দেশে নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে পর্যবেক্ষক মহলে যে ধারণা রয়েছে, তারই প্রতিফলন পাওয়া গেছে উইকিলিকসের ফাঁস করা এক মার্কিন কূটনৈতিক তারবার্তায়।২০০৯ সালে ঢাকার মার্কিন দূতাবাসে কথিত সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা নিয়ে এক খবরের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি অভিমত প্রকাশ করেন, ‘এ ঘটনা আমাদের একটি ধারণাকে নিশ্চিত করেছে যে নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।’৯ নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো গোপন তারবার্তায় বলা হয়, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার সদস্য সন্দেহে ৬ নভেম্বর চট্টগ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছিলেন। বার্তায় বলা হয়, হামলার হুমকির বিষয়টি মাত্রাতিরিক্ত গুরুত্ব দিয়ে প্রচার করেছে স্থানীয় গণমাধ্যম। এমনকি কিছু চাঞ্চল্যকর খবরে এ কথাও বলা হয় যে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন জঙ্গিরা একটি হজ ফ্লাইট ছিনতাই অথবা ভারতে অবস্থিত কূটনৈতিক মিশনের ওপর হামলার পরিকল্পনা করছিল। কিন্তু পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনায় আমাদের মনে হয়েছে, গণমাধ্যমে হুমকির বিষয়টি যত বড় করে দেখানো হচ্ছে আসলে তা না। যদিও গ্রেপ্তার করা ব্যক্তিদের সঙ্গে চরমপন্থী গোষ্ঠীর কিছুটা যোগাযোগ আছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে।তারবার্তায় বলা হয়, উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এবং ঢাকার গোয়েন্দা পুলিশের একটি অংশ (দক্ষিণ শাখা) ৮ নভেম্বর দূতাবাসের এক কর্মকর্তাকে জানিয়েছেন, চলমান তদন্তের অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দূতাবাসের কাছ থেকে হুমকিসংক্রান্ত তথ্য পাওয়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষ ওই তদন্ত শুরু করে। একজন তথ্যতাদার দেওয়া তথ্য এবং এরপর ফোন যোগাযোগ বিশ্লেষণ করে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, সাধারণ সন্দেহের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দূতাবাসে হামলার পরিকল্পনা করছিল বলে গণমাধ্যমে যে খবর দেওয়া হচ্ছে সে সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই।সমন্বয়ের অভাব: তারবার্তায় বলা হয়, প্রাথমিকভাবে হুমকির বিষয়টি সরকারকে জানানোর পরপরই তারা যে তদন্তের উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। তবে একই সঙ্গে এ থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, তা হলো বাংলাদেশি নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঠিকমতো যোগাযোগ হচ্ছে না। গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে আমরা তাদের কাছে জানতে চাইলেও তারা কার্যত কোনো উত্তর দিতে পারেনি। এমন না যে তারা তথ্য গোপন করছিল, তাদের কাছে কোনো তথ্য ছিলই না। প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা আমাদের বলেছেন, তাঁর মনে হয় পুলিশ একটা সন্দেহ থেকে তাঁদের ধরতে পেরেছে।তারবার্তায় বলা হয়, বিষয়টি দুই দিন ধরে দেশের সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হলেও গত ৮ নভেম্বর এ বিষয়ে জানতে চাইলে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রধান মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর বিব্রতকর অবস্থায় পড়েন। ফজলে আকবর রাষ্ট্রদূতকে বলেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রসঙ্গত, মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর এখন আর ডিজিএফআইয়ের প্রধান পদে নেই।