‘নির্বাচনে জয়ী হয়ে ভারতের সমুদ্রসীমাও জয় করব’: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে ভারতের কাছ থেকেও আমরা সমুদ্রসীমা জয় করতে পারব।’ তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ আবার সরকারে এসে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।শেখ হাসিনা বলেন, ‘অর্থনৈতিকভাবে আমরা যে উন্নতি করছি, তা আগে কেউ করেনি। আওয়ামী লীগ আছে দেখেই এটা সম্ভব হয়েছে। আমরা কাজ করি মানুষের উন্নয়নের জন্য, আর্তমানবতার স্বার্থে।’আজ রোববার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ জাতির মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের ৬৪ বছর বয়স। তারাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। অন্য কেউ নয়।তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে, এ দেশের মানুষ কিছু পেয়েছে। তিনি বলেন, ‘১৯৯৬ সালে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। গঙ্গার পানির ন্যায্যহিস্যা আমরা এনে দিয়েছি। পাবর্ত্য শান্তিচুক্তি আমরা করেছি। মিয়ানমারের সঙ্গে সমুদ্র জয়ও হয়েছে।’প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আমাদের জাতি মাথা উঁচু করে বিশ্বসভায় চলবে। সেভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাব।’ ২০০১ সালে বিএনপি-জামায়াত যে নির্যাতন চালিয়েছে, তা একাত্তর সালের হানাদার বাহিনীর অত্যাচারের মতো বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি অভিযোগ করে বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই অত্যাচার ও নির্যাতন চলে। পঁচাত্তর সালের পরে জনগণের ভোটাধিকার ছিল না। অনেক সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান তিনি।