‘নিহতের তালিকা’ দেশি বিদেশি ৫ প্রতিষ্ঠানকে দিয়েছে অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ‘নিহত ৬১ জনের’ তালিকা পাঁচটি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে দিয়েছে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার।গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিকার এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের বিশেষ ৎপোর্টিয়ার, যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং আইন ও সালিশ কেন্দ্রকে গতকাল এই তালিকা দেওয়া হয়েছে।তবে গত রাতে যোগাযোগ করা হলে আইন ও সালিশ কেন্দ্র প্রথম আলোকে বলেছে, তারা এ ধরনের কোনো তালিকা গত রাত নয়টা পর্যন্ত পায়নি। রোববার অফিস না খুললে এ ব্যাপারে তাদের পক্ষে কিছু বলা সম্ভব নয়।একইভাবে রাত সাড়ে ১০টায় যোগাযোগ করা হলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া অঞ্চলের গবেষক আব্বাস ফয়েজ প্রথম আলোকে বলেন, ‘অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাকে এ রকম একটি তালিকা পাঠানো হবে। অফিসে না থাকায় তালিকাটি পাঠানো হয়েছে কি না, তা বলতে পারছি না।’গত ১০ জুন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ও মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে অধিকার। তাতে ৬১ জন নিহত হওয়ার দাবি করা হলেও তাদের নাম-ঠিকানা বা বিস্তারিত কিছু জানানো হয়নি। এর এক মাস পর সরকারের তথ্য মন্ত্রণালয় ৬১ জনের নাম-ঠিকানাসহ বিস্তারিত জানাতে চেয়ে অধিকারকে চিঠি দেয়। কিন্তু অধিকার সরকারকে কোনো তথ্য না দিয়ে জানায়, একটি তদন্ত কমিশন গঠন করলে ওই কমিশনের কাছেই কেবল এই তথ্য দেওয়া হবে।তবে গতকাল রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অধিকার বলেছে, নিহত ব্যক্তিদের পরিবারগুলোর নিরাপত্তার স্বার্থে তারা এই তালিকা আন্তর্জাতিক ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দিয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার তদন্ত কমিশন না করে ১০ আগস্ট অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে গ্রেপ্তার করেছে। ১১ আগস্ট ডিবি পুলিশ অধিকারের দুটি ল্যাপটপ ও তিনটি সিপিইউ জব্দ করে। এর মধ্যে ওই ঘটনার বেশ কিছু মানুষের তথ্য ছিল। উদ্ভূত পরিস্থিতিতে অধিকার মনে করে, নিহত ব্যক্তিদের পরিবারগুলোর নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার সংগঠনগুলোকে তালিকা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। কারণ, ইতিমধ্যে ডিবি পুলিশ পরিবারগুলোর ওপর নজরদারি করতে শুরু করেছে বলে দাবি করে অধিকার।অধিকারের সভাপতি সি আর আবরার দেশের বাইরে আছেন। সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান কারাগারে। সংবাদ বিজ্ঞপ্তির ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করে অধিকারের দায়িত্বশীল কর্মকর্তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে কারও যোগাযোগের নম্বরও দেওয়া হয়নি।