‘নিজামীরা দেখিয়ে দিলে সেনারা ৪৫০ জনকে হত্যা করে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মো. শামসুল হক জবানবন্দিতে বলেছেন, একাত্তরের ১৪ মে নিজামী ও তাঁর সহযোগীরা দেখিয়ে দিলে পাকিস্তানি সেনারা পাবনায় তিন গ্রামের ৪৫০ নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করে। তিনি গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দেন।বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শামসুল হকের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী হাজির ছিলেন।জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের একাদশ সাক্ষী শামসুল হক (৬০) বলেন, তাঁর বাড়ি পাবনার সাঁথিয়া থানার ছোট পাথাইল হাট গ্রামে। একাত্তরে তিনি পাবনা এডওয়ার্ড কলেজে স্নাতক শ্রেণীতে পড়তেন। একাত্তরের ১৪ মে পাকিস্তানি সেনারা পাবনার রূপসী, বাউশগাড়ি ও ডেমরা গ্রামে পূর্বপরিকল্পিত আক্রমণ চালায়। সেদিন তিনি বন্ধু বেনু রায়ের বাড়িতে ছিলেন। ব্রাশফায়ারের শব্দে তিনি রাস্তায় গিয়ে দেখেন, নিজামী, মাওলানা আবদুস সুবহান, মাওলানা ইছহাক, রফিকুন নবী যাঁদের দেখিয়ে দিচ্ছেন, পাকিস্তানি সেনারা তাঁদের গুলি করে হত্যা করছে। তিনি প্রাণের ভয়ে ধানখেতে লুকান। সেখান থেকে দেখেন, প্রাণ বাঁচাতে লোকজন দৌড়াদৌড়ি করছে। ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে, ঘর থেকে নারীদের ধরে গাড়িতে তোলা হচ্ছে। সেদিন ওই তিন গ্রামের ১৩৭টি ঘরবাড়ি, মসজিদ, দোকানঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। গ্রামগুলোর ৩০-৪০ জন নারী ধর্ষণের শিকার হন। দুজন কলেজছাত্রীর নাম উল্লেখ করে তিনি বলেন, ওই দুজনকে তুলে নিয়ে যাওয়ার পর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ওই দিনের ঘটনায় যাঁরা মারা গিয়েছিলেন, তাঁদের মধ্যে আজগর, আবদুল, আবুল, আহেছ, আকেন, হাফেজ, ক্ষুদে রায়, বলরাম রায়, দিলীপ কুমার রায়, মনীন্দ্রনাথ নন্দী, আলম প্রামাণিক তাঁর পরিচিত ছিলেন। ওই দিন তিন গ্রামের প্রায় ৪৫০ জন মারা যান।শামসুল হক আরও বলেন, একাত্তরের ৯ এপ্রিল ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) নিজামী, সুবহান, ইছহাক, রফিকুন নবীরা পাকিস্তানি সেনাদের পথ দেখিয়ে পাবনায় নিয়ে যান। ১১ এপ্রিল বিকেলে পাবনা শহরের শালগাড়িয়ায় তাঁর (সাক্ষী) পৈতৃক বাড়িতে পাকিস্তানি সেনারা আক্রমণ ও লুণ্ঠন করে। সেনাদের পথ দেখিয়ে সেখানে নিয়ে যান নিজামী ও তাঁর দলবল। নিজামী আলবদর বাহিনীর প্রধান ছিলেন এবং তাঁর নির্দেশে পাবনায় হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধ ঘটে।রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে আসামিপক্ষের জেরার জন্য ২৬ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।