‘নিরাপত্তাহীনতায়’ ভুগছিলেন মার্কিন রাষ্ট্রদূত!
লিবিয়ায় নিহত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসের লেখা একটি ডায়েরি পাওয়া গেছে। নিহত রাষ্ট্রদূতের পরিবার ডায়েরিটি তাদের পারিবারিক সম্পত্তি দাবি করে এখনই এর ভিত্তিতে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানায়। তবে সিএনএন টেলিভশন সে অনুরোধ না রেখে ডায়েরি থেকে উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে। ওই ডায়েরির তথ্যের ভিত্তিতে প্রকাশিত এক সংবাদে সিএনএন বলছে, স্টিভেনস সাম্প্রতিক সময়ে ‘নিরাপত্তাহীনতায়’ ভুগছিলেন।১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেট ভবনে হামলার ঘটনায় তিনজন মার্কিন সহকর্মীসহ নিহত হন রাষ্ট্রদূত স্টিভেনস। হত্যাকাণ্ডের চার দিন পর ওই কনস্যুলেট ভবন থেকে রাষ্ট্রদূতের লেখা একটি ডায়েরি পাওয়া যায়। অন্য একটি পক্ষের সহায়তায় ওই ডায়েরিটি চলে যায় মার্কিন টেলিভিশন সিএনএনের কাছে।যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ‘দ্য ওয়ালস্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে অভিযোগ করেছে, নিহত রাষ্ট্রদূতের ডায়েরির ওপর ভিত্তি করে সিএনএন সংবাদ প্রচার শুরু করেছে। তাদের ‘এন্ডারসন কুপার ৩৬০’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত স্টিভেনস সাম্প্রতিক সময়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে তথ্য প্রকাশ করেছে। উপস্থাপক সাংবাদিক এন্ডারসন কুপার অনুষ্ঠানে জানিয়েছেন, বেনগাজিতে চরমপন্থীদের উত্থান ও জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার শক্তি বৃদ্ধিতে উৎকণ্ঠিত ছিলেন রাষ্ট্রদূত স্টিভেনস। আল-কায়েদার হামলার তালিকায় তাঁর নাম আছে বলেও তিনি উল্লেখ করেছিলেন।নিহত স্টিভেনসের পরিবার ডায়েরিটি তারা পড়ে দেখার আগে এর ভিত্তিতে কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সিএনএনকে অনুরোধ জানায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরও এ নিয়ে সিএনএনের সঙ্গে মধ্যস্থতা করে। গত শুক্রবার পর্যন্ত সিএনএন পুরো বিষয়টি চেপে যায়।তবে পরে এ নিয়ে তোলপাড় শুরু হলে গতকাল শনিবার সিএনএন তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত সংক্ষিপ্ত তথ্য প্রকাশ করে। সিএনএন এ ব্যাপারে বলেছে, বেনগাজিতে নিহত রাষ্ট্রদূতের ডায়েরি পাওয়ার পর তৃতীয় পক্ষের মাধ্যমে বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়েছে।হামলায় রাষ্ট্রদূত নিহত হওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বেনগাজিতে মার্কিন কনস্যুলেট অফিসে হামলা পূর্বপরিকল্পিত বলে তাদের কাছে কোনো তথ্য নেই। মহানবী (সা.)-কে অবমাননা করে নির্মিত চলচ্চিত্রের তাৎক্ষণিক প্রতিবাদ থেকেই এ হামলার ঘটনা ঘটেছিল।