‘নিজেকে বাঁচিয়ে খেলতে পারি না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার ইনজুরিকে হারিয়ে ফিরছেন তিনি। গত বছরের ১১ মে অস্ত্রোপচারের টেবিল থেকে নেমে অপেক্ষার শুরু। আজ প্রিমিয়ার লিগের ম্যাচে বিমানের হয়ে মোহামেডানের বিপক্ষে মাঠে ফিরে অবসান ঘটাবেন সেই অপেক্ষার। প্রিমিয়ার লিগ, বিপিএল হয়ে মাশরাফি বিন মুর্তজার চোখ চলে যাচ্ছে এশিয়া কাপেও বারবারই নতুন করে শুরু করতে হচ্ছে। অভিজ্ঞতাটা কেমন?মাশরাফি বিন মুর্তজা: শুরু করার সময় সবই নতুন লাগে। নতুন খেলোয়াড় হিসেবে নতুন জায়গায় খেলতে নামি। মনে একটু দ্বিধা কাজ করে। একেবারেই নতুন খেলোয়াড় হলে তবু একটা কথা থাকে; ইনজুরি থেকে ফিরলে সমস্যাটা বেশি হয়। আগের ফেরাগুলোর সঙ্গে এবারের ফেরার কোনো পার্থক্য আছে?মাশরাফি: এর আগে ইনজুরি থেকে ফিরে অনেক সময় সরাসরি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, কখনো ক্লাব ক্রিকেটেও ফিরেছি। এবারও ক্লাব ক্রিকেট দিয়েই ফিরছি। আমার জন্য ভালোই হয়েছে। চাপ কম থাকবে। নিজেকে বোঝার সুযোগ পাব। আরেকবার ও-রকম ইনজুরিতে পড়লে ক্যারিয়ারটাই শঙ্কায় পড়ে যাবে। সেই দিক দিয়ে এবারের ফেরাটাই কি সবচেয়ে কঠিন মনে হয়?মাশরাফি: এবারের অপারেশনটা ওসব জিনিস মাথায় রেখেই করেছি। হাঁটুর ইনজুরি নিয়ে ইচ্ছা করলে দুই-তিন বছর খেলা চালিয়ে যেতে পারতাম। কিন্তু আরও অন্তত পাঁচ-ছয় বছর খেলার জন্য অপারেশন করা জরুরি ছিল। ক্যারিয়ার লম্বা করার জন্যই অপারেশনটা করেছি এবং এসব ব্যাপারও তখনই ভেবে রেখেছি।  ডাক্তার-ফিজিওরা কী বলছেন? খেলার জন্য পুরোপুরি প্রস্তুত?মাশরাফি: ফিটনেস টেস্ট নিয়ে ফিজিও-ডাক্তার আরও এক সপ্তাহ আগেই ক্লিয়ারেন্স দিয়েছেন। আমি চেয়েছিলাম খেলার আগে একবার ডা. ডেভিড ইয়াংকে দেখিয়ে আসতে। কিন্তু ডাক্তার বলেছেন, ফিজিও সন্তুষ্ট থাকলে আপাতত যাওয়ার দরকার নেই। উনি আমাকে ফিজিওর পরামর্শমতো খেলা শুরু করতে বলেছেন। তবে খুব ভালো হতো যদি বিমানের হয়ে আগের ম্যাচে পুরো ৫০ ওভার মাঠে থাকতে পারতাম। বোলিং শুরুর আগে এটা আমাকে মানিয়ে নিতে সাহায্য করত। টিম কম্বিনেশনের কারণে হয়নি। কাল (আজ) মাঠে নেমেই পুরো ১০ ওভার বল করবেন না নিশ্চয়ই...মাশরাফি: নেটে আমি এখন ৬ ওভার করে বল করছি। তবে প্রথম ম্যাচে ৪ ওভার, খুব বেশি হলে ৫ ওভার বল করব। সঙ্গে পুরো ৫০ ওভার ফিল্ডিং এবং ব্যাটিং। এই ম্যাচের পর আমার শারীরিক অবস্থা দেখে ফিজিও ঠিক করবেন পরের ম্যাচে কীভাবে খেলব। পুনর্বাসনের সময় বোলিং অ্যাকশন নিয়েও কাজ করেছেন। মাঠে কি অ্যাকশন বদলেই ফিরছেন?মাশরাফি: অ্যাকশনে ছোটখাটো পরিবর্তন প্রায়ই করি, সেটা বাইরে থেকে বোঝা যায় না। ফিজিও ও ডাক্তারের সঙ্গে আলোচনা করে হাঁটুতে চাপ কম পড়ে এমন একটা বোলিং অ্যাকশন ঠিক করে দিয়েছেন বোলিং কোচ। আমি চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে। তবে বিষয়টা এমন নয় যে ওই অ্যাকশনেই বল করব। সবচেয়ে বড় কথা, স্বচ্ছন্দ থাকা, ভালো জায়গায় বল ফেলা। ঘরোয়া ক্রিকেট তো শুরু করছেন। আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরতে পারবেন বলে আশাবাদী?মাশরাফি: আমার টার্গেট এশিয়া কাপ। এখনো প্রায় দেড় মাস সময় আছে। তার আগে প্রিমিয়ার লিগ, বিপিএল আমার জন্য ভালো প্ল্যাটফর্ম হলো। এখানে নিজেকে প্রমাণ করতে হবে। যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, সব ঠিক থাকলে এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা করছি। দুই হাঁটুতে সাতবার অস্ত্রোপচার হয়ে গেছে। এবার নিশ্চয়ই অনেক সতর্ক হয়ে খেলবেন...মাশরাফি: কমিটমেন্টের সঙ্গে কোনো আপস করি না আমি। নিজেকে বাঁচিয়ে খেলতে পারি না। মাঠে আমাকে সিরিয়াস থাকতেই হবে। যখন ডাইভ দিতে হবে, দেব। সতর্ক হয়ে খেললে এটা সম্ভব না। তবে হ্যাঁ, ইনজুরিমুক্ত থাকতে মাঠের বাইরেও কিছু কাজ করতে হবে। সেটা করব।