‘নির্বাচনবিলাস’ বাজেট বললেন এরশাদ
জাতীয় পার্টি (জাপা) বলেছে, দেশের ইতিহাসে এ যাবত্কালের সর্ববৃহৎ বাজেট আজ জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। এতে যতটা সংযমী ও সাশ্রয়ী হওয়া প্রয়োজন ছিল, রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তা হয়নি। তাই এ বাজেট বাস্তবায়ন করা একটি দুরূহ ব্যাপার হবে।২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রাথমিক প্রতিক্রিয়ায় জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, দেশের আর্থসামাজিক বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে যে ধরনের বাজেট প্রণীত হওয়া উচিত ছিল, সেই যৌক্তিকতা এড়িয়ে যেতে হয়েছে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে। তাই এ বাজেট প্রণীত হয়েছে নির্বাচনবান্ধব বাজেট হিসেবে। এরশাদ বলেন, দেশে যদি স্বাভাবিক অবস্থা থাকে এবং গণতান্ত্রিক ধারায় দেশ অগ্রসর হতে পারে, তাহলে ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনটি সরকারের হাতের ছোঁয়া লাগবে। বর্তমান সরকার, এরপর নির্বাচনকালীন অন্তবর্তী সরকার এবং নির্বাচন-পরববর্তী নতুন সরকারকে এই বাজেট বাস্তবায়ন করতে হবে।সাবেক এই রাষ্ট্রপতি মনে করেন, এতে বেশি সমস্যা হবে নতুন সরকারের জন্য। কারণ, প্রাথমিকভাবে যা দেখা যাচ্ছে, তাতে প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্যহীনতা রয়েছে। মূলত এটা হয়েছে একটি ‘নির্বাচনবিলাস’ বাজেট। যদি বাস্তবায়ন করা যায় তো ভালো। তবে, সে আশা সফল হবে বলে মনে হয় না।