অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইব্রাহিম চেঙ্গিস। দ্বিতীয় মেয়াদে এই দায়িত্ব পেয়ে মৃতপ্রায় অ্যাথলেটিকস জাগাতে কী করবেন তিনি? এসব নিয়েই কথা হলো নারায়ণগঞ্জের এই আলোচিত সংগঠকের সঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের বড় পদে আবার বসলেন। অ্যাথলেটিকস উন্নয়নে আপনার কর্মসূচি কী?ইব্রাহিম চেঙ্গিস: আমি খেলাধুলার লোক। প্রথম বিভাগ হকি, বাস্কেটবল, হ্যান্ডবল খেলেছি। ফুটবলও খেলতাম। সংগঠক হিসেবে এবার আমার প্রথম কাজ হবে দীর্ঘ মেয়াদের প্রশিক্ষণের মাধ্যমে নতুন খেলোয়াড় তুলে আনা। পাশাপাশি আগামী এসএ গেমসে সোনা জেতার লক্ষ্য আছে। অতীতে সাধারণ সম্পাদকেরা একই অঙ্গীকার করে ক্ষমতায় বসেছেন। কিন্তু কাজ তেমন হয়নি। আপনি বিশেষ কী করবেন? চেঙ্গিস: আন্তস্কুল অ্যাথলেটিকস করতে চাই আমি। ফেডারেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে স্পনসর আনব। তাহলে খেলোয়াড়দের মানোন্নয়নও সম্ভব। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে সচেষ্ট থাকব। আমি নিজে ফেডারেশনকে স্পনসর করেছি এর আগে। ফেডারেশনের টিভি, ফ্রিজ...এগুলোর স্পনসর ইব্রাহিম চেঙ্গিস। সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া অ্যাথলেট মাহবুবের পরিবারকে সাধ্যমতো আর্থিক সহায়তা করেছি। এমন অনেক উদাহরণ আছে। এটা অব্যাহত রাখতে চাই। ২০০১ -০২ পর্যন্ত এক বছর অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন আপনি। ওই সময় সরকার পরিবর্তন হওয়ার পর দেশ ছেড়ে গিয়েছিলেন কেন?চেঙ্গিস: মিয়া ভাই...রাজনৈতিক কারণে আমি সে সময় দেশ ছেড়ে যাই। ২০০৮ সালে দেশে ফিরে আসি। এখনো যাওয়া-আসার মধ্যেই থাকি। কানাডায় আমার স্ত্রী আর এক ছেলে-এক মেয়ে থাকে। ছেলে আইটি ও মেয়ে হিউম্যান রিসোর্সের ওপর উচ্চশিক্ষা নিচ্ছে। অন্য অনেক ফেডারেশনের মতো অ্যাথলেটিকসেও অনেক অনৈক্য। এটি কীভাবে সামলাবেন?চেঙ্গিস: আল্লাহ না করুন, তেমন কিছু হোক। আমি সবাইকে নিয়ে সুন্দরভাবে ফেডারেশন পরিচালনা করতে চাই। আমার কোনো পক্ষ-বিপক্ষ নেই। সাধারণত দেখা যায়, বিদেশ-টিদেশ যাওয়া নিয়ে মনোমালিন্য শুরু হয়। আমি এসব থেকে দূরে থাকব। কোনো লোভ-লালসার বশবর্তী হয়ে কাজ করব না। রাজনৈতিক কারণে আপনি নারায়ণগঞ্জে খুব আলোচিত। আপনাকে নিয়ে নানা বিতর্কও আছে। কাজ দিয়ে সব মুছে দিতে পারবেন বলে মনে হয়?চেঙ্গিস: আমি অ্যাথলেটিকস থেকে নিতে নয়, দিতে এসেছি। আমি সত্ মানুষ, দক্ষতাও আছে। চ্যালেঞ্জ দিলাম, ফেডারেশন থেকে আমি একটি টাকাও নিলে আপনারা আমার হাত কেটে নেবেন। আমার একটাই দোষ, উচ্চ স্বরে কথা বলি। গলাটা মোটা। এটা আমার পারিবারিক ঐতিহ্য (হাসি)। এবার অ্যাথলেটিকসের নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম শেষ পর্যন্ত পেলেন সহসভাপতি পদ। ফোরামের সহায়তায় আপনি সাধারণ সম্পাদক, আপনার এই দাপটের রহস্য কী?চেঙ্গিস: রহস্য কিছু না। আমি কাজ করতে চাই। এ জন্যই সাধারণ সম্পাদক হয়েছি। প্রসঙ্গক্রমে বলি, ২৮ জানুয়ারি কয়েকটি সদস্যপদে ভোটাভুটি হবে। এই নির্বাচনের জন্য আসলে আমার অনেক দিনের অপেক্ষা ছিল। শেষ প্রশ্ন। আপনার নামে এই চেঙ্গিস এল কোত্থেকে?চেঙ্গিস: (হাসি) মিয়া ভাই, এটার একটা গল্প আছে। ঢাকা রেসিডেনসিয়াল স্কুলে ষষ্ঠ-সপ্তম শ্রেণীতে পড়ার সময় বড়দের সঙ্গে খেলে ১০০ ও ২০০ মিটার দৌড়ে সেরা হই। তখন আমি খুবই হালকা-পাতলা মানে তালপাতার সেপাই ছিলাম। এক বড় ভাই আমাকে তৈমুরের বংশধর বলে ডাকতে শুরু করলেন। নাম দিলেন চেঙ্গিস। সেই থেকে আমার সার্টিফিকেটসহ সবখানে নাম চেঙ্গিস। আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামও চেঙ্গিস নামে। যেমন চেঙ্গিস মত্স্য খামার, চেঙ্গিস ট্রান্সপোর্ট, চেঙ্গিস নীট সেশন, এমন আরও কিছু আছে...(হা হা হা)।