হ্যান্ডবল খেলেন। ফুটবলেও ছিলেন একসময়ের দাপুটে স্টপার। মাঝখানে প্রায় বছর তিনেক মাঠের বাইরে ছিলেন ডালিয়া আক্তার। কাল জাতীয় মহিলা হ্যান্ডবলের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে প্রতিশ্রুতি দিলেন, এখন থেকে নিয়মিতই থাকবেন কোর্টে... অনেক দিন পর বিজেএমসিকে শিরোপা এনে দিলেন। কেমন লাগছে?ডালিয়া আক্তার: খুবই ভালো লাগছে। এই শিরোপা ফিরিয়ে আনার মিশন নিয়েই এবার আমরা খেলতে এসেছিলাম। এর আগে টানা চারবার চ্যাম্পিয়ন ছিলাম। মাঝখানে বিজেএমসি কোনো খেলাধুলায়ই অংশ নেয়নি। যে কারণে দুই বছর গ্যাপ ছিল। আমরা যখন গত বছর শুরু করলাম, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দল হেরে গেল। আনসারের কাছে হারেরই তো প্রতিশোধ নিলেন...ডালিয়া: গত বছর আনসারের কাছে আমরা হেরেছিলাম অভিজ্ঞতার অভাবে। এই বছর সবারই অভিজ্ঞতা হয়েছে, আমাদের দল এবার জিতলও এ কারণে। আপনি তো হ্যান্ডবল খেলেন, আবার ফুটবলও খেলেন। একটাকে বেছে নিতে বললে কোনটা নেবেন?ডালিয়া: আমি ১৫ বছর ধরে হ্যান্ডবল খেলছি। আর ফুটবলে আমার ক্যারিয়ার ২০০৪ সাল থেকে। দুটো খেলাই আমার প্রিয়। কোনোটিই ছাড়তে চাই না। ফুটবলে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। কিন্তু মাঝখানে অনেক দিন আপনাকে দেখা যায়নি...ডালিয়া: মাঝখানে আমার ফিটনেসে সমস্যার কারণে দল থেকে বাদ পড়েছিলাম। হ্যান্ডবলে ভালো খেলে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি। আশা করি ফুটবলেও ফিরতে পারব। তাহলে এই টুর্নামেন্ট নিজেকে প্রমাণের একটা ভালো উপলক্ষ...ডালিয়া: আসলে খেলোয়াড়দের প্রমাণের জায়গা তো মাঠ। মাঠে একজন খেলোয়াড় ভালো খেলতে পারলে প্রমাণ হয়ে যায় সে আসলেই ফিট। তবে কাউকে দেখানোর জন্য নয়, নিজেকে দেখানোর জন্যই আমার খেলা। আমার যে ফিটনেসটা চলে গিয়েছিল, সেটা ফিরে পাচ্ছি কি না, আত্মবিশ্বাস বাড়ছে কি না, সেগুলোও দেখার দরকার ছিল। কাউকে চ্যালেঞ্জ করার জন্য নয়, নিজের জন্যই খেলছি আমি। আপনার পরিবারের কেউ কি খেলাধুলায় আছে?ডালিয়া: না। আমার পরিবারে আমি একাই খেলাধুলা করি। খেলায় এলেন কীভাবে?ডালিয়া: ছোটবেলায় পাড়ায় সব সময় ছেলেদের সঙ্গে খেলাধুলা করতাম। আমার চাচাতো ভাই, মামাতো ভাইদের সঙ্গে ফুটবল খেলতাম, সাঁতার কাটতাম। আমার সাঁতরানো দেখে মাদারীপুরের কোচ জিনাত মামা আমাকে বলেন, ‘তুই খেলাধুলা কর, ভালো করবি।’ এরপর একদিন আমাকে হ্যান্ডবল টুর্নামেন্টে নিয়ে যান। আমি জিনস প্যান্ট আর টি শার্ট পরে গিয়েছিলাম। সেটা ১৯৯৫ সালের কথা। তখন ক্লাস সেভেনে পড়ি। এরপর খেলাটা আর ছাড়তে পারিনি। ফুটবলের জাতীয় দলে আবারও ফেরার স্বপ্ন দেখেন নিশ্চয়ই?ডালিয়া: অবশ্যই স্বপ্ন দেখি। অনেক দিন পর আবারও মাঠে নামব মহানগর মহিলা ফুটবল লিগে, আগামী পরশু। মোহামেডানের হয়ে খেলব। যদি নির্বাচকেরা আমাকে সেরা একাদশে রাখেন, তাহলে শতভাগ উজাড় করে খেলার চেষ্টা করব। হ্যান্ডবল, ফুটবলে ঘুরেফিরে একই খেলোয়াড়। সংস্কৃতিটা বদলাবে কবে?ডালিয়া: অবশ্যই এটা বদলাবে। তবে এর জন্য প্রতিটি খেলায় পেশাদারি মনোভাব আনতে হবে। আজকে আমি হ্যান্ডবল খেললাম। এরপর ছয় মাস বসে থাকব। তাহলে তো আমার ফিটনেস থাকবে না। আমার ফিটনেসের জন্যই কিন্তু বাধ্য হয়ে আরেকটা ইভেন্ট খেলতে হচ্ছে। এসব খেলাধুলা কিন্তু সিজনাল। এর ধারাবাহিকতা নেই। দেখা যায়, কোনো টুর্নামেন্ট শুরুর আগে সর্বোচ্চ ২০-২৫ দিন ক্যাম্প হচ্ছে। একটা খেলোয়াড় যদি তিন দিন বসে থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার ফিটনেস কমতে থাকে। খেলার বাইরে আর কিছু করেন?ডালিয়া: সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষিকা হিসেবে আছি।