‘নির্বাচনের আগে নেতারা হখলতা দিলাইন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচনের আগে বউত নেতায়ই কইছইন রাস্তা পাকা করি দিমু। নির্বাচনের আগে নেতারা হখলতা দিলাইন, নির্বাচন গেলে গিয়া নেতারার পিছে পিছে ঘুইরাও কাজ আদায় করতাম পারি না। তখন তারা আগে কিতা কইছইন হখলতা ভুলি যাইন। আবার হুনছি নভেম্বরো নির্বাচন অইবো, দিমু নে বুট!’ গ্রামে যাতায়াতের একমাত্র সড়কের করুণদশায় রাগে-ক্ষোভে-অভিমানে কথাগুলো বলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোণ ইউনিয়নের কপালীপাড়া গ্রামের বাসিন্দা কিরণ চক্রবর্তী। কপালীপাড়া গ্রামবাসী ওই সড়কের মাঝখানে বাঁশের খুঁটি পুঁতে রেখে দীর্ঘদিন ধরে গ্রামে যাতায়াতের একমাত্র সড়কটি পাঁকা না হওয়ার প্রতিবাদ করছে। সরেজমিনে গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশীদ্রোণের কপালীপাড়া গ্রামের অনেক মানুষ চাকরিজীবী। গ্রামের শতাধিক শিশু-কিশোর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখা করছে, যাদের প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সড়কটির আধা কিলোমিটার পাকা না হওয়ায় ওই সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি চরমে উঠেছে। বর্ষা মৌসুমে এলাকার বাসিন্দাদের কাদাপানিতে নাকাল হয়ে কর্মস্থলে পৌঁছাতে হয়, শিক্ষার্থীদের যেতে হয় স্কুল-কলেজে।কপালীপাড়া গ্রামের বাসিন্দা শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী লিপিকা চক্রবর্তী বলেন, ‘একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না।’ অঞ্জনা কপালী বলেন, ‘সামান্য বৃষ্টি হলে জুতা হাতে নিয়ে কাপড় হাঁটু পর্যন্ত তুলে ওই রাস্তায় যেতে হয়।’ স্কুলছাত্রী শিপ্রা রাণী দেব বলেন, ‘রাস্তার এ অবস্থার কারণে স্কুল কামাই করতে হয়।’ সাবরেজিস্ট্রি অফিসের কর্মচারী দুলাল চক্রবর্তী বলেন, ‘গ্রামের অনেক মানুষ শ্রীমঙ্গল সদরে বিভিন্ন ব্যাংক ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। কাদাপানিতে নাকাল হয়ে কর্মস্থলে গিয়ে তাঁদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।’ আশীদ্রোণ ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিবুর রহমান জানান, সড়কটি সংস্কার করা যায়নি প্রয়োজনীয় বরাদ্দের অভাবে। আশীদ্রোণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ বলেন, ‘টিকরিয়া-কপালীপাড়া সংযোগ সড়কটি পাকা করার জন্য উপজেলা পরিষদে প্রস্তাব দেওয়া আছে। চেষ্টা-তদবির করছি।’