‘নীরব’ এলাকাই চিহ্নিত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল ছুটির পর শিক্ষার্থীরা যে-ই না বের হলো, ফটকের সামনে বিকট শব্দে বেজে উঠল গাড়ির হর্ন। ছোট শিশুরা কচি হাতে ঢেকে আছে কান—এ দৃশ্য নগরে অপরিচিত নয় মোটেও। বিকট শব্দে কচি শিক্ষার্থীদের কানের বারোটা বাজলেও গাড়িওয়ালার তাতে কোনো বিকার নেই। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানোর কোনো অধিকারই তাদের নেই। অধিকার নেই বললে ভুল হবে, রীতিমতো আইনবিরুদ্ধ কাজ এটি। কারণ, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানসমৃদ্ধ ‘নীরব’ এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ।শুধু রাস্তাঘাটেই নয়, বসতবাড়ির সামনেও সইতে হয় গাড়ির হর্নের অত্যাচার। কিন্তু নগরের যে পাড়া-মহল্লাতে মানুষ বসবাস করে সেটা যে ‘আবাসিক’ এলাকা—তা কে বলবে শব্দদূষণ সৃষ্টিকারীদের? বাংলাদেশ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬-এর ৪ নম্বর বিধিতে স্পষ্টাক্ষরে উল্লেখ করা রয়েছে এলাকা চিহ্নিতকরণের কথা। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের নিজ নিজ এলাকার মধ্যে আবাসিক, বাণিজ্যিক, মিশ্র, শিল্প বা নীরব এলাকাগুলো চিহ্নিত করার কথা। এলাকা চিহ্নিত করা ছাড়াও ‘স্ট্যান্ডার্ড’ সংকেত বা সাইনবোর্ড স্থাপন ও সংরক্ষণের কাজও এদের। এলাকা চিহ্নিত করা জরুরি এ কারণে যে, একেক এলাকার জন্য নির্ধারিত শব্দের মানমাত্রা একেক রকম। আবাসিক এলাকার শব্দের ধরন আর শিল্প এলাকার শব্দের তীব্রতা এক নয়। অনাকাঙ্ক্ষিত শব্দের যন্ত্রণা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য শব্দদূষণ বিধিমালায় নির্ধারিত রয়েছে কোন এলাকার শব্দের মানমাত্রা কত হবে। নীরব এলাকা অর্থাত্ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং এর চারদিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাতে শব্দের সর্বোচ্চ মানমাত্রা ৫০ ডেসিবল। আবার যেসব এলাকায় একাধিক শিল্প ও কলকারখানা আছে সেখানে শব্দের মানমাত্রা ৭০ ডেসিবল। শুধু তা-ই নয়, রাত-দিনভেদে এই মানমাত্রাও পরিবর্তিত হয়। যেমন—আবাসিক এলাকায় দিনের বেলা (ভোর ছয়টা থেকে রাত নয়টা) ৫৫ ডেসিবল মাত্রায় শব্দ করা গেলেও রাতে (রাত নয়টা থেকে ভোর ছয়টা) ৪৫ ডেসিবল অতিক্রম করলেই জরিমানা। শব্দদূষণ বিধিমালায় বর্ণিত এলাকাগুলো চিহ্নিত করার কাজ কত দূর এগোলো তা জানতে যোগাযোগ করা হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ঢাকা সিটি করপোরেশনে। রাজউকের নগর পরিকল্পনা বিভাগের পরিচালক মোহাম্মদ জহুরুল হক জানান, রাজউক মূলত নগরের ইমারত ও স্থাপনা নিয়ে কাজ করে। কিন্তু শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য এলাকাগুলো চিহ্নিত করার কাজ তাঁদের এখতিয়ারে নয় বলে দাবি করেন তিনি। একই সুর ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামের কথায়। তিনি বলেন, ‘এলাকা চিহ্নিতকরণের দায়িত্ব আমাদের নয়। ভবন নির্মাণের অনুমতি দেয় রাজউক, ভবনটি কয়তলা হবে সেই নকশার অনুমোদনও দেয় তারা, তারাই নির্ধারণ করবে কোন এলাকাটা “নীরব” আর কোনটা “মিশ্র”।’ একে অপরের প্রতি দায়িত্ব চাপিয়ে এখন পর্যন্ত শব্দের তীব্রতার মাত্রার ওপর ভিত্তি করে ঢাকা মহানগরের কোনো এলাকাকেই চিহ্নিতই করেনি দুই কর্তৃপক্ষ। এলাকা চিহ্নিত না করায় এই বিধিমালা কার্যকর করার প্রথম ধাপই অসমাপ্ত থেকে গেছে।