‘নিয়ন্ত্রকদের ভুল আছে আমারও ভুল হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের চলমান অস্থিতিশীলতার ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং অর্থমন্ত্রীর নিজের কিছু ভুল ছিল।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই গতকাল শুক্রবার এ কথা সাংবাদিকদের বলেছেন।অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী বেভারলি জে ওড়ার সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।এ সময় শেয়ারবাজারে অস্থিরতার কারণ বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নিয়ন্ত্রকদের নিশ্চয়ই ভুল আছে, আমারও নিশ্চয় ভুল হয়েছে। অনেক সময় ঠিকমতো সিদ্ধান্ত হয়নি। আমরা এখন শনাক্ত করার চেষ্টা করছি যে কোথায় কোথায় ভুল করলাম।’ তিনি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমালোচনা করে বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে প্রশ্ন উঠেছে। তারা অনেক ফায়দা লুটেছে। কিন্তু এখন প্রায় অদৃশ্য হয়ে গেছে।শেয়ারবাজারের ওপর এখন আর কারও আস্থা নেই উল্লেখ করে অর্থমন্ত্রী মুহিত বলেন, ‘আস্থা নেই বলেই পাঁচ মিনিটে ৩০০-৬০০ পয়েন্ট কমে যায়।’ তিনি বলেন, আস্থা ফিরিয়ে আনতে মূল্যসূচকের ওপর সার্কিট ব্রেকার বেঁধে দেওয়া, মার্জিন ঋণে পরিবর্তন এবং এসইসিতেও কিছু পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু আস্থা সৃষ্টি করা যায়নি। এখন প্রধান কাজ হবে আস্থা সৃষ্টি করা। এটা করতে পারলেই শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরে আসতে পারে।অর্থমন্ত্রী জানান, কাল রোববার লেনদেন বন্ধ থাকবে। তিনি এদিন সকালে এসইসি ও পুঁজিবাজার-সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসবেন। শেয়ারবাজার সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনার কৌশল ঠিক করার জন্যই এ বৈঠক করা হবে। তিনি বলেন, ‘আমাদের এমন কিছু খুঁজে বের করতে হবে, যাতে আস্থা ফিরে আসে। আশা করছি, আগামী দু-তিন দিনের মধ্যে আমরা কিছু করতে পারব।’অর্থমন্ত্রী বলেন, ‘মার্কেটের সংশোধন হওয়া স্বাভাবিক। আমরাও চেয়েছিলাম হোক। কিন্তু ওই রকম ধপাস করে সংশোধন করাও ঠিক নয়। সংশোধন আস্তে আস্তে হওয়া উচিত।’সরকারি প্রতিষ্ঠানের শেয়ারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, অস্থিতিশীলতার কারণে সরকারি শেয়ারগুলো বাজারে আসছে না। এসব শেয়ার ছাড়ার জন্য বাজার স্থিতিশীল করতে হবে। তবে যেসব প্রতিষ্ঠান বাজারে আছে, সেসব প্রতিষ্ঠানের শেয়ার না ছাড়া দুঃখজনক।১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনার বিচার করতে চেয়েছিলেন বলে দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘একটা মোকদ্দমা করতে গেলে তো সাক্ষীর প্রয়োজন। কিন্তু কেউ সাক্ষ্য দিতে রাজি নয়। এ কারণে আর পারসু করা যাচ্ছে না।’