‘নিরাপদে চাঁদা আদায়ের’ তোড়জোড় নিরাপদ সড়কের আলোচনায়!
পরিবহন খাতে ‘নিরাপদে চাঁদাবাজি’র জন্য এ বছর আবার সরকারিভাবে চাঁদা নির্ধারণের পাঁয়তারা চলছে। এই চাঁদার হার নির্ধারণের দাবি তুলেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতিও। ঢাকা ও দূরপাল্লার একাধিক পরিবহনেরও মালিক মন্ত্রীর পরিবার। পরিবহন মালিক-শ্রমিক সমিতি সরকারের অংশ নয় উল্লেখ করে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বললেন, পরিবহন মালিক-শ্রমিক সমিতির জন্য সরকার কোনো চাঁদা বা পরিচালন ব্যয় নির্ধারণ করে দিতে পারে না। কিন্তু গত বছর পুলিশ কমিশনারের সভাপতিত্বে দৈনিক ভিত্তিতে চাঁদা নির্ধারণ করে দেওয়া হয়েছিল এবং সেই সূত্রে যোগাযোগ মন্ত্রণালয় একটি উপকমিটিও করে। নিয়ম অনুযায়ী চাঁদা আদায়ের কথা মাসিক ভিত্তিতে এবং তা নির্ধারণ করবে সমিতি। গতকাল রোববার অনুষ্ঠিত যোগাযোগ মন্ত্রণালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা কাউন্সিলের সভার মূল আলোচ্য বিষয় ছিল নিরাপদ সড়ক নিশ্চিত করা। কিন্তু আলোচনা হয়েছে মূলত পরিবহনে চাঁদার টাকা নির্ধারণ এবং এর জন্য সরকারি প্রজ্ঞাপন জারি করা না-করা নিয়ে। পরে সভাটি আগামী রোববার পর্যন্ত মুলতবি রাখা হয়। পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত ঈদ সামনে রেখে এখন পরিবহন খাতে চাঁদা আদায় জোরদার করার নানা আয়োজন চলছে। পথে পথে প্রকাশ্যে চাঁদা আদায়কারী মালিক ও শ্রমিক সমিতিগুলোর নেতারা কৌশলে সরকারকে দিয়ে চাঁদার হার নির্ধারণ করিয়ে নিয়ে অবৈধ পন্থায় প্রতিদিন চাঁদা আদায়কে জায়েজ করতে চাইছেন। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠন পরিচালনার জন্য সদস্যদের সম্মতিতে প্রতি মাসে একবার নির্ধারিত হারে চাঁদা নেওয়ার কথা। এই চাঁদার হার নির্ধারণ করবে সমিতিগুলো এবং চাঁদা কেবল সমিতির সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেউ চাইলে চাঁদা না-ও দিতে পারে এবং সমিতির বাইরেও থাকতে পারবে। চাঁদা নির্ধারণের বিষয়ে নৌমন্ত্রী তাঁর দাবির পক্ষে যুক্তি হিসেবে বলেন, পরিবহন খাতে চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিভিন্ন মহাসড়কে পণ্যবাহী পরিবহনে ৫০০ থেকে ৭০০ টাকা চাঁদা দিতে হয়। এ চাঁদাবাজিতে পুলিশ, স্থানীয় মাস্তান ও সাংসদ জড়িত বলেও লোকে বলাবলি করে। এটা নিয়ন্ত্রণের জন্য তিনি চাঁদা নির্ধারণ করে দেওয়ার দাবি তোলেন। মন্ত্রী তাঁর দাবি অনুযায়ী, চাঁদাবাজি থেকে সাধারণ মানুষকে রক্ষার আর কোনো পথ-প্রক্রিয়া নিয়ে আলোচনা করেননি সভায়। একাধারে শ্রমিকনেতা ও নৌপরিবহনমন্ত্রী আরও অভিযোগ করেন, নৌপথে ফেরি পারাপারে নির্ধারিত মাশুলের চেয়ে দ্বিগুণ টাকা দিতে হয়। এ কারণে সরকারের পক্ষ থেকে সার্ভিস চার্জ বা পরিচালন ব্যয় (চাঁদা) নির্ধারণ করা জরুরি। তাঁর দাবি, সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সমিতি এই টাকা গ্রহণ করবে। যোগাযোগমন্ত্রীর সভাপতিত্বে সভায় নৌপরিবহনমন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদি, সব বিভাগীয় কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক, ঢাকাসহ আশপাশের জেলার পুলিশ সুপার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শাজাহান খান সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়া গেছে, মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজিতে চালকেরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। হাইওয়ে পুলিশ চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে, টাকা না দিলে মামলা দিচ্ছে। তিনি দাবি করেন, গত বছর প্রতিটি পরিবহন থেকে ৭০ টাকা চাঁদা নির্ধারণ করে দেওয়া হলেও তা কার্যকর হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন হচ্ছে সারা দেশের শ্রমিক ইউনিয়নগুলোর ফোরাম। এই সংগঠনটির পরিচালন ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট হারে মাসে একবার চাঁদা দেওয়ার কথা সারা দেশের শ্রমিক ইউনিয়নগুলোর। প্রতিটি বাস থেকে প্রতিদিন চাঁদা ওঠানোর সুযোগ নেই ফেডারেশনের। কিন্তু ফেডারেশনের জন্যও পৃথকভাবে চাঁদা তোলা হচ্ছে।