‘নিজেকে আবার প্রমাণ করেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট-আঘাতের কাছে হার মানেননি। সম্প্রতি ঘরোয়া তিনটি প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব দেখিয়ে দোর্দণ্ড প্রতাপে খেলায় ফিরেছেন। এখনো দেশের কাবাডিতে অপ্রতিদ্বন্দ্বী, একসময়ের বিশ্বসেরা রেইডার জিয়াউর রহমান (জিয়া) ফিরতে পারেন জাতীয় দলে কাবাডি বিশ্বকাপ আগামী মার্চে ভারতে। শুনলাম আপনাকে ডাকা হচ্ছে জাতীয় দলে। যাবেন?জিয়াউর রহমান: যাব কি না, বলতে পারছি না। আমিও শুনেছি জাতীয় দলে ডাক পাব। আগে ডাক পাই, তারপর দেখা যাবে।  জাতীয় দলে ফেরার ব্যাপারে আপনার নিজের মধ্যে যেন একটা সংশয় আছে!জিয়াউর: কারণ আছে। ২০১০ সালে ঢাকায় এসএ গেমসের আগে আমার লিগামেন্ট ছিঁড়ে যায়। আপনারা লেখালেখি করায় চিকিৎসার জন্য বিওএ আমাকে ব্যাংককে পাঠায়। এ জন্য আমি বিওএ, মিডিয়া, ফেডারেশনের কাছে কৃতজ্ঞ। কিন্তু এরপর অনুপ্রেরণা জোগানোর মতো কাউকে আর সেভাবে পাশে পাইনি। সম্পূর্ণ নিজের চেষ্টায় সংগ্রাম করে ফিরে এসেছি। তাই মনটা আর আগের মতো টানে না। এটা কি শুধুই অভিমান, নাকি অন্য কোনো কারণ আছে?জিয়াউর: সব মিলিয়েই আগ্রহটা হারিয়ে ফেলেছি। সবচেয়ে খারাপ লেগেছে গুয়াংজু এশিয়াডে খেলতে পারিনি বলে। এসএ গেমসে খেলিনি ইনজুরির কারণে, সেটা ঠিক আছে। কিন্তু এশিয়াডের আগে ফেডারেশন মিডিয়াকে বলেছিল আমি নাকি ফিট নই। অথচ আমাকে কিছু জিজ্ঞেস করা হয়নি। আমি তখন ফিট ছিলাম।  আপনি একসময় বিশ্বের সেরা রেইডার ছিলেন। এখনো কি মনে করেন নিজের জায়গায় আপনিই সেরা?জিয়াউর: বছর তিনেক আন্তর্জাতিক কাবাডি খেলিনি। তবে দেশে আমি নিজেকে আবার প্রমাণ করেছি। সার্ভিসেস ও আন্তসেক্টর কাবাডিতে সেরা হয়েছি। সর্বশেষ ঢাকা লিগে আমি যৌথভাবে সেরা হয়েছি। এই সব প্রতিযোগিতায় দেশের সেরা খেলোয়াড়েরাই ছিল। আমি ভালো পারফরম্যান্স করে যাচ্ছি, আমি যে ফিট ছিলাম এটা তারই প্রমাণ।  মাঝখানে কথা উঠেছিল আপনি অবসর নিতে পারেন জাতীয় দল থেকে। অবসর নিয়ে কিছু ভাবছেন?জিয়াউর: বিশ্বকাপে খেললে বিশ্বকাপ শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আর না খেললে শেষই বলতে পারেন। ১৯৯৫ সাল থেকে জাতীয় দলে খেলছি, দীর্ঘদিন অধিনায়ক ছিলাম। ১৭ বছর তো হয়ে গেল। অবসরের সিদ্ধান্ত নিলে সবাইকে জানাব। দেশের কাবাডির অবস্থা কেমন দেখছেন? অনেকে তো বলছেন কাবাডি শেষ!জিয়াউর: এটা সত্যি কথা, আমাদের গর্বের কাবাডি অনেক পিছিয়ে গেছে। গুয়াংজু এশিয়াডে এবার পদকই আসেনি। আমাদের দল জাপানের কাছে হেরেছে। সেই থেকে বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে না। এখন আমাদের দলের ভবিষ্যৎ কী, বলা মুশকিল। নতুন করে খেলার পর বলা যাবে আমরা কোথায় আছি। শুনলাম ভারতে কাবাডির আইপিএল হচ্ছে এবং আপনার যাওয়ার সম্ভাবনা আছে?জিয়াউর: ফেডারেশনের কাছে ভারত নাকি দুজন খেলোয়াড়ের নাম চেয়েছে। তার মধ্যে ফেডারেশন আমার নামও দিয়েছে (আরেকজন মুসা)। টুর্নামেন্ট কবে হবে ভারত কিছু জানায়নি। বিশ্বকাপের প্রস্তুতি এখনো শুরু করেনি ফেডারেশন। ১৫ জানুয়ারি শুরু হবে বলে শুনছি। আপনার কি মনে হয় বিশ্বকাপে পদক আসবে?জিয়াউর: গুয়াংজুর আগের সব এশিয়ান গেমস, বিশ্বকাপে পদক আছে আমাদের। যদিও এখন আমাদের দল ভেঙে গেছে, তার পরও পদক জয়ের জন্য বিশ্বকাপে আমরা ঘুরে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। কাবাডি এখন সেই কাদামাটির খেলা নয়, অনেক আধুনিক। নতুন অনেক দল এসেছে। সেই অনুযায়ী আমাদের শুধু পরিকল্পনা নয়, মহাপরিকল্পনা নিতে হবে।  মাঝের দুঃসময়টা কীভাবে কেটেছে আপনার?জিয়াউর: ভীষণ মানসিক কষ্টে কেটেছে। চারদিকে এত খারাপ খবর ছিল যে মাঝেমধ্যে ভেঙে পড়তাম। থাক, এসব না-ই বলি। কিন্তু ভেতরে ভেতরে আমি শক্তি সঞ্চয় করেছি। ফিরে এসেছি আমার কাছের মানুষদের শুভকামনায়।