‘নীরবেই কাজটা করে যাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান শ্যুটিং কনফেডারেশনের কোচ হিসেবে বাংলাদেশে এসেছেন সি লাইসেন্স রাইফেল কোচেস কোর্স পরিচালনা করতে। কোর্সের বাইরেও শ্যুটিং নিয়ে অনেক কথাই বললেন স্লোভাকিয়ান শ্যুটিং কোচ অ্যানথন বালাক বাংলাদেশে এই প্রথম এলেন। কেমন লাগছে?অ্যানথন বালাক: খুব ভালো সময় কাটছে। কালই (আজ) চলে যাব। নতুন একটা দেশ সম্পর্কে জানতে পারলাম। কোচিং নিয়ে আমার যতটুকু জ্ঞান আছে, তা এখানে সবার মধ্যে ভাগাভাগি করলাম। সত্যি বলতে এই অভিজ্ঞতা ভোলার নয়। ৭টি দেশের ৩৮ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নিয়েছেন। কেমন সাড়া পেলেন?বালাক: খুব ভালো। সবার মধ্যেই জানার-শেখার প্রবল আগ্রহ দেখেছি। এটা ভালো দিক। শিক্ষার্থীদের আগ্রহ না থাকলে তাঁদের কীভাবে শেখাবেন? শ্যুটিং জটিল অঙ্কের খেলা। কোচের ভূমিকা কতটুকু?বালাক: শ্যুটার পারফর্ম করে, তবে তাকে তৈরি করার সব দায়িত্বই কোচের। শ্যুটিং কোচ হওয়ার জন্য কী ধরনের গুণ থাকা দরকার?বালাক: খেলাটা আগে বুঝতে হবে কোচকে। টেকনিক্যাল দিকটাই আসল। খুঁটিনাটি বিষয়গুলোও খুব গুরুত্বপূর্ণ। শ্যুটারের ফিটনেস, স্কিল, পাওয়ার—এসব বাড়ানোর ক্ষমতাও থাকতে হবে কোচের। আপনি এখন কোথায় কাজ করছেন?বালাক: এখন আমি স্লোভাকিয়ার জাতীয় দলের কোচ। সুইজারল্যান্ডের জাতীয় দলকে কোচিং করিয়েছি। ২০ বছর ধরে পেশাদার কোচিংয়ে আছি। নিজেও শ্যুটার ছিলাম। স্লোভাকিয়ার জুনিয়র পর্যায়ে চ্যাম্পিয়ন ছিলাম। পরে খেলা ছেড়ে দিয়ে কোচিংয়ে এসেছি। নিশ্চয়ই আপনার অনেক বড় সাফল্য আছে?বালাক: আমার শ্যুটাররা ৮ বার বিশ্ব শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১১-১২ বার। অলিম্পিকে আমার শ্যুটারদের সর্বোচ্চ অর্জন তিনটি পদক। যদিও সোনা নেই। তিনবার আমার শ্যুটাররা ভোটে বর্ষসেরা হয়েছে। দুবার স্লোভাকিয়া, একবার সুইজারল্যান্ড। শ্যুটিং একটা মানসিক খেলা। নিশ্চয়ই একজন ফুটবলারের মতো নয়। তাহলে একজন ফুটবল কোচের সঙ্গে শ্যুটিং কোচের পার্থক্য কী?বালাক: ফুটবল কোচ টিম নিয়েই বেশি ভাবেন। ফুটবলারদের নিয়ে আলাদাভাবে সারাক্ষণ তাঁকে হয়তো কাজ করতে হয় না। কিন্তু শ্যুটিং কোচ শ্যুটারের সমস্যা বের করে সেটা নিয়েই মূলত কাজ করেন। শ্যুটিং কোচদের তো তেমন নামডাক নেই। খারাপ লাগে না?বালাক: কখনো কখনো লাগে। তবে ওসব নিয়ে ভাবি না। নীরবেই কাজটা করে যাই। কাজটা কি খুব কঠিন?বালাক: অনেক কঠিন। আপনাকে শ্যুটারের ভালো-মন্দ সবকিছু নখদর্পণে রাখতে হবে। সমস্যা হচ্ছে, শ্যুটিং নিয়ে তেমন বইপুস্তক নেই। কাজেই নিজের উদ্ভাবনী ক্ষমতা দিয়ে অনেক কিছু করতে হয়। আপনার কাছে কোনো তথ্য না থাকলে কীভাবে কাজ করবেন? শ্যুটারদের ব্যক্তিগত কোচ থাকা কতটা জরুরি বলে মনে করেন?বালাক: খুবই জরুরি। একটা পর্যায় পর্যন্ত ব্যক্তিগত কোচ না হলেও চলে। তবে বড় আসরে ভালো করার জন্য এর বিকল্প নেই।  বাংলাদেশের শ্যুটারদের ধারাবাহিকতার খুব অভাব দেখা যাচ্ছে। এর কারণ কী মনে হয় আপনার কাছে?বালাক: কঠিন প্রশ্ন। অনেক কারণ থাকতে পারে। মানসিক, শারীরিক এবং পরিবেশের ওপর নির্ভর করে অনেক কিছু। সমাধান চাইলে শ্যুটারকে নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে। এ জন্য তো খুব ভালো একজন কোচ চাই। বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন চাইলে ভবিষ্যতে আপনি সহযোগিতা করবেন? বালাক: প্রতিশ্রুতি দিতে পারব না। সবকিছুই নির্ভর করছে স্লোভাকিয়ায় আমার কাজের ওপর। এখানে এসে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে বাংলাদেশ শ্যুটিং ফেডারেশন তাদের শ্যুটারদের স্লোভাকিয়ায় পাঠালে আমি তাদের নিয়ে কাজ করতে পারি। তবে এটা আগামী জুনের আগে নয়।