‘নিজেকে ভাগ্যবান মনে হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, তবে তাঁর মূল পরিচয় সংগঠক। আরও নির্দিষ্ট করে বললে, তিনি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত ম্যানেজার। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার ম্যানেজারের দায়িত্ব পেয়েছিলেন, টিকে আছেন এখনো। তবে সম্প্রতি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, এই সিরিজই তাঁর শেষ। ১৩ বছরের রোমাঞ্চকর এই অভিযান নিয়ে কাল মিরপুর একাডেমি মাঠে কথা বললেন স্টিভ বার্নার্ড ১৩ বছর পর দায়িত্ব ছাড়ছেন, অনুভূতি কেমন এই মুহূর্তে?স্টিভ বার্নার্ড: ১৩ বছর...আমার জীবনের গুরুত্বপূর্ণ ১৩টি বছর। এত দিন পর মনে হলো, এখন সময় হয়েছে অন্য কাউকে দায়িত্ব দিয়ে চলে যাওয়ার। যেকোনো সংগঠনেই একটা নির্দিষ্ট সময় পর পরিবর্তন জরুরি। আর আমার মনে হয়, চলে যাওয়ার জন্য সময়টাও উপযুক্ত। অস্ট্রেলিয়ান ক্রিকেট এখন নতুন যুগে প্রবেশ করছে। আশা করি, আমার জায়গায় যে আসবে তার সময় ভালো কাটবে।  মানে আপনি নিজে থেকেই চলে যাচ্ছেন?বার্নার্ড: সৌভাগ্যবশত!...সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) আমাকে মার্চিং অর্ডার দেয়নি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ১৮ মাস আগেই। নতুন চুক্তির সময়ই বলে রেখেছিলাম, এই মেয়াদই শেষ। আগেভাগে জানিয়েছিলাম যাতে নতুন কাউকে নেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। পেছন ফিরে তাকিয়ে এই দীর্ঘ ভ্রমণটাকে কীভাবে দেখেন?বার্নার্ড: দারুণ...রোমাঞ্চকর। খুব উপভোগ করেছি। আমি ভাগ্যবান, এমন এক সময়ে দলের সঙ্গে ছিলাম যখন দল দুর্দান্ত সময় কাটিয়েছে। অসাধারণ সব ক্রিকেটার ছিল দলে। এখনো আছে। আপনি একজন স্টিভ ওয়াহর কথা ভাবুন। মার্ক ওয়াহ, পন্টিং, টেলর, হেইডেন, গিলক্রিস্ট, ওয়ার্ন, ম্যাকগ্রা, মার্টিন...কতজনের নাম বলব! নিউ সাউথ ওয়েলসের হয়ে অনেক প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। কিন্তু আপনি তো পরিচিত সংগঠক হিসেবে!বার্নার্ড: মাঝেমধ্যে ভাবি, যদি আরও ভালো ক্রিকেটার হতে পারতাম! অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারার মতো ভালো আমি ছিলাম না। তবে আমি ভাগ্যবান, ক্রিকেটের সঙ্গে থাকতে পেরেছি। নিউ সাউথ ওয়েলসের নির্বাচক, অনূর্ধ্ব-১৯ দলের কোচ, জাতীয় দলের ম্যানেজার। এত এত দেশ ঘুরেছি, গ্রেট ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারা...দারুণ সব স্মৃতি। অস্ট্রেলিয়ান ক্রিকেটের শীর্ষের দিনগুলো দেখেছেন। এখন দেখছেন ক্ষয়িষ্ণু সময়টাও। খারাপ লাগে না?বার্নার্ড: দেখুন, একগুচ্ছ তারকা ক্রিকেটারকে আমরা একসঙ্গে হারিয়েছি। অন্য কোনো দলের আমাদের চেয়েও খারাপ অবস্থা হতে পারত। কিন্তু এখনো আমরা বিশ্বের অন্যতম সেরা শক্তি। দারুণ সব ক্রিকেটার উঠে আসছে। ক্রিকেটে রাতারাতি কিছু হয় না। একটু সময় পেলে, আন্তর্জাতিক ক্রিকেটটা বুঝে উঠতে পারলে দল আবার অপ্রতিরোধ্য হয়ে উঠবে। টেলর, স্টিভ ওয়াহ ও পন্টিং—প্রভাবশালী তিন অধিনায়ককে দেখেছেন খুব কাছ থেকে। আপনার দৃষ্টিতে কে সেরা?বার্নার্ড: সরাসরি বলে দিলে তো আমি বিপদে পড়ে যাব! তুলনা করব না। তিনজনই দুর্দান্ত অধিনায়ক। সবারই আলাদা শক্তির জায়গা ও দুর্বলতা ছিল। সবাই নিজের দায়িত্বটা দারুণভাবে পালন করেছে। আমি দায়িত্ব নেওয়ার সময় মার্ক টেলর ছিল অধিনায়ক, দলটা তখন গুছিয়ে উঠে নিয়মিত জিততে শুরু করেছে। স্টিভ ওয়াহ হাতে পেয়েছিল প্রায় পরিপূর্ণ এক দল। অসাধারণ সব ম্যাচ উইনার ছিল তাদের সামর্থ্যের চূড়ায়। পন্টিং দায়িত্ব নিয়েও ধারাটা ধরে রাখল। জয়-পরাজয়ের হারে ওর ক্যাপ্টেনসি রেকর্ড তো অসাধারণ।  ম্যানেজার জীবনের স্মরণীয় স্মৃতি?বার্নার্ড: একটাকে বেছে নেওয়া খুব কঠিন। তিনটা বিশ্বকাপ জয় অবশ্যই বিশেষ কিছু। বিশ্বকাপে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকা—অবিশ্বাস্য লাগে। আমি টেস্ট ক্রিকেটের ভক্ত, দুবার টানা ১৬ টেস্ট জয়টাও তাই স্মরণীয়। তবে সবচেয়ে স্মরণীয় দুটি সিরিজের কথা জানলে অবাক হতে পারেন, কারণ দুুটি সিরিজই আমরা হেরেছিলাম। ভারতের বিপক্ষে ২০০১ সিরিজ আর ২০০৫ অ্যাশেজ। দুটি সিরিজেই অসাধারণ ক্রিকেট হয়েছে। অন্য স্তরের ক্রিকেট।  ঘন ঘন ম্যানেজার পরিবর্তন করা এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এটাকে কীভাবে দেখেন?বার্নার্ড: ঘন ঘন ম্যানেজার পরিবর্তন করার কোনো মানে হয় না। আধুনিক ক্রিকেটে ম্যানেজারের ভূমিকা অনেক। কাজটা বুঝতেই অনেক দিন লেগে যায়। শুধু ম্যানেজার নয়, কোচ, সাপোর্ট স্টাফ, ক্রিকেটার—কোনো জায়গাতেই ঘন ঘন পরিবর্তন ভালো নয়। দলকে মিস করবেন না?বার্নার্ড: হুম...(দীর্ঘশ্বাস ফেলে) পরের সফরটা টিভিতে দেখলে অবশ্যই মনে হবে, কী হচ্ছে দলের ভেতর...আমি যদি থাকতে পারতাম! তবে আমার কোনো সন্দেহই নেই যে আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি। বয়স ৬১ হয়ে গেছে। এবার পরিবারকে একটু সময় দিতে চাই।