‘নিট কনসার্নকে চ্যাম্পিয়ন করতে চাই’
প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগে নিট কনসার্নের হয়ে খেলতে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার জাতীয় দলের খেলোয়াড় ইয়ান চুন সিয়ং। কাল রাজধানীর এক হোটেলে নিজের ক্যারিয়ার ও মালয়েশিয়ার ব্যাডমিন্টন সম্পর্কে বললেন ২৫ বছর বয়সী খেলোয়াড় বাংলাদেশে এই প্রথম এলেন?ইয়ান চুন সিয়ং: হ্যাঁ। এই প্রথম। কেমন লাগছে ঢাকা শহর?ইয়ান: ভালোই লাগছে। তবে খুব যানজট। মালয়েশিয়ায় কোন পর্যায়ে খেলেন?ইয়ান: জাতীয় দলে খেলছি। র্যাঙ্কিংয়ে তিন। সর্বশেষ জুনিয়রে আমি চ্যাম্পিয়ন। মালয়েশিয়ার ব্যাডমিন্টনের অবকাঠামোগত সুযোগ-সুবিধা কেমন?ইয়ান: আধুনিক সব সুযোগ-সুবিধা আছে আমাদের। সারা বছর অনুশীলনের মধ্যে থাকি। নিট কনসার্নের সঙ্গে কীভাবে যোগাযোগ হলো?ইয়ান: মালয়েশিয়ার নিউ ভিশন ব্যাডমিন্টন একাডেমির সঙ্গে বাংলাদেশের নিট কনসার্নের একটা চুক্তি আছে। ওরা সেখানে ট্রেনিং করতে পাঠায় অনেক খেলোয়াড়কে। আমিও এই একাডেমির খেলোয়াড়। নিউ ভিশন ব্যাডমিন্টন একাডেমির পরিচালক কৃষ্ণানই (পাশে বসা আরেক খেলোয়াড়) একদিন আমাকে বাংলাদেশের লিগে খেলার প্রস্তাব দেয়। আর্থিক বিষয়টা নিশ্চিত হওয়ার পর ভেবে দেখলাম মন্দ না। চলে এলাম। ব্যাডমিন্টনে কীভাবে এলেন?ইয়ান: মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। আমি ছোটবেলা থেকেই দেখেছি, আমার চারপাশে সব ছেলেরা ব্যাডমিন্টন খেলছে। আমিও খেলতে শুরু করলাম। আস্তে আস্তে খেলাটা ভালো লেগে যায়। এখন তো জাতীয় দলেও জায়গা করে নিয়েছি। মালয়েশিয়ায় ব্যাডমিন্টনের পর আর কোন খেলা বেশি জনপ্রিয়?ইয়ান: আমি জানি, বাংলাদেশে ক্রিকেট অনেক জনপ্রিয়। তবে আমাদের দেশে ব্যাডমিন্টনের পরই ফুটবল। ক্যারিয়ারে নিজেকে কোথায় দেখতে চান?ইয়ান: বিশ্বের এক নম্বর খেলোয়াড় হতে চাই। ব্যাডমিন্টনে আপনার আদর্শ কে?ইয়ান: মালয়েশিয়ার লি চুং উইয়ের খেলা ভালো লাগে। বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে কোনো ধারণা আছে?ইয়ান: না। এখনো বাংলাদেশের কারও খেলা দেখিনি। তাই কারও সম্পর্কে মন্তব্য করতে পারছি না। এখানকার অনুশীলন ব্যবস্থা কেমন?ইয়ান: ভালোই। নিট কনসার্নের একাডেমিটা খুব সুন্দর। টুর্নামেন্টে আপনার লক্ষ্য কী?ইয়ান: আমি আমার দল নিট কনসার্নকে চ্যাম্পিয়ন করতে চাই। পরিবারের আর কেউ কি খেলাধুলায় আছেন?ইয়ান: আমি একাই খেলছি। নিশ্চয়ই পড়াশোনার মধ্যে আছেন?ইয়ান: না। আমি কুয়ালালামপুরের বুকিট জলিল স্পোর্ট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করেছি। সেখানে ব্যাডমিন্টনের ওপর আলাদাভাবে পাঠ নিয়েছি। এখন আমি পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়। খেলে বছরে কেমন আয় হয়?ইয়ান: ফেডারেশনের সঙ্গে আমাদের বার্ষিক চুক্তি আছে। সেখান থেকে পাই ১৫ হাজার রিঙ্গিত। এ ছাড়া ম্যাচ ফি, বোনাস ও অন্যান্য সুবিধা তো আছেই। মালয়েশিয়ার মতো বাংলাদেশে ব্যাডমিন্টন জনপ্রিয় করতে হলে কী করা উচিত?ইয়ান: বেশি বেশি টুর্নামেন্ট খেলতে হবে। খেলোয়াড়দের পরিচর্যা করতে হবে। ব্যবস্থাপনা ভালো হতে হবে। সারা বছর খেলোয়াড়দের ট্রেনিং ক্যাম্পের মধ্যে রাখতে হবে, যেমনটা আমাদের দেশে হয়। আপনার খেলোয়াড়ি জীবনের কোনো স্মরণীয় ঘটনা...ইয়ান: আমি গত বছর থমাস কাপে (ব্যাডমিন্টনের বিশ্বকাপ) মালয়েশিয়ার হয়ে ব্রোঞ্জ জিতেছিলাম। দলে ডাক পাওয়া এবং ব্রোঞ্জ জেতা—দুটি ঘটনাই আমার সবচেয়ে সুখের মুহূর্ত। কুয়ালালামপুরেই কি বেড়ে উঠেছেন?ইয়ান: না। কেডাহ শহরে কেটেছে আমার শৈশব। কুয়ালালামপুর থেকে গাড়িতে চার ঘণ্টার রাস্তা এটা। বর্তমানে কুয়ালালামপুরে জাতীয় দলের ক্যাম্পে আছি। আর আমার মা-বাবা থাকেন কেডাতে।