বাংলাদেশের দাবায় রানী হামিদ অনন্য এক নাম। ৬৭ বছর বয়সে কাল জাতীয় মহিলা দাবায় ১৮তম শিরোপা জয়ের পর বাংলাদেশের দাবার রানি বললেন তাঁর কথা, দেশের দাবার কথা তিন বছর পর আবার জাতীয় দাবার শিরোপা জিতে নিশ্চয়ই ভীষণ খুশি?রানী হামিদ: খুশি তো অবশ্যই। যেকোনো জয়ের আনন্দই আলাদা। জাতীয় দাবায় ১৮ বার চ্যাম্পিয়ন, এটা তো অবিশ্বাস্য...রানী: হ্যাঁ, নিজের কাছেও অবিশ্বাস্য মনে হয়। এতবার জিতব, এটা কল্পনাও করিনি। তবে আমি আসলে আরও তিনবার জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছি। ১৯৭৭, ’৭৮ ও ’৭৯ সালে। কিন্তু তখন রেকর্ড করে রাখা হতো না। রেকর্ডের হিসাবে আপনি প্রথম চ্যাম্পিয়ন হয়েছিলেন ১৯৭৯ সালে। ৩২ বছর পেরিয়ে আজ (গতকাল) জিতলেন ১৮তম শিরোপা, কোন শিরোপাটি আপনাকে তৃপ্তি দিয়েছে বেশি, আজকেরটি নাকি প্রথমটি?রানী: শিরোপা জয় সব সময়ই আনন্দের। তবে প্রথম শিরোপার আনন্দ অন্য রকম। তার সঙ্গে অন্যগুলোর তুলনা হয় না। আমি ভাবতেই পারছিলাম না আমি শিরোপা জিতেছি! শোনা যাচ্ছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর সুযোগ আপনার সামনে।রানী: (হেসে) হ্যাঁ, একটা সুযোগ আছে। যদি ফেডারেশন যোগাযোগ-টোগাযোগ করে তাহলে হয়তো সম্ভব হতে পারে। আমি যত দূর জানি, মহিলা দাবায় আর কেউ ১৮ বার জাতীয় চ্যাম্পিয়ন হতে পারেনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ব্যাপারটা কখন আপনার মাথায় প্রথম আসে?রানী: জোবেরা রহমান লিনু যখন গিনেস বুকে নাম লেখাল, তখনই ভাবলাম, আমি চেষ্টা করি না কেন। সেই ১৯৭৯ সাল থেকে জাতীয় দাবায় শিরোপা জিতেই চলেছেন। কোন শিরোপা জয় আপনার কাছে কঠিনতম মনে হয়েছে?রানী: এবারের শিরোপা জেতাটাই বেশি কঠিন ছিল। কারণ এখন তরুণ খেলোয়াড়েরা ইন্টারনেটের মাধ্যমে সরাসরি বিদেশি খেলোয়াড়দের খেলা দেখতে পারে, খেলতে পারে। ফলে নিয়মিত চর্চার মধ্যেই থাকতে পারছে ওরা। প্রথম ম্যাচে হারের পরও আপনি চ্যাম্পিয়ন হলেন। আপনার কখন মনে হয়েছে, আপনি জিততে পারেন?রানী: আশা তো ছিলই। তবে সেভাবে কখনোই মনে হয়নি। আসলে এবারের প্রতিদ্বন্দ্বিতাটা ছিল অন্য রকম। একবার শিরিন শীর্ষে তো, একবার লিজা। শেষে আমি (হাসি)। তবে হ্যাঁ, লিজা আর শিরিনকে হারিয়ে এগিয়ে যাই আমি। দাবায় আপনার সাফল্য অনেক। ১৯৮৫ সালে হয়েছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। কোন অর্জনটি আপনার কাছে সবচেয়ে স্মরণীয়?রানী: ব্রিটিশ মহিলা ওপেনে প্রথম শিরোপা (১৯৮৩ সালে) জিতেই আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। কারণ ব্রিটিশরা আমাদের শাসন করেছে। সেই ব্রিটিশদের হারিয়েই আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। পরে আরও দুবার চ্যাম্পিয়ন হয়েছি। আর আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম পাওয়ার মুহূর্তটি আমার কাছে ছিল বিশেষ। জানতামই না আমি নর্ম পেয়েছি। সুযোগ ছিল দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টার হওয়ারও। এর জন্য আফসোস হয় না?রানী: না, হয় না। কারণ আমি সেভাবে ভাবিইনি। বাংলাদেশের মহিলা দাবার রানি আপনি। ভবিষ্যতে কি আরেকজন রানী হামিদকে পাবে বাংলাদেশ?রানী: অবশ্যই। এখন অনেক সুযোগ-সুবিধা। মেয়েরা একটু চেষ্টা করলে এবং ফেডারেশন সচেষ্ট হলে সবই সম্ভব।