজস্ব আদালত’ পরিচালনাকারী চেয়ারম্যানের বিরুদ্ধে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদরের একটি ইউনিয়নে ‘নিজস্ব আদালত’ পরিচালনাকারী চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই চেয়ারম্যানের এ ধরনের কাজ কেন অবৈধ হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেছেন।গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই চারজনকে ১২ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।গতকাল রোববার দৈনিক প্রথম আলোতে ‘এক চেয়ারম্যানের নিজস্ব আদালত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ খবরটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এরপর শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন।গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নে চেয়ারম্যান গোলাম সাদেক ওরফে লেবু নিজস্ব নিয়মকানুনে বিচার চালু করেছেন। ২০১১ সালের ২৭ জুলাই চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি শনিবার গ্রামটিতে ‘আদালত’ বসান তিনি। ওই আদালতে বিচার চাইতে হলে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে হয়। বিচারের দিন হাজির না হলে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। ওই দিন বাদী-বিবাদী দুই পক্ষকে টাকা দিয়ে কথিত ‘আইনজীবী’ নিয়োগ করতে হয়। নইলে বিচার করেন না ‘বিচারক’।