খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচার ও অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী এর প্রতিকার দাবি করেছেন।অভিযোগের বিষয় জানতে সরেজমিনে গত ৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কেন্দ্রের পেছনে আবাসিক ভবনে খোঁজ নিলে মধ্যবয়সী আয়া দীপ্তি রানী বিশ্বাস বের হয়ে বলেন, ‘আপনারা কী চান?’ পরিচয় দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তারা কোথায় জানতে চাইলে তিনি বলেন, ‘বড় আপা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিনতি মিস্ত্রি ও পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা ইয়াসমিন খুলনা থেকে আসেন বলে দেরি হয়। আজ এখনো আসেননি। আর পাঁচজন পরিবার কল্যাণ সহকারী মাসিক মিটিংয়ের দিন আসে।’ কেন্দ্রের সামনে ঘন বন-জঙ্গল ও ভেতরে ভুতুড়ে পরিবেশ দেখে, এখানে কোনো রোগী আসে কি না জানতে চাইলে আয়া বলেন, আসে। বেলা সাড়ে ১১টায় খুলনা থেকে পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা ইয়াসমিন কেন্দ্রে পৌঁছে বলেন, সাড়ে আটটায় অফিস সময় হলেও খুলনা থেকে আসতে দেরি হয়। আর উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিনতি মিস্ত্রি গতকাল ছুটির দরখাস্ত দিয়ে গেছেন। রোগী নেই অথচ ওষুধ দেন কাদের? জানতে চাইলে তিনি বলেন, মাসে এক কিট (বক্স) ওষুধ এলেও কিছু কম পড়ে যায়। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মেম্বর দেবদাস হালদার সেখানে উপস্থিত হয়ে বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে এই কেন্দ্রটি একেবারেই অরক্ষিত। নিয়মকানুন বলতে কিছুই নেই। এসব অনিয়মের বিরুদ্ধে আমরা এলাকার মানুষ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।’ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মিনতি মিস্ত্রি বলেন, ‘যানবাহনের সমস্যার কারণে পৌঁছাতে দেরি হয়। তবে নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে থাকি এবং রোগীরা ওষুধও পেয়ে থাকে। বাসার অবস্থা বসবাস অনুপযোগী হওয়ায় কর্মস্থলে থাকা সম্ভব হয় না। আর গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাবও দিয়েছি।’ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এ বি এম দ্বীন মোহাম্মদ বলেন, ‘এলাকাবাসীর অভিযোগ পেয়ে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নির্দেশ দিই। তারা ইতিমধ্যে জবাবও দাখিল করেছে। আগামী বোর্ড মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’