‘নিহত হওয়ার সময় লাদেন সশস্ত্র ছিলেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন অভিযানের সময় ওসামা বিন লাদেনের হাতে অস্ত্র ছিল না। তবে গুলিবিদ্ধ হওয়ার আগে তিনি প্রতিরোধ গড়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।লাদেন নিহত হওয়ার পর মার্কিন কর্মকর্তারা অভিযান সম্পর্কে দুই ধরনের তথ্য দিচ্ছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতি সাংবাদিকদের কাছে পড়ে শোনান। এতে মার্কিন কর্মকর্তাদের দেওয়া আগের তথ্যের বিপরীত চিত্র পাওয়া গেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে ছোট একটি মার্কিন দল লাদেনকে ধরতে বা হত্যা করতে ইসলামাবাদের অদূরে অভিযান চালায়। তারা লাদেনের আস্তানায় পৃথক দুইটি ভবনে তাঁরসহ তিনটি পরিবারের সন্ধান পায়। কমান্ডোরা একটি পরিবারের বাস করা ভবনে অভিযান চালায়। একই সঙ্গে কমান্ডোদের আরেকটি দল লাদেনের বাড়ির প্রথম তলায় প্রবেশ করে। সেখানে আরেকটি পরিবার বাস করে। এই তলায় মার্কিন বাহিনী একজন নারীসহ আল-কায়েদার দুজন বার্তা বাহককে হত্যা করে। কার্নি জানান, ওই নারী ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এর আগে বলা হয়েছিল, ওই নারী মানব-বর্ম তৈরি করেছিল। এরপর কমান্ডোরা দ্বিতীয় ও তৃতীয় তলায় লাদেন ও তাঁর পরিবারের সন্ধান পায়। কার্নি বলেন, ‘আমাদের উদ্বেগ ছিল লাদেন আটক অভিযানের বিরোধিতা করতে পারেন এবং প্রকৃতপক্ষে তিনি প্রতিরোধই করেছিলেন। লাদেনের স্ত্রী মার্কিন দলের দিকে তেড়ে আসে এবং পায়ে গুলিবিদ্ধ হয়। তবে তিনি নিহত হননি। এরপর লাদেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি সশস্ত্র ছিলেন না।’ তবে হোয়াইট হাউসের মুখপাত্র লাদেন কী ধরনের প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার বিস্তারিত বর্ণনা দিতে অস্বীকৃতি জানান। কার্নি বলেন, ‘প্রতিরোধ গড়ে তুলতে অস্ত্রের প্রয়োজন হয় না।’লাদেনকে আটকের পরিবর্তে কেন হত্যা করা হলো তা ব্যাখ্যা করতে মার্কিন কর্মকর্তারা তাঁর প্রতিরোধের ওপর জোর দিচ্ছেন। কার্নি বলেন, ‘আমরা বড় ধরনের প্রতিরোধের আশা করেছিলাম এবং তা-ই হয়েছে। কম্পাউন্ডে অনেক সশস্ত্র লোক ছিল।মার্কিন কর্মকর্তা অভিযানের পরপরই জানিয়েছিল, তাদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লাদেন নিহত হন।সিআইএ পরিচালক লিওন প্যানেটা গতকাল পিবিএসের ‘নিউজ আওয়ার’ অনুষ্ঠানে এক সাক্ষাত্কারে বলেন, অভিযানের সময় মার্কিন দল ও লাদেনের সঙ্গে কোন মৌখিক কথাবার্তা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা গত সোমবার জানিয়েছেন, লাদেনের আস্তানায় তাঁকে হত্যার উদ্দেশ্যেই অভিযান চালানো হয়েছিল।