‘নিজামীকে বেশ চিন্তিত ও গম্ভীর মনে হচ্ছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমামুজ্জামানও ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে জড়িয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন।বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে আজ বৃহস্পতিবার ইমামুজ্জামান অস্ত্র ও চোরাচালান আইনে করা আলাদা দুটি মামলায় এই সাক্ষ্য দেন। পরে নিজামীর কৌঁসুলি তাঁকে জেরা করেন। তাঁর অসমাপ্ত জেরা আগামী ১৪ মার্চ পর্যন্ত আদালত মুলতবি রেখেছেন।ইমামুজ্জামান আদালতে বলেন, ২০০৪ সালের ৪ এপ্রিল তত্কালীন শিল্পসচিব শোয়েব আহমেদের কাছে করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি দিক-নির্দেশনা দিতে পারেননি। বরং তিনি বললেন, ‘শিল্পমন্ত্রীকে আমি (শোয়েব আহমেদ) বিষয়টি জানিয়েছি। মন্ত্রী বললেন, এ ব্যাপারে তাঁর (মন্ত্রী নিজামী) করার কিছু নেই। আপনি সংস্থার প্রধান হিসেবে মন্ত্রী মহোদয়কে ঘটনা সম্পর্কে সব খুলে বলুন।’ইমামুজ্জামান আদালতে আরও বলেন, ‘আমি শিল্প মন্ত্রীর কক্ষে গিয়ে ১০ ট্রাক অস্ত্র খালাস সম্পর্কে বিবরণ দিচ্ছিলাম। এ সময় মন্ত্রী ঘটনাটা শুনছেন বলে জানান। মন্ত্রী আরও বললেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করেছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে। শিল্প মন্ত্রণালয় থেকে আলাদাভাবে করার কিছু নেই বলে মন্ত্রী জানান। আমি আবারও বলি, যেহেতু ঘটনাটি সিইউএফএলের জেটি ঘাটে ঘটেছে, তাই শিল্প মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করলে ভালো হয়। উনি (নিজামী) কোনো উত্তর দেননি। মনে হলো বিষয়টা উনি এড়িয়ে যাচ্ছেন। উনাকে বেশ চিন্তিত ও গম্ভীর মনে হচ্ছিল।’মন্ত্রীর কক্ষ থেকে বেরিয়ে আবার শিল্পসচিবের কক্ষে যান বলে ইমামুজ্জামান। এ প্রসঙ্গে তিনি আদালতে বলেন, ‘শিল্পসচিবকে মন্ত্রীর সঙ্গে আলাপের সারসংক্ষেপ জানাই। এরপর আমি আমার নিজ দপ্তরে চলে যাই। অস্ত্র আটক-সংক্রান্ত সিইউএফএল কর্তৃপক্ষের একটি প্রতিবেদন ওই সপ্তাহে পাই। প্রতিবেদনটি সংক্ষিপ্ত ছিল।’প্রতিবেদনে দুর্বলতা প্রসঙ্গে ইমামুজ্জামান বলেন, ‘অস্ত্র শব্দটি ব্যবহার না করে মালামাল আটক হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ ছিল। দায়সারা এই প্রতিবেদন আমি না পাঠিয়ে প্রকৃত ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন শিল্প মন্ত্রণালয়ে পাঠাই। পরে শিল্প মন্ত্রণালয় থেকে কেউ পত্রালাপ কিংবা যোগাযোগ করেনি। আমার পাঠানো প্রতিবেদনের ওপর কোনো জবাবও পাইনি।’১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের অনীহার কথাও ইমামুজ্জামান আদালতে তুলে ধরেছেন। এ প্রসঙ্গে তিনি আদালতে বলেন, ‘মন্ত্রণালয়ের অনীহা ও অনাগ্রহ ও দিক-নির্দেশনা না পাওয়ার কারণে আমরা কোনো পদক্ষেপ নিতে পারিনি। শিল্পমন্ত্রীও কোনো কথা বলেননি।’সাক্ষ্যগ্রহণের সময় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক শীর্ষ কর্মকর্তাদের আদালতে হাজির করা হয়।প্রসঙ্গত, ২০০৪ সালের ২ এপ্রিলের প্রথম প্রহরে সিইউএফএলের জেটি ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক হয়। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো খালাস হয় বলে পুলিশের তদন্তে জানা যায়। অধিকতর তদন্তের পর গত বছরের ২৬ জুন সিআইডি পুলিশ আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। গত বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আর ২৯ নভেম্বর থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়।