‘নিজেকে প্রকাশ করো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার সম্প্রতি ‘নিজেকে প্রকাশ করো’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। গত ২১ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আড়াই সপ্তাহব্যাপী আমেরিকান চিত্রশিল্পী মিরা ফ্রিডল্যান্ডার ও টেড রিডেরার বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্পী, চারুকলার প্রতিভাবান শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিশুদের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম জেলায় কয়েকটি কর্মশালায় অংশগ্রহণ করেন। এই আয়োজনে সৃষ্ট ছবিগুলো নিয়ে গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে ‘নিজেকে প্রকাশ করো’ শীর্ষক প্রদর্শনী।গতকাল সন্ধ্যায় এই প্রদর্শনীটি উদ্বোধন করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ।এই চিত্র-কর্মশালার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র দূতাবাস গত ২১ নভেম্বর উত্তরার গ্যালারি কায়াতে তিন দিনব্যাপী একটি ‘সিল্ক স্ক্রিনিং’ কর্মশালার আয়োজন করে। এখানে আমেরিকান শিল্পীদের সঙ্গে অংশ নেন বাংলাদেশি শিল্পী রফিকুন নবী ও মনিরুল ইসলাম। মিরা ও টেড এরপর চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিন দিনব্যাপী একটি কর্মশালায় অংশগ্রহণ করেন। ঢাকায় ফিরে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আরেকটি তিন দিনের কর্মশালায় অংশ নেন এবং ধানমন্ডিতে অবস্থিত ‘জাগো’ স্কুলের শিশুদের সঙ্গে একটি আনন্দময় ও সৃজনশীল দিন অতিবাহিত করেন। প্রদর্শনীটি ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।