‘নির্ঘুম’ নিউইয়র্ক যেন ঘুমিয়ে পড়েছে
ঘূর্ণিঝড় আইরিন আজ রোববার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড় বিপর্যস্ত হয়ে পড়েছে শহরের জনজীবন। বিদ্যুত্হীন হয়ে পড়েছে অন্তত ৩০ লাখ মানুষ। যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় জনমানবহীন হয়ে পড়েছে পুরো শহর। এরই মধ্যে প্লাবিত হয়েছে শহরের নিচু এলাকা, আশঙ্কা করা হচ্ছে বন্যার। নিউইয়র্ক সিটিকে ‘নির্ঘুম’ শহর বলা হলেও এখন যেন সত্যিই ঘুমিয়ে পড়েছে শহরটি।সিএনএনের খবরে বলা হয়, স্থানীয় সময় আজ সকাল আটটার (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) দিকে আইরিন আঘাত হানে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। টানা বৃষ্টিপাতে নিউইয়র্ক ও নিউজার্সির বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। গাছপালা উপড়ে বহু সড়ক বন্ধ হয়ে গেছে।ঘূর্ণিঝড়ের কারণে নিউইয়র্ক ও নিউজার্সির বেশ কিছু এলাকায় টেলিফোন ও কেবল লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। লোকজন পুরোনো দিনের মতো ব্যাটারিচালিত রেডিও দিয়ে সর্বশেষ সংবাদ সংগ্রহের চেষ্টা করছে।প্রথম আঘাতেই বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝোড়ো বাতাস ও প্রবল বৃষ্টির কারণে বন্যা-পরিস্থিতির সৃষ্টির উপক্রম হয়েছে। এতে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র নিউইয়র্কের জনজীবন। বন্ধ হয়ে গেছে শহরের গণপরিবহনব্যবস্থা।এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।নিউইয়র্ক সিটিতে পুলিশ ছাড়া সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল শনিবার দুপুর থেকে সিটির সব পাতাল রেল এবং বাসসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির ভয়াবহতায় শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ এক নির্বাহী আদেশে জরুরি অবস্থা জারি করেন। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেয় পুলিশ।নিউইয়র্ক সিটির নিম্নাঞ্চল হিসেবে পরিচিত ফর রকওয়ে ও কনি আইল্যান্ড এলাকা থেকে প্রায় তিন লাখ ৭৫ হাজার নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা, পার্কচেস্টার, জ্যাকসন হাইটস, চার্চ ম্যাকডোনাল এলাকা নিম্নাঞ্চল হিসেবে চিহ্নিত না হওয়ায় বাংলাদেশিরা তাঁদের বাড়িতেই অবস্থান করছেন। তবে নিউজার্সির আটলান্টিক সিটিতে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশি বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছে।বেসামরিক বিমান চলাচল সংস্থা সূত্র জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নর্থ ক্যারোলাইনা থেকে বোস্টনগামী নয় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কেবল শনিবার বাতিল করা হয়েছে তিন হাজার ৬০০ ফ্লাইট।শনিবার থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং লাগোর্ডিয়া বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট গন্তব্যের পথে আটকা পড়েছেন বহু যাত্রী। ওয়াশিংটন ডিসির রিগ্যান বিমানবন্দর ও নিউজার্সির লিবার্টি বিমানবন্দর বন্ধ রয়েছে।যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাস-সার্ভিস নেটওয়ার্ক গ্রেহাউন্ড নিউইয়র্ক পূর্বাঞ্চল থেকে তাদের সার্ভিস বাতিল ঘোষণা করেছে। তবে কোথাও কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি।